'জাদুকর' সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু লুইস সুয়ারেজের এমন উদ্যাপন তিনবার দেখেছে অ্যানফিল্ড। ওয়েস্ট ব্রমের বিপক্ষে এই গোলটা অবশ্য ছিল লিভারপুল স্ট্রাইকারের দ্বিতীয় ষ রয়টার্স
পরশু লুইস সুয়ারেজের এমন উদ্যাপন তিনবার দেখেছে অ্যানফিল্ড। ওয়েস্ট ব্রমের বিপক্ষে এই গোলটা অবশ্য ছিল লিভারপুল স্ট্রাইকারের দ্বিতীয় ষ রয়টার্স

লিভারপুলের মালিক জন হেনরি পুরোনো যুগের মানুষ। টুইটার ব্যবহার করেন খুব কম। সেই হেনরিই পরশু টুইট করলেন, ‘লুইস। ম্যাজিশিয়ান!’ পরশু ‘জাদুকর’ লুইস সুয়ারেজ আসলেই মুগ্ধ করার মতো খেলেছেন। ওয়েস্ট ব্রমের সঙ্গে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে যেন সরবে ঘোষণা করেছেন, এসে গেছে সেই আগের সুয়ারেজ।

বিতর্কের সঙ্গে অনেক আগে থেকেই তাঁর মিতালি। ডাইভিং, বর্ণবাদী আচরণের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। সর্বশেষ গত মার্চে প্রতিপক্ষ চেলসির ডিফেন্ডার ইভানোভিচের হাত কামড়ে দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচের জন্য।

কিন্তু যেখানে শেষ করেছিলেন, মাঠে ফিরে সেখান থেকেই আবার শুরু করলেন সুয়ারেজ। নিষেধাজ্ঞা পাওয়ার ম্যাচে চেলসির সঙ্গে গোল করেছিলেন। প্রত্যাবর্তন ম্যাচেই করলেন জোড়া গোল। কিন্তু নিজের জাতটা ভালোমতো চেনালেন পরশু।

হ্যাটট্রিক করলেন দুর্দান্ত তিনটি গোলে। ‘সুয়ারেজীয়’ দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের হতভম্ব করে পেলেন প্রথম গোল। ১৮ গজ দূর থেকে বুলেট হেডে দ্বিতীয়টা। এরপর আবার সেই হেড থেকে পূর্ণ হলো হ্যাটট্রিক। পোস্ট ও গোলরক্ষক বাধা না হয়ে দাঁড়ালে সংখ্যাটা অনায়াসেই পাঁচ হতে পারত। মাত্র চার ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগের এখন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ (৬)।

ম্যাচ শেষে কোচ ব্রেন্ডন রজার্সের প্রশংসাও আর তৃপ্তি দেবে সুয়ারেজকে, ‘অ্যানফিল্ডে এটাই ছিল তার প্রথম হ্যাটট্রিক। আপনারা তো দলের প্রতি ওর দায়বদ্ধতা দেখলেনই। সে আসলেই অক্লান্ত পরিশ্রম করছে।’

ড্যানিয়েল স্টারিজের কথাও ভুলে গেলে চলবে না। লিগে সবচেয়ে বেশি গোল এই ইংলিশ স্ট্রাইকারের (৯)। পরশুও চিপে করেছেন স্মরণীয় একটি গোল। সুয়ারেজের সঙ্গে যে ১১টি ম্যাচে শুরু থেকে খেলেছেন, তাতে দুজন মিলে গোল পেয়েছেন ১৭টি! সুয়ারেজ-স্টারিজকে বিশ্বের অন্যতম ভয়ংকর জুটি এখন বলাই যায়! ‘যখন আপনি এমন দুজনকে সামনে পাবেন এবং তারা যখন এমন খেলবে, সেটা আসলেই দুর্দান্ত’—রজার্স অকৃপণ এই জুটির প্রশংসায়।

অঁরি-বার্গক্যাম্পের সেই জোড়া হন্তারকের স্মৃতি কি আবার ফিরিয়ে আনবেন সুয়ারেজ-স্টারিজ? এএফপি।