'জানালা ভাঙা নিষেধ!'

দুরু দুরু বুক নিয়েই হয়তো খেলা শুরু করেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। কারণ, আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, ‘জানালা ভাঙা নিষেধ।’ ভেন্যুটা তো আর কোনো সাধারণ মাঠ নয়। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস! এখানে খেলার অনুমতি দেওয়ার পর তো এইটুকু আদেশ জারি করতেই পারেন ইংল্যান্ডের রানি এলিজাবেথ।
যদিও কাচ ভাঙার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বাকিংহাম প্যালেসে আয়োজিত প্রথম ফুটবল ম্যাচটিতে। ইংল্যান্ডের দুই আদি ক্লাব সিভিল সার্ভিস এফসি ও পলিটেকনিক এফসির মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে বেশ ভালোভাবেই উদযাপিত হয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গঠনের ১৫০তম বার্ষিকী।
বাকিংহাম প্যালেসের ৩০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোনো ফুটবল ম্যাচ। প্রধান উদ্যোক্তা ছিলেন প্রিন্স উইলিয়াম, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন এফএর প্রেসিডেন্ট হিসেবে। তবে রাজপ্রাসাদের পেছনের খোলা জায়গাতে ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও জোরে শট মেরে কাচ ভাঙার ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছিলেন উইলিয়াম। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের উদ্দেশে মজা করে বলেছিলেন, ‘আজ আমরা খেলতে যাচ্ছি আমার নানির বাগানে। শুরুর আগে একটাই সতর্কবার্তা—কেউ যদি জানালা ভেঙে ফেলেন, তাহলে সেটার জবাব তাঁর কাছেই দিতে হবে।’
জানালার কাচ ভাঙার দায়ে অবশ্য শেষ পর্যন্ত কাউকে দাঁড়াতে হয়নি ইংল্যান্ডের রানির সামনে। বেশ জমজমাট একটি ফুটবল ম্যাচই উপভোগ করেছেন সেখানে উপস্থিত ৭৫০ জন দর্শক। সিভিল সার্ভিসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পলিটেকনিক। ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব।
সিভিল সার্ভিস আর পলিটেকনিক এফসিই বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে আদি দুই ক্লাব। ১৮৬৩ সালে ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের সময় প্রথম ১১টি ক্লাবের মধ্যে একটি ছিল সিভিল সার্ভিস। বাকি দলগুলোর কোনোটিরই এখন আর কোনো অস্তিত্ব নেই। পলিটেকনিক এফসি যাত্রা শুরু করেছিল ১৮৭৫ সালে।