‘জীবনের সবচেয়ে বড় ভুল’
এখন তাঁর থাকার কথা ছিল শারজায়। হয়তো আগুন ঝরাতেন এই মরা উইকেটেও। ১৪ টেস্টে ৫১ উইকেট হয়ে গিয়েছিল, উইকেট-সংখ্যা এত দিনে হয়তো এক শ ছুঁয়ে ফেলত। ওয়াসিম আকরামের সঙ্গে তুলনাটা হয়তো জোরেশোরে শুরু হয়ে যেত। কিন্তু সঙ্গদোষ আর লোভে বদলে গেল চিত্রনাট্য। মোহাম্মদ আমির এখন ইংল্যান্ডের ‘ইয়াং অফেন্ডারস ডিটেনশন সেন্টার’-এ। ক্রিকেট মাঠ কাঁপানো তো দূর অস্ত, হয়তো দিন গুনতে শুরু করেছেন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার। ৬ মাস থেকে ১ দিন গেল, আর ১৭৯ দিন...!এখন বুঝতে পারছেন, বড় ভুল হয়ে গেছে। রায় ঘোষণার পরপরই পাকিস্তানের ‘জিয়ো নিউজ’কে জানিয়েছেন আক্ষেপের কথা, ‘যা করেছি, তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। যা হয়েছে তার জন্য দুঃখিত। নিজের কাজের জন্য দেশের মানুষ ও ক্রিকেটপ্রেমীদের কাছে এখন স্রেফ ক্ষমাই চাইতে পারি। যদি জানতাম এমন কিছু অপেক্ষা করছে, তাহলে কোনোভাবেই ও পথে পা বাড়াতাম না। আমাকে ভুল পথে পরিচালনা করা হয়েছে, এখন সেটারই মূল্য দিতে হচ্ছে। আমি স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ভুল পথে কারা পরিচালনা করেছেন, সেটা বলেননি। তবে ইঙ্গিতটা যে সালমান বাটের দিকেই, সেটা তো বোঝাই যায়। আদালতে বাট ও মোহাম্মদ আসিফ যেভাবে তাঁকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন, এতে ক্ষোভও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘শুনানির সময় ওরা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। সময় আসুক, আমি সবকিছু ফাঁস করে দেব।’ সম্ভাব্য পরিণতি সম্পর্কে শিক্ষা না দেওয়ার জন্য দুষেছেন দেশের ক্রিকেট বোর্ডকে, ‘পিসিবি আমাকে কখনোই বলেনি এ ধরনের কাজে জড়িত থাকলে পরিণতিটা কত ভয়াবহ হতে পারে। দুর্নীতিবিরোধী আইনকানুন সম্পর্কে পিসিবি কখনো কোনো শিক্ষা দেয়নি।’১১ বছর বয়স থেকে রাওয়ালপিন্ডিতে আসিফ বাজওয়ার ক্রিকেট একাডেমিতে বেড়ে উঠেছেন আমির। বাজওয়াও প্রিয় শিষ্যর পথ হারিয়ে ফেলার দায় দিয়েছেন পিসিবিকে, ‘আমি ওকে সঠিকভাবেই গড়ে তুলেছি, ও পথ হারিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার পরই। নিজের পাশে সঠিক লোক খুঁজে পায়নি। পিসিবি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য একজন ক্রিকেটার চেয়েছিল, আমরা তা দিয়েছি। এখন দায় কার? ওর ক্রিকেট প্রতিভা অসাধারণ, কিন্তু মানুষ হিসেবে খুব সহজ-সরল। বোর্ডের উচিত ছিল ওর দিকে খেয়াল রাখা। আর যেসব ব্যাপার ক্রিকেটারদের প্রলুব্ধ করে, সেগুলো বন্ধ করা।’শুনানির সময়ও আমিরের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বাজওয়া, ‘বুধবার পর্যন্ত ওর সঙ্গে কথা হয়েছে আমার। ওকে খুব আবেগময় ও অসহায় মনে হয়েছে। আরেকটা সুযোগ চাইছিল ও, দ্বিতীয় সুযোগ সবারই প্রাপ্য। আমি কথা দিয়েছি, ওকে খেলায় ফেরাতে এবং ওর ভাবমূর্তি ফেরাতে সাহায্য করব। আমাদের সমাজ খুব নিষ্ঠুর, কলঙ্কের দাগ মোছা কঠিন। তবে আমি নিশ্চিত, আমির ফিরবে।’ ওয়েবসাইট।