‘জার্মানি বড় আসরের দল’
তা রা র ক থা মেসুত ওজিল জার্মানি নিজের দেশে গত বিশ্বকাপে তিনি ছিলেন দর্শক। তবে অনূর্ধ্ব-১৭ দলে ভালো খেলে জানান দিচ্ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের আবির্ভাবের কথা। সদ্য শেষ হওয়া মৌসুমে ওয়ার্ডার ব্রেমেনের হয়ে দুর্দান্ত খেলে জায়গা পেয়েছেন জোয়াকিম লোর বিশ্বকাপ দলে। জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল জানাচ্ছেন তাঁর বিশ্বকাপ-ভাবনাবিশ্বকাপ নিয়ে কথা বলাটাও দারুণ রোমাঞ্চকর ব্যাপার। একজন ফুটবলারের জন্য এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। একই সঙ্গে মনে রাখা ভালো, সমর্থকদের জন্যও সবচেয়ে বড় টুর্নামেন্ট এটাই। খুব বেশি খেলোয়াড়ের বিশ্বকাপে খেলার সুযোগ হয় না। তাই এখানে অংশ নেওয়াটা একটা বড় সম্মানের ব্যাপার। আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোভাবে জানার অপেক্ষায় আছি। বিশ্বের সেরা দলগুলো এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলার আশায় আছি। জার্মানিকে সব সময় ‘বড় আসরের দল’ বলে মনে করা হয়। আমরা আরেকবার এই পরিচিতিটার সত্যতা প্রমাণ করতে চাই। আমাদের গ্রুপের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সার্বিয়া ও ঘানার প্রতি আমাদের দারুণ শ্রদ্ধা আছে। আমাদের প্রথম লক্ষ্য, অবশ্যই দ্বিতীয় রাউন্ডে ওঠা। এর পর অবশ্যই আমাদের স্বপ্ন হবে বিশ্বকাপ জেতা। কিন্তু কাজটা সহজ হবে না।আরও অনেক ফেবারিট আছে বিশ্বকাপে। স্পেন তো আছেই; আছে ব্রাজিল, আর্জেন্টিনা...জার্মানিও! এ দলগুলোই খুব শক্তিশালী, অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে।আমার ভূমিকার কথা যদি বলতে হয়, আমি নিজের ওপর কোচের আস্থাটা টের পাই। দলের জন্য আমার সর্বোচ্চ যা সম্ভব, করতে চাই। অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমার বয়স কম হলেও ক্লাবের হয়ে অনেক ম্যাচই খেলে ফেলেছি। ফলে খেলা চলাকালীন যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা আমার হয়েছে।বিশেষ করে মাইকেল বালাকের সামনে খেলায় অনেক উপকৃত হয়েছি। মাঠে ও অনেক কথা বলে আমার সঙ্গে। আর ও রকম অভিজ্ঞ ও যোগ্য একজন মানুষকে খেলাজুড়ে পাশে পাওয়াটাও তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। সে একজন সত্যিকারের অধিনায়ক। অন্যদের অনুপ্রাণিত করে এবং দলকে সঠিকভাবে নেতৃত্ব দেয়। এ রকম একটা বিশাল নামের সঙ্গে নাম উচ্চারিত হওয়াটাই একটা বড় প্রাপ্তি। বালাকের অভাবটা তাই আমরা নিশ্চয়ই অনুভব করব। কিন্তু কিছু তো করার নেই। এটা মেনে নিয়েই সামনের দিকে তাকাতে হবে আমাদের।