'জাতীয় দলে ঢোকার তাড়াহুড়ো নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ ও ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এক ম্যাচে এই বাঁহাতি ব্যাটসম্যান করেছিলেন ১৩৫ বলে ২০৯ রান। খুলনার প্রস্তুতি ম্যাচে কাল দারুণ এক সেঞ্চুরি করলেন সৌম্য সরকার। সাতক্ষীরার ২০ বছর বয়সী তরুণ শোনালেন তাঁর উঠে আসার গল্প আর এগিয়ে যাওয়ার স্বপ্ন

সৌম্য সরকার
সৌম্য সরকার

l দারুণ সব ড্রাইভ খেললেন ইনিংসজুড়েই...
সৌম্য সরকার: উইকেট ভালো ছিল, বল ব্যাটে এসেছে। আর আমি নিজের মতোই খেলেছি।
l ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁলেন, স্নায়ুর চাপ নেই তাহলে!
সৌম্য: পরিকল্পনা করে মারিনি। বলটা মারার জায়গায় ছিল, বাইরে ফিল্ডারও ছিল না।
l এমনিতে ওপেনিং বা তিনে ব্যাট করেন, সাতে নেমেও তো দারুণ খেললেন...
সৌম্য: মিডল অর্ডারে খুব বেশি সমস্যা হয় না আমার। মানসিকভাবে স্রেফ একটু মানিয়ে নিতে হয়। তবে টপ অর্ডারই আমার পছন্দ, ছোট থেকে ওখানেই খেলতে অভ্যস্ত।
l সেঞ্চুরিটা এলও তো দারুণ সময়ে, দেশের পুরো ক্রিকেটাঙ্গনের দৃষ্টি এই ম্যাচে...
সৌম্য: সত্যি বলতে, এই ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য একটা পাওয়া। ২৪ জনের মধ্যে নির্বাচকেরা আমাকে রেখেছেন মানে আমাকে নিয়ে ভাবছেন তাঁরা। ভালো করতে পেরে তাই খুব ভালো লাগছে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচকেরা ছিলেন, সবার সামনে নিজের ব্যাটিংটা দেখাতে পেরেছি। এ জন্যই সবচেয়ে ভালো লাগছে।

l আপনার বোলিংটাও তো খারাপ নয়, বয়সভিত্তিক পর্যায়ে বোলিং ওপেনও করেছেন। পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ওঠার লক্ষ্য আছে?

সৌম্য: পরিপূর্ণ জানি না, তবে নিজেকে অলরাউন্ডারই মনে করি। বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডার খুব বেশি নেই। ভালো করতে পারলে তাই সবার দৃষ্টি কাড়া যাবে। আর অলরাউন্ডারদের জন্য সুযোগটাও সব সময় বেশি থাকে। ব্যাটিংয়ে ব্যর্থ হলে বোলিং দিয়ে পুষিয়ে দেওয়া যায়।

l আপনার বেড়ে ওঠার গল্প বলুন, ক্রিকেটে এলেন কীভাবে?

সৌম্য: ছোটবেলা থেকেই আমি ক্রিকেট-পাগল। একটু বড় হওয়ার পর বাড়ি পালিয়ে ক্রিকেট খেলতাম। সবাই বারবার মানা করেও যখন কাজ হচ্ছিল না, তখন সবাই বলল তুমি ক্রিকেটই খেল। সাতক্ষীরা থেকে খুলনা অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে খেললাম। এরপর মেজো ভাই বিকেএসপিতে ভর্তি করিয়ে দিলেন, ২০০৬ সালের ১৫ মে। এই তো...। জাতীয় পর্যায়ে প্রথম খেলেছি অনূর্ধ্ব-১৭ দলে, ভারত সফরে গিয়েছিলাম। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললাম দুবার।

l লক্ষ্য বা ভবিষ্যৎ স্বপ্ন?

সৌম্য: লক্ষ্য দেশের হয়ে খেলা, দেশকে কিছু দেওয়া। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। তবে জাতীয় দলে ঢোকার তাড়া নেই আমার, তাড়াহুড়ো করতে চাই না। সুযোগ এলে ভালো করার চেষ্টা করব, এর আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে আরও পরিণত করতে চাই।

l আদর্শ কেউ আছে?

সৌম্য: দেশে সাকিব ভাই, মাশরাফি ভাই। ব্রায়ান লারা সব সময়ের প্রিয়, যুবরাজ সিংকেও খুব ভালো লাগে।