‘জীবনটা মহড়া নয়, সুযোগ মেলে একটাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনার একধরনের ‘জীবনের চেয়েও বড়’ ভাবমূর্তি আছে। এটা কি সচেতনভাবেই করেন?শেন ওয়ার্ন: না না...আমি স্রেফ জীবনটা উপভোগ করি, মজা করি...যখন খেলেছি, তখন পারফর্ম করেছি। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, যা ভাবি, তা-ই বলি। হ্যাঁ, আমি খানিকটা একগুঁয়েও। সব সময় হয়তো ঠিক নই, কিন্তু নিজের মতামত জানাতে দ্বিধা করি না। ভান ধরার চেষ্টা আমি কখনোই করি না। আমি যেমন, তেমন থাকতে পেরেই খুশি। কিন্তু আপনাকে মোটেও গতানুগতিক একজন বলা যাবে না...ওয়ার্ন: আমাকে বোধ হয় বহুর্মুখী চরিত্রের বলা যায়, অর্ন্তমুখী নয়...(হাসি)। লেগ স্পিনার হিসেবে আপনি কিংবদন্তি। কিংবদন্তিদের আচরণও কি খানিকটা আলাদা?ওয়ার্ন: না, সব অবস্থানে থাকা সব মানুষের ওপরই কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্বও আর সবার মতো। কোনো একজনের জন্য এক নিয়ম, অন্যদের জন্য আলাদা নিয়ম বলে কিছু নেই। দুর্ভাগ্যজনকভাবে জীবনের চলার পথে আমি বেশ কিছু ভুল করেছি। তবে এখন আমি জীবনের দারুণ একটা সময়ে আছি...আগের চেয়ে খানিকটা পরিণতও...! তিন সন্তান ব্রুক, জ্যাকসন ও সামারের জন্য আপনি সব সময়ই নিবেদিতপ্রাণ এক বাবা...ওয়ার্ন: আমি সব সময়ই চেয়েছি অসাধারণ একজন বাবা হয়ে থাকতে। বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ এবং এটাই আমার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো বাবা হওয়াটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সন্তানদের ব্যাপারে আপনি অবশ্য সতর্ক, অনেকভাবে সামলে রাখেন...ওয়ার্ন: কারণ লোকে কখনো কখনো সীমা ছাড়িয়ে গেছে, ওদের ছবি তুলেছে। এসব ঠিক নয়। যা-ই হোক, পাবলিক ফিগার হলে এসব মেনে নিতেই হবে। যতই এসবে রুষ্ট হবেন, পরিস্থিতি ততই খারাপ হয়। বললেন আপনি এখন খুব ভালো আছেন, এর রহস্য কী?ওয়ার্ন: সম্ভবত আমার পরিণতবোধ...এ বছরই ৪৪ হবে আমার (১৩ সেপ্টেম্বর)...বয়স ভালোই হলো। আমি সব সময়ই মজা করতে ভালোবাসি, জীবনটাকে একঘেয়ে করতে চাই না। সব সময়ই কৌতূহল জাগিয়ে রাখতে চাই। জীবনটা মহড়া নয়, সুযোগ মেলে একটাই। নিয়মের মধ্যে থেকেই তাই যতটা সম্ভব মজা করে বাঁচতে চাই। এ মুহূর্তে আমি খুবই তৃপ্ত একজন, লিজের (এলিজাবেথ হার্লি) সঙ্গে আমার সম্পর্কটাও চমৎকার যাচ্ছে...ফিটনেস দারুণ...দারুণ সব স্পনসর আছে আমার...। যখন নিয়মিত খেলেছি, নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। এখন জীবনটা উপভোগ করার সময় পাচ্ছি। আরেকটি জীবন পেলে কোন কোন ব্যাপারে ভিন্নভাবে করতে চাইবেন?ওয়ার্ন: দেখুন, জীবনে আমার কোনো আক্ষেপ নেই...আমি মনস্তাপ নিয়ে থাকি না, কারণ অতীত পাল্টানোর কোনো সুযোগ নেই। যা হয়ে গেছে, আমি সেসব বদলাতে পারি না। তবে অতীত থেকে শিখতে পারি। আমার ধারণা, আমি শিখেছি। জীবন থেকে শিখেছি, মাঠের ভেতরে-বাইরে শিখেছি। সম্ভবত জীবনের অর্ধেক আমি কাটিয়ে ফেলেছি এবং আমি সৌভাগ্যবান যে পরিপূর্ণ এক জীবন পেয়েছি। এ জন্য আমি কৃতজ্ঞ। মানুষ হিসেবে এখন আমি যেকোনো সময়ের চেয়ে ভালো। আপনাকে এত তরুণ দেখায়, রহস্য কী?ওয়ার্ন: কিন্তু আমার চামড়ায় তো ভাঁজ পড়ে গেছে, লোকে যদিও মনে করে না! দেখুন, জীবনের অনেকটা সময় আমাকে কাটাতে হয়েছে প্রচণ্ড চাপে। এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না, চাপও নেই। ব্যক্তিগত জীবনে তৃপ্ত, চেহারাতেও তাই চাপের ছাপ নেই। সাত-আট কেজি ওজন কমিয়ে এখন আমি আরও স্বাস্থ্যবান...অনেকগুলো ব্যাপার মিলিয়েই তাই এই তারুণ্য (হাসি)। বছর তিনেক ধরেই আপনাদের সম্পর্ক নিয়ে লিজ ও আপনি বেশ খোলামেলা। আপনার জীবনে তিনি কতটা পরিবর্তন এনেছেন?ওয়ার্ন: একটা ভালো দিক হলো, আমরা দুজনেই প্রায় ২০ বছর ধরে পাদপ্রদীপের আলোয় আছি। লিজ ও আমার জগৎ অনেকটা একই রকম...বিনোদন ও খেলাধুলার ভুবন প্রায় একই...জীবন-দর্শন, ব্যবসা—সবকিছুতেই লিজ ও আমার ভাবনা প্রায় একই...ব্যক্তিগত জীবনেও আমরা ঠিক একই জায়গায় ছিলাম। আপনাদের সম্পর্কটা তাহলে ত্বরিত জমে গেছে...!ওয়ার্ন: সত্যিই তাই...কাউকে ভালো লাগা মানে ওই ব্যক্তি মানুষকে ভালো লাগা। লিজ ও আমি সম্ভবত পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। আমরা সম্ভবত জীবনের একদম ঠিক সময়ে মিলেছি এবং এরপর থেকেই সুখে-শান্তিতে আছি। আপনার ওপর কার প্রভাব সবচেয়ে বেশি?ওয়ার্ন: আমার মা-বাবা (ব্রিজিত ও কিথ)...তাঁরা আমাকে আচরণ শিখিয়েছেন, জীবনের পথে চলতে শিখিয়েছেন। আমি আমার বাচ্চাদের এসবই শেখানোর চেষ্টা করি।  সবশেষে...আপনার ৪৩ বছরের জীবনে সবচেয়ে বড় শিক্ষা কোনটি?ওয়ার্ন: সুব্যবহার একদম বিনা মূল্যে পাওয়া যায়, ‘দয়া করে’ বা ‘ধন্যবাদ’ এসব বলতে পয়সা লাগে না!