‘জীবন’ দিতে প্রস্তুত রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল লিগের ম্যাচটি খেলতে পারেননি। মঙ্গলবারের ম্যাচেও অনেকটা অনিশ্চিত। তবে একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, পুরো ফিট না হতে পারলেও এই ম্যাচে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগটাকে রোনালদো নিজেই বলছেন শেষ সুযোগ। আর এ সুযোগটা কাজে লাগানোর জন্য দরকার হলে জীবনও দিয়ে দিতে প্রস্তুত রিয়ালের এই পর্তুগিজ উইঙ্গার। পরশু রিয়ালের অনুশীলন মাঠে সাংবাদিকদের কাছে রোনালদো বলেছেন, ‘মঙ্গলবার আমাদের একটাই সুযোগ আছে। সুযোগের সর্বোচ্চটাই উশুল করতে হবে। আর সেটা করতে পারার মতো যদি কোনো দল থেকে থাকে, সেটা রিয়াল মাদ্রিদই। দরকার হলে জীবনও দিয়ে দিতে হবে।’বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনিই। কিন্তু এর পর দেখলেন রবার্ট লেভানডফস্কি নামের প্রায় ‘অচেনা’ এক খেলোয়াড়ের জাদু। ওই ম্যাচে ৪-১ গোলেই শুধু হারেনি রিয়াল, পেয়েছে আরেকটি দুঃসংবাদ। পেশিতে টান পড়েছে রোনালদোর। এমনিতেই এখন মৌসুমের শেষ প্রান্ত। সময়টা খুবই স্পর্শকাতর। বার্সেলোনা শিবিরে লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নিজের ছায়া হয়ে গেছেন। রোনালদোর ইনজুরি তাই এ মুহূর্তে রিয়ালের জন্য বড় দুঃসংবাদ তো বটেই।মঙ্গলবারের ম্যাচটি নিয়ে রিয়াল কোনো ঝুঁকিতে যেতে রাজি নয় বলেই গতকাল খেলানো হয়নি তাঁকে। তা ছাড়া লিগ রিয়ালের কাছে এখন অর্থহীন। পরশু রোনালদোকে অনুশীলনও করতে দেখা যায়নি। রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা অবশ্য আশ্বস্ত করেছেন, ‘ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগেও ওর কিছু শারীরিক সমস্যা ছিল। এ কারণে এই ম্যাচে (গতকালের) রাখা হচ্ছে না ওকে। ও আজ (পরশু) অনুশীলনও করেনি। ওর পেশিতে সমস্যা আছে। আশা করি, মঙ্গলবার ও ঠিকই খেলবে।’মাদ্রিদের সংবাদমাধ্যমের ধারণা, ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে গা গরম করার সময়ই বাঁ পায়ের ঊরুতে টান পড়ে রোনালদোর। তবে সামান্য অস্বস্তি থাকলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই খেলেছেন রোনালদো। গোল করলেও চ্যাম্পিয়নস লিগের এই আসরের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ঠিক রোনালদোর মতোও লাগেনি সে রাতে। রয়টার্স, ওয়েবসাইট।