
কেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে পারল না বাংলাদেশ দল? রানরেটের হিসাবে, নাকি শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বলে? প্রশ্নটার সঠিক উত্তর জানা নেই বাংলাদেশ যুবদলের অধিনায়ক মেহেদী হাসানেরও
এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে পারলেন না। খুব হতাশ?
মেহেদী হাসান: আমরা কল্পনাও করতে পারিনি, সেমিফাইনালে উঠব না। সে জন্য সবারই মন খারাপ। শেষ ম্যাচে আমরা যে রকম হেরেছি, মালয়েশিয়ার বিপক্ষেও আফগানিস্তান ৩-৪ ওভারে ম্যাচ জিতে গেছে। সে জন্যই আমাদের আর কোনো সম্ভাবনা থাকেনি।
মালয়েশিয়া-আফগানিস্তানের ম্যাচের সঙ্গে আপনাদের সেমিফাইনালে ওঠার কি সম্পর্ক ছিল?
মেহেদী: আমি নিশ্চিত করে বলতে পারব না। আসলে আমরা জানতাম সেমিফাইনালে উঠে গেছি আমরা। সঙ্গে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে একটা দল উঠবে। পরে শুনলাম আমরাই বাদ! শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও যদি ২৪৩ রান করতে পারতাম, তাহলেও হয়তো আমাদের সম্ভাবনা ছিল। তবে এটা আগে আমাদের কেউ বলেনি।
কিন্তু কোচ রিচার্ড ম্যাকিন্স তো ঢাকায় ফিরে বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া আর কোনো সমীকরণেই সেমিফাইনালে যাওয়ার উপায় ছিল না আপনাদের...
মেহেদী: আমি আসলে ঠিক বলতে পারব না। ব্যাপারটা পরিষ্কার নয় আমার কাছে। এটা নিয়ে তাঁর সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি। তবে শুনেছি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আরও ৩০-৪০ রান বেশি করতে পারলে আমাদের সম্ভাবনা থাকত।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে কোচ আপনাদের কী বলেছিলেন?
মেহেদী: বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের জিততেই হবে। নয়তো সেমিফাইনালে উঠতে পারব না।
বয়সভিত্তিক পর্যায়ে তো শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ বরাবরই ভালো দল। হারলেন কেন?
মেহেদী: আমরা রান অনেক কম করেছি। প্রথম দিকে দ্রুত উইকেট পড়ে গেছে। ওই সময় উইকেট ব্যাটিং-সহায়ক ছিল না। বল স্কিড করছিল, মুভ করছিল। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় সেটা হয়নি। উইকেট তখন অনেক সাহায্য করেছে ব্যাটসম্যানদের। তার পরও ২ উইকেট পড়ার পর দ্রুত তারা ৩-৪টা উইকেট হারিয়ে ফেলেছিল। এই বিপর্যয়টা আরেকটু আগে হলে আমাদের জন্য ভালো হতো।
টুর্নামেন্টের অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কি পার্থক্য দেখলেন?
মেহেদী: আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। কিন্তু বেশির ভাগই এখনো পরিণত নয়। এখানেই সমস্যা।
আপনার দৃষ্টিতে ব্যর্থতার মূল কারণ কি এটাই?
মেহেদী: ব্যাটসম্যানদের ভুলের কথাই বেশি বলব আমি। মালয়েশিয়ার বিপক্ষে জিততে আমরা ১০ ওভার লাগিয়েছি, ওভারটা আরও কম খরচ হলে ভালো হতো। আফগানিস্তানের বিপক্ষেও অনেক কম রান করেছি। কেউই বড় রানের ইনিংস খেলতে পারিনি। শুধু শান্ত (নাজমুল হোসেন) দুটি ফিফটি করেছে। অন্যান্য দলের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করেছে। আমাদের কেউ সেটা পারেনি।
সামনে তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে কোথায় কোথায় বেশি কাজ করতে হবে বলে মনে হয়?
মেহেদী: ব্যাটিং নিয়েই বেশি কাজ করতে হবে। ব্যাটিংয়ের সমস্যা দূর করতে পারলে আমার মনে হয় না কোনো দল আমাদের সঙ্গে পারবে। কারণ আমাদের বোলিং লাইনআপ খুবই ভালো।