‘জীবনে কখনোই সুখী ছিলাম না’
ক্রিকেট বিশ্বে স্পিন বোলিংয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল শেন ওয়ার্নের হাত ধরে। বিস্ময়কর ঘূর্ণির ফাঁদে ফেলে বহু ব্যাটসম্যানকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিলেও গত চার বছর ধরে আইপিএলেও তিনি দেখিয়ে গেছেন ঘূর্ণি জাদু। গত শুক্রবার আইপিএলের শেষ খেলাটা খেলেছেন এই অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তি। কিন্তু তার পরও ২০-২২ বছরের বর্ণাঢ্য এই ক্রিকেট ক্যারিয়ার শেষে কিছুটা আক্ষেপই ঝরে পড়ল ওয়ার্নের কণ্ঠে। হয়তো অনেক পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়েই তিনি বলে ফেলেছেন, ‘জীবনে কখনোই সুখী ছিলাম না।’ তবে এখন যে আগের তুলনায় অনেক ভালো আছেন, সেটাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন এই ঘূর্ণি জাদুকর।মাঠে দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে প্রায় পাল্লা দিয়েই চলেছে ওয়ার্নের নানা কেলেঙ্কারি আর বিতর্ক। কখনো মাদক, কখনো নারী, কখনো বা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। এসব কারণেই হয়তো সব যোগ্যতা থাকা সত্ত্বেও কখনোই পাননি অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভার। হয়তো এ সবই ওয়ার্নের আক্ষেপের কারণ। তবে ক্যারিয়ারের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে শেষটা দুর্দান্তভাবেই করেছেন তিনি। গত শুক্রবার তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়। ম্যাচ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্ন বলেছেন, ‘আশা করছি, সবাই আমার খেলা উপভোগ করেছেন। আমার মনে হয় না, আমি জীবনে পুরোপুরি সুখী হতে পেরেছি। তবে এখন আমি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো আছি।’ক্রিকেট থেকে বিদায়ের পর নিজের ভবিষ্যত্ কর্মপরিকল্পনাও জানিয়েছেন ৪১ বছর বয়সী ওয়ার্ন। তিনি বলেছেন, ‘আমার তিন-চারটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুব ভালোমতো চলছে। এখনো আমার হাতে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রস্তাব আছে। আমি অবশ্য এর মধ্যেই একটা ক্রিকেট অ্যাকাডেমি চালাতে চাই। এটা দুবাই বা ভারত, যেকোনো জায়গাতেই হতে পারে। এখানে আমি মূলত তরুণ স্পিনারদের শেখাব। আমার সেই অ্যাকাডেমিতে ক্রিকেট শিখতে কাউকে পয়সা খরচ করতে হবে না।’— টাইমস অব ইন্ডিয়া।