জাতীয় লিগে এর আগেও ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। কিন্তু কাল চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ৭ উইকেট নিয়ে খুলনাকে একাই ধসিয়ে দিলেন ঢাকার পেসার তালহা জুবায়ের। নিজের সেরা সাফল্যটা টেনে নিয়ে যেতে চান লিগের শেষ পর্যন্ত। ফিরতে চান জাতীয় দলে। এসব নিয়েই কথা বললেন কাল ডানহাতি পেসার প্রথম ইনিংসে ৪ উইকেট। পরের ইনিংসে ৭টি। এ বছর এর চেয়ে ভালো শুরুর আশা আর কী করতে পারতেন?তালহা জুবায়ের: ঠিকই বলেছেন। আল্লাহকে ধন্যবাদ যে শুরুটা দারুণ হয়েছে। এমন দুর্দান্ত বোলিংয়ের রহস্য কী?তালহা: রহস্যের কিছু নেই। উইকেটের সাপোর্ট ছিল, ভালো জায়গায় বল করেছি। সব মিলিয়ে উইকেট পেয়ে গেছি। লিগ শেষে নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান?তালহা: আমি এবারের জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট পেতে চাই। এটাই কি জাতীয় লিগে আপনার সেরা বোলিং?তালহা: হ্যাঁ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটাই আমার সেরা বোলিং। এর আগের সর্বোচ্চ কত উইকেট পেয়েছিলেন এক ইনিংসে?তালহা: এর আগে বেশ কয়েকবার ৫টি করে উইকেট পেয়েছি। তবে সেটা কতবার, সঠিক মনে নেই। এই ম্যাচে ঢাকার জয়ের সম্ভাবনা কেমন?তালহা: আমাদের ব্যাটিং লাইনআপ যেহেতু অনেক লম্বা, তাই আমরা জয়ই দেখছি। আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের নামের প্রতি সুবিচার করে খেলে তাহলে আমরাই জিতব। বাংলাদেশের একসময়ের বোলিং কোচ অ্যান্ডি রবার্টস আপনার মধ্যে অনেক সম্ভাবনা দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে তো নিয়মিত হতে পারলেন না...তালহা: আমার দুর্ভাগ্যই বলতে পারেন এটা। উনি আমার বেশ প্রশংসা করতেন। কিন্তু আমি তো ইনজুরির কারণে গত কয়েক বছর ঠিকমতো খেলতেই পারিনি। সে রকমভাবে বোলিংও করতে পারিনি। এখন অবশ্য ভালোই বোলিং করছি। আমার পিঠে ইনজুরি ছিল। এখন সেটা কাটিয়ে উঠেছি। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন নিশ্চয়ই?তালহা: সেটা তো সব সময়ই দেখি। আর জাতীয় দলে খেলার ইচ্ছা কার না থাকে, বলুন? ভারতের বিপক্ষে চট্টগ্রামে শেষ টেস্ট খেলেছিলেন, সেখানেই আরেকটি টেস্ট শুরু হচ্ছে এক দিন পর। নিশ্চয়ই মন খুব খারাপ? তালহা: মন খারাপ, ঠিক এভাবে বলব না কথাটা। তবে যারা ডাক পেয়েছে তারা নিশ্চয়ই দলে সুযোগ পাওয়াটা ডিজার্ভ করে। আর জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই, ওটা পুরোপুরি নির্বাচকদের ব্যাপার। সদ্যসমাপ্ত তিন জাতি সিরিজে বাংলাদেশের পেসাররা তেমন সাফল্য পেলেন না। আপনার কী মনে হয়?তালহা: ওরা সফল না সেটা বলব না। কারণ খেলা হয়েছে ডে-নাইট। এখানে রাতে বল করার ব্যাপারটা কাজ করেছে। বোলাররা তো রাতে শিশিরের কারণে ঠিকমতো বলই গ্রিপ করতে পারেনি। তা ছাড়া প্রতিপক্ষ কারা সেটাও দেখুন—ভারত ও শ্রীলঙ্কা। ওদের সবাই খুব ভালো ফর্মে আছে। সব মিলিয়ে আমাদের পেস বোলাররা খারাপ করেছে বলব না। আপনি নাকি রাজশাহীতে বরাবরই ভালো খেলেন? ব্যাপারটা কী বলুন তো?তালহা: সত্যি বলতে কি, রাজশাহীতে সব সময়ই উইকেট ভালো হয়। স্পোর্টিং উইকেট হয়। এখানে বোলারদের জন্য কিছু থাকে। এখানে বোলিং করে মজা পাই।