‘জাহিদের কথা ভুলে যান’
কাল বিকেলে বাফুফে ভবনে সাড়া ফেলে দিলেন নিকোলা ইলিয়েভস্কি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের কক্ষের দেয়ালে যে বড় বোর্ডটি আছে, সেটিতে ছক কেটে বাংলাদেশ জাতীয় দল এবং বয়সভিত্তিক দল নিয়ে নিজের পরিকল্পনাটা বুঝিয়ে দিলেন উপস্থিত সাংবাদিকদের। বর্তমান এই মেসিডোনিয়ান কোচের মতো এর আগে বাংলাদেশে আসা কোনো বিদেশি কোচ দল গড়ার জন্য এমন পরিকল্পিতভাবে এগিয়েছেন বলে জানা যায়নি।পরিকল্পনাটা এমন—আগামী ২৬ ও ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনটি অনুশীলন ম্যাচ হবে। জাতীয় দল বনাম অনূর্ধ্ব-১৯, জাতীয় দল বনাম অনূর্ধ্ব-২২ এবং অনূর্ধ্ব-১৯ বনাম অনূর্ধ্ব-২২ দল। প্রতিটি ম্যাচ ৪৫ মিনিটের। অভিনব পরিকল্পনা!৭, ১৪, ২১, ২৮ অক্টোবর এবং ৪, ১১ ও ১৮ নভেম্বর আরও সাতটি অনুশীলন ম্যাচ। যেগুলোয় জাতীয় দলের সঙ্গে খেলবে স্থানীয় ক্লাব দল। সব ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ইলিয়েভস্কি রসিকতা করে বলছিলেন, ‘প্রতি শুক্রবার ম্যাচ রেখেছি। শুক্রবারে যানজট থাকে না!’ এরপর ২০ ও ২৫ নভেম্বর দেশের বাইরে জাতীয় দলের জন্য দুটি অনুশীলন ম্যাচ চান। এসবই করা আগামী ১-১৫ ডিসেম্বর ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবল সামনে রেখে। আগামী মাসে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। এই দুটি টুর্নামেন্টে ভালো করতেই এমন অনুশীলন পরিকল্পনা। ‘সব দলকেই আমি যদি ৪-৩-২-১ ফরমেশনে গড়ে তুলি, তাহলে ভবিষ্যতে সেটি জাতীয় দলের জন্য ভালো হবে’—বলছেন ইলিয়েভস্কি।এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দল বিকেএসপিতে অনুশীলন করছে। অনূর্ধ্ব-২১ দলকে দিন দশেক রেখে এরপর অনুশীলন করাবেন অনূর্ধ্ব-২২ দলকে। সেই সঙ্গে জাতীয় দল মিলিয়ে গোটা পরিকল্পনাকে ‘ফোর জেনারেশন’ পরিকল্পনা বলছেন ইলিয়েভস্কি। জানালেন, তাঁর হাতে এখন সব মিলিয়ে খেলোয়াড় ৬৬ জন।জাতীয় দলের তালিকায় নেই শৃঙ্খলাভঙ্গের শাস্তি পাওয়া তিন খেলোয়াড়—জাহিদ হাসান (এমিলি), মিঠুন চৌধুরী ও জাহিদ হোসেন। তিনজনকেই ঘরোয়া ফুটবল থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ এর সঙ্গে একমত, ‘ওরা যা করেছে, শাস্তি পাওয়া ঠিকই আছে।’ঢাকায় লেবাননের বিপক্ষে ম্যাচ ছিল গত ২৮ জুলাই, কোচ সেই ম্যাচে জাহিদকে তুলে নেন মাঠ থেকে। টাঙ্গাইলের এই তরুণ মাঠের বাইরে এসে পানির বোতলে লাথি মেরে ক্ষোভ জানান। তাই জাহিদের ব্যাপারেই বেশি ক্ষুব্ধ ইলিয়েভস্কি, ‘জাহিদের কথা ভুলে যান। আমি কোচ থাকতে ওর আর জায়গা হবে না জাতীয় দলে। শেখ জামাল ওকে বসিয়ে রাখলেও আমি সুযোগ দিয়েছি। সে এটার সুযোগ নিতে পারেনি। দুবার শৃঙ্খলা ভেঙেছে।’ এমিলি-মিঠুনকেও আর নেওয়া হবে না? ইলিয়েভস্কি সরাসরি নাকচ না করেননি সেই সম্ভাবনা, ‘মে বি।’ তবে বলার ভঙ্গিতে বোঝা গেল, জাতীয় দলের দুই স্ট্রাইকার লেবানন সফরের আগের দিন মানিকগঞ্জে খেপ খেলতে গিয়ে নিজেদের বিপদ ভালোভাবেই ডেকে এনেছেন। কোচের কথা, ‘ভবিষ্যতে কী হবে বলতে পারব না, আপাতত ওরা আমার পরিকল্পনায় নেই। তবে সাফের আগে ডাকবই না, এমন সিদ্ধান্ত নিইনি আমি।’লেবাননের বিপক্ষে জাতীয় দলের সর্বশেষ ম্যাচে এমিলি-মিঠুনের গোল আছে। তার পরও এই দুজনের প্রয়োজনীয়তা দেখছেন না? ইলিয়েভস্কির উত্তর, ‘এমিলির গোলটা এমন কিছু নয়। আমার কাছে শৃঙ্খলাটাই আগে। ওদের আগেই বাদ দিতাম, কিন্তু হাতে সময় ছিল না। এখন আমার হাতে অনেক সময়। অনেক খেলোয়াড়কে পরখ করতে পারছি।’মোহামেডানে খেলা নারায়ণগঞ্জের তরুণ রাইটব্যাক তপু বর্মণকে তাঁর খুব মনে ধরেছে। গলায় উচ্ছ্বাস ঢেলে বললেন, ‘এই ছেলেটি ইউরোপে খেলার সামর্থ্য রাখে। ওকে আমি আগামীতে বড় সুযোগ দিতে চাই।’