
জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯০ সালে হাতে তুলেছেন বিশ্বকাপ ট্রফিও। স্বদেশে ২০০৬ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই তৃতীয় হয়েছে জার্মানি। ইয়ুর্গেন ক্লিন্সমান এবার ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ৷ ওয়ার্ল্ড সকার-এর মুখোমুখি হয়ে বিশ্বকাপ নিয়ে কথা বললেন সাবেক স্ট্রাইকার
তিনটি বিশ্বকাপ খেলেছেন। এই অভিজ্ঞতা আপনার কোচিং-দর্শনে কতটা প্রভাব ফেলেছে?
ইয়ুর্গেন ক্লিন্সমান: অনেক প্রভাব ফেলেছে৷ তিনটি বিশ্বকাপ খেলে আমি জেনেছি সাফল্যের পেছনে দলীয় বোঝাপড়ার গুরুত্ব কতটা৷ একটি টুর্নামেন্টের পুরো সময়ে লক্ষ্যে অবিচল থাকাও গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালে এমন একটা দল পেয়েছিলাম, যাদের সবাই দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ ও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থেকেছে। ১৯৯৪ সালের দলটা ছিল একটু বেশিই আত্মবিশ্বাসী৷ আমাদের অভিব্যক্তিতেও তা ফুটে ওঠে।
বিশ্বকাপ জয়ের (১৯৯০) অনুভূতি ঠিক কেমন ছিল? এখনো ওটা আপনাকে কীভাবে আলোড়িত করে?
ক্লিন্সমান: খেলোয়াড় হিসেবে অবশ্যই বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। যতই সময় যাবে আপনি এিটকে আরও বড় করে দেখবেন৷ কেননা, বিশ্বের যেখানেই যান না কেন সবাই আপনাকে বিশ্বকাপজয়ী হিসেবেই দেখবে। এটা এমন এক ব্যাপার, মানুষ কখনো যা ভোলে না।
২০০৬ বিশ্বকাপে জার্মানিকে কোচিং করিয়েছেন৷ সেই অভিজ্ঞতা এবারের বিশ্বকাপে আপনার নিজের জন্য কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন?
ক্লিন্সমান: প্রভাব তো ফেলবেই৷ তবে বিশ্বকাপের আগে দুই মাসের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইনালে উঠব—এমনটা ধরে নিয়েই প্রস্তুত হতে হবে। চিন্তা-ভাবনাটা অন্য রকম হলেই মনোযোগ নড়ে যাবে। শুধু তা-ই নয় টুর্নামেন্ট চলার সঙ্গে সঙ্গে দল হিসেবেও শক্তি সঞ্চয় করা চাই। আমি বলছি না, আমরা বিশ্বকাপ জিতব। তবে প্রতিটি ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কত দূর যেতে পারি।
সুযোগ থাকলে বিশ্বকাপ প্রতিপক্ষ হিসেবে জার্মানিকে এড়িয়ে যেতে চাইতেন?
ক্লিন্সমান: জার্মানির বিপক্ষে খেলা অনেক বড় সুযোগই। এটা আমাদের জন্য বড় এক পরীক্ষাই হতে যাচ্ছে, তবে আমরা প্রস্তুত হয়েই ব্রাজিল যাব। জার্মান দলে ২০০৬ সালে স্টাফ হিসেবে যাদের রেখে এসেছিলাম, তারা এখনো আছে৷ এটা ভেবেই আমি গর্বিত। ওরা বিশ্বকাপ জয় করার মতো দারুণ এক দল।
২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর যেভাবে আশা করেছিলেন যুক্তরাষ্ট্র দলটা কি সেভাবেই খেলতে পারছে?
ক্লিন্সমান: আমরা এমন একটা দল গড়ে তুলতে চাইছি, যারা প্রতিপক্ষকে প্রবল চাপে রাখবে৷ বলের দখল রাখবে ও সমানতালে লড়বে বড় দলগুলোর সঙ্গে। এভাবে খেলে যে বড় সাফল্য আসে সেটি গত বছর দুয়েক আমরা করে দেখিয়েছি। আমাদের দলের ধারাবাহিকতা চোখে পড়েছে গত বছর। এই যেমন প্রথমবারের মতো দেশের বাইরে ইতালিকে হারানো, অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোকে প্রথম হারানো ও সারায়েভোতে বেশ শক্তিশালী বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে পিছিয়ে পড়েও জয়। ওই পারফরম্যান্সগুলোই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আমার।
ব্রাজিলে যুক্তরাষ্ট্রের কী ধরনের পারফরম্যান্স চাইছেন? মানে কেমন ফল হলে খুশি হবেন?
ক্লিন্সমান: গ্রুপ পর্ব পেরোনো আমাদের লক্ষ্য। সেটি আমরা পারবও বলেই বিশ্বাস করি। আশা করছি নকআউট পর্বে কিছু বড় দলকে চমকে দিতে পারব।