‘জার্মানি ৮: ১ স্পেন!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি ৪: ১ ইংল্যান্ড; জার্মানি ৪: ০ আর্জেন্টিনা। বায়ার্ন মিউনিখ ৪: ০ বার্সেলোনা; বরুসিয়া ডর্টমুন্ড ৪: ১ রিয়াল মাদ্রিদ।প্রথম দুটি ম্যাচ ছিল গত বিশ্বকাপে। পরের দুটি ম্যাচ এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ২০১০ বিশ্বকাপের নকআউট পর্বে যে সূর্য উঁকি দিয়েছিল, সেটাই যেন আজ মধ্যগগনে। একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলারের মধ্যে জার্মান ফুটবলের নবজাগরণের যে ছবি দেখা গিয়েছিল, সেটাই যেন পূর্ণ ক্যানভাসে প্রকাশিত। সেমিফাইনালের ড্রয়ের পর আরেকটি এল ক্লাসিকোর অপেক্ষায় যাঁরা ছিলেন, সেই তাঁদের এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে—‘অল স্প্যানিশ’ ফাইনালের বদলে এবার হচ্ছে ‘অল জার্মান’ ফাইনাল। বায়ার্ন বনাম ডর্টমুন্ড ফাইনাল আসলেই হচ্ছে কিনা, সেই উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর সম্ভবত পাওয়া হয়ে গেছে সবার—কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলের ওপর যেভাবে ছড়ি ঘুরিয়েছে স্পেন, সেই রাজত্ব এবার হাতবদল হয়ে গেল। এবার শুরু হচ্ছে জার্মান-রাজ!যেকোনো বিপ্লব সূচিত হয় তরুণের কাঁধে ভর করে। জার্মান ফুটবলের নতুন অধ্যায় রচনাও করছেন টমাস মুলার, মেসুত ওজিল, মারিও গোটশে, মার্কো রিউসরা। যাঁদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৪-এর মধ্যে। জার্মানির ফুটবলে উঠে আসছে আরও আরও কিশোর প্রতিভা। আর এর নেপথ্যে আছে জার্মান ফুটবলের নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। ২০০২ সালে যে চারা তাঁরা রোপণ করেছিলেন, সেটাই এখন ফল দিতে শুরু করেছে। জার্মানি সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ১৯৯০ সালে। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ১৭ বছর আগে। ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের যে শিরোপা, সেই চ্যাম্পিয়নস লিগও জার্মানিতে এসেছে সর্বশেষ ২০০১ সালে। আন্তর্জাতিক ফুটবলে সাফল্যখরায় ভুগতে ভুগতে ২০০২ সালে জার্মান ফুটবল ফেডারেশন একটি নিয়ম করে দেয়। প্রথম এবং দ্বিতীয় বিভাগের সবগুলো দলে একটি করে যুব একাডেমি রাখতে হবে বাধ্যতামূলকভাবে। দেশজুড়ে ৭০০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ বিনিয়োগ করা হয় যুব ফুটবলে। সেই বিনিয়োগ সুদে-আসলে এখন বুঝে নিচ্ছে জার্মানির ফুটবল। এএফপি, রয়টার্স। গত বুধবার রিয়ালের তারকাখচিত, বহু অর্থে বিনিয়োগকৃত একাদশকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছেন ম্যাটস হামেলস, রিউস, গোটশে, স্মেলজার, গুনডোগান আর বেনডাররা। মজার ব্যাপার, জার্মানির ফুটবলের আগামীর এই ছয় তারকার কেউই গত বিশ্বকাপে খেলেননি, শুধু বয়সটা কম ছিল বলে! রিয়াল মাদ্রিদে আসার পর ওজিল ও স্যামি খেদিরাকে জার্মানি থেকে উড়িয়ে আনা হোসে মরিনহো পর্যন্ত গত ম্যাচ শেষে স্বীকার করেছেন, ‘এই সময় জার্মানি অনেক মানসম্পন্ন একঝাঁক খেলোয়াড়কে গড়ে তুলেছে।’নতুন একটা যুগের সূচনা পূর্ববর্তী যুগের অবসান টেনে দেয়। ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী জেতা স্পেনের আধিপত্যের অবসান কি সত্যি সত্যিই হয়ে গেল? স্পেনের সাফল্যের মূল ভিত্তি গড়ে উঠেছিল বার্সেলোনাকে দিয়েই। স্পেন একাদশের সাত-আটজন খেলোয়াড়ই বার্সার। স্পেন যুগের অবসান মানে বার্সা-যুগের অবসানও। এক বছরে ছয়টি প্রধান ক্লাব শিরোপার সবগুলো জেতা বার্সাও কি তাহলে ইতিহাস হতে চলেছে?হয়তো তাই। তবে স্পেন ও বার্সার সোনালি প্রজন্মের অন্যতম সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা বলছেন, এত দ্রুত কোনো উপসংহার টানা ঠিক হবে না। যদিও জার্মানির শীর্ষ দৈনিক বিল্ড-এর এই শিরোনামও আপাতত অস্বীকার করা যাচ্ছে না: ‘জার্মানি ৮: ১ স্পেন!’