'জাতীয় দলের মেসি অন্য মেসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লাবের জার্সিতে উজ্জ্বল, জাতীয় দলের হয়ে নিষপ্রভ’—এই অপবাদ কম শুনতে হয়নি লিওনেল মেসিকে। গত এক বছরে অবশ্য সেটি অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল। এবার পুরোনো কথাটা এমন একজন বললেন, যে কারণে এটি আবার আলোচনায়। পেলে যখন বলেন, ‘জাতীয় দল ও ক্লাবের মেসি এক নয়’, তখন কথাটা বাড়তি গুরুত্ব পেয়ে যায় বৈকি!
বিশ্বকাপে নিজের দেশ ব্রাজিল ছাড়াও পেলের ফেবারিটের তালিকায় আছে জার্মানি, স্পেন, ইতালি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার নাম নেই, কেন? ওই দলে তো মেসির মতো মহাতারকা আছেন। অনেকেরই তো বিশ্বাস, মেসি বিশ্বকাপ জেতাতে পারেন আর্জেন্টিনাকে। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘যখন মেসিকে বার্সেলোনার হয়ে খেলতে দেখেন, তখন সে এক মেসি। কিন্তু যখন ওকে আর্জেন্টিনার হয়ে খেলতে হবে, তখন সে অন্য মেসি।’
কারণটাও খুঁজে বের করেছেন পেলে, ‘বার্সেলোনায় জাভি ও ইনিয়েস্তার মতো দুই বা তিনজন অসাধারণ খেলোয়াড় সব সময় ওর পাশে থাকে। কিন্তু আর্জেন্টিনায় ওর কাজটা অনেক কঠিন। সেখানে সবার সঙ্গে মেসির সমঝোতাটা সেভাবে গড়ে ওঠেনি। তখন সে পুরোপুরিই অন্য এক মেসি।’”
মজার ব্যাপার, গত দুই বছরে আর্জেন্টিনার হয়ে ১৬ ম্যাচে মেসির গোল ১৮টি। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। পরিসংখ্যান অন্তত পেলের কথাকে সমর্থন দিচ্ছে না এখন।
সে যাই হোক, বিশ্বকাপের আর বাকি তিন মাস। অথচ এখনো ভেন্যু ও অবকাঠামো নিয়ে শঙ্কা কাটেনি। বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে ব্রাজিল তৈরি তো? পেলে আশাবাদীই হতে চাইছেন, ‘এটা অসাধারণ এক সুযোগ। ব্রাজিলের জন্য এটা হবে দারুণ কিছু। আমার মনে হয়, কনফেডারেশনস কাপের পর সরকার বিশ্বকাপ আয়োজনে আরও বেশি সংগঠিত হয়েছে। আশা করি দুর্দান্ত একটি বিশ্বকাপ আমরা দেখতে যাচ্ছি।’
কিন্তু বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা ব্রাজিলের ভেতরে অনেকেই করছেন। বিরোধিতাকারীদের প্রতি পেলের অনুরোধ, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আন্দোলনকারীরা দেশের কোনো ক্ষতি যেন না করে।’ ওয়েবসাইট।