‘জার্মানির বিপক্ষে অতিরিক্ত আক্রমণাত্মক হলেই বিপদ’
‘সত্যি কথা বলতে কী, ওসব প্রতিশোধ ইত্যাদি নিয়ে আমি একেবারেই ভাবছিনা।’ আজ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের সঙ্গে খেলার আগে ২০০৮-এর ইউরোর ফাইনালে পরাজয়ের বদলা নিতে চান কিনা জানতে চাইলে জার্মান কোচ জোয়াকিম লো এমন উত্তরই দিলেন। গত ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে এই স্পেনের কাছে হেরেই ইতি হয়েছিল জার্মানদের ইউরোপ সেরা হওয়ার স্বপ্নের। আজ রাতের বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটির আগে ইউরোর ফাইনাল নিয়ে আলোচনা-স্মৃতিচারণের অন্তহীনতা দেখে কিছুটা বিরক্তও কোচ লো। তিনি বলেছেন,‘২০০৮ আর ২০১০ এর মধ্যে যেহেতু দুইবছর সময়ের ফারাক, সেহেতু বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইউরো চ্যাম্পিয়নশীপ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। ইউরো ও বিশ্বকাপ দুটোই সম্পূর্ণ ভিন্ন টুর্নামেন্ট। এর আমেজও ভিন্ন, আবেদনও ভিন্ন।’২০০৮-এর ইউরো চ্যাম্পিয়নশীপে স্পেন দুর্দান্ত এক দল ছিল বলে লো উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইউরোতে স্পেনের সত্যিকার অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলনা। অস্ট্রিয়া-সুইজারল্যান্ডে স্পেনই ছিল অবিসংবাদিত সেরা। তবে বিশ্বকাপের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের স্পেন আর ইউরোর স্পেনের মধ্যে অনেক পার্থক্য। জার্মানিও শক্তিতে-সামর্থ্যে অনেক পরিণত একটি দল। অতএব, এবার স্পেনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে খেলার চিন্তা আমরা বেশ ভালোভাবেই করতে পারি।’প্রতিপক্ষের দুর্বল দিকগুলো খুঁজে বের করাতে যথেষ্টই মুন্সিয়ানার ছাপ রেখেছেন অপেক্ষাকৃত নবীন এই কোচ। জোয়াকিম লো ইতিমধ্যেই খুঁজে বের করে ফেলেছেন স্প্যানিশ দলের দুর্বলতা। এমনই ইঙ্গিত দিয়ে লো বলেন,‘প্রতিটি দলেরই কিছু দুর্বলতা থাকে। ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার মতো স্পেনেরও বেশ কিছু দুর্বলতা রয়েছে। আমরা সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করব।’ তিনি আশাপ্রকাশ করেন জার্মানি যদি স্পেনকে মাঠে “ভুল করাতে” পারে , তাহলে ম্যাচ বের করে নেওয়া কোনো ব্যাপারই না।’ স্পেনের বিপক্ষে আজকের সেমিফাইনালে অনেক বিশেষজ্ঞই জার্মানিকে ফেবারিট মানছেন। সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড স্পেনের বিপক্ষে জার্মানিকেই এগিয়ে রাখতে চান। তিনি মনে করেন,‘এই বিশ্বকাপে এখনো স্পেন ইউরো ২০০৮ মানের ফুটবল খেলতে পারেনি। ফার্নান্দো তোরেস এবার তাঁর হাঁটুর ইনজুরি নিয়ে বেশ ভুগছেন। তাঁকে তো তাঁর ছায়াই মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় জার্মানি সবদিক দিয়েই আজকের ম্যাচের ফেবারিট। জার্মানির ‘বিল্ড’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে হিটজফেল্ড বলেন,‘স্পেন যে ধরনের ফুটবল খেলে তাতে জার্মানির কাছে তাদের অপদস্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড ও আর্জেন্টিনা জার্মানির সঙ্গে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে বিপদে পড়েছে।’