‘জুডোকে বাঁচিয়ে রাখতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে একেবারে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছে মেয়েদের জুডো। তবে অল্প সময়ের প্রস্তুতিতেও জুডোতে মেয়েদের ইভেন্টে সোনা জেতার আশা করছেন শেলী আহমেদ। কাল চূড়ান্ত দল ঘোষণার পর জানালেন নিজের ও দলের প্রত্যাশার কথা এসএ গেমসের প্রস্তুতি কেমন চলছে?শেলী আহমেদ: আমাদের মেয়েদের ইভেন্টটা ঢুকেছে অনেক পরে, ডিসেম্বরের ১৭ তারিখে। আমরা ক্যাম্পে যোগ দিলাম ডিসেম্বরের ২৪ তারিখে। গড়ে প্র্যাকটিস হয়েছে ১৫ দিন। এই কদিনে কী-ই বা প্রস্তুতি নেব। তারপরও আত্মবিশ্বাসী আমি। আপনি কোন ক্যাটাগরিতে খেলবেন?শেলী: আমি খেলব অনূর্ধ্ব-৫২ কেজিতে।  এবারই কি প্রথম এসএ গেমস আপনার?শেলী: হ্যাঁ। এবারই প্রথম এসএ গেমসে খেলব। গতবার ক্যাম্পে ছিলাম কিন্তু হাতের ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়ি। এত খেলা থাকতে জুডোতে এলেন কীভাবে?শেলী: (হাসি)...। বলতে পারেন শখের বশে এসেছি। জুডো-কারাতে দুটোই আমি ছোটবেলা থেকে খেলতাম। এখন এটা নেশার মতো হয়ে গেছে, আর ছাড়তে পারিনি। আমার বাবা-মা আমাকে খুব উত্সাহ দিতেন ছোট থেকেই। এর পর আমি যখন ১৯৯৬-এ জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে প্রথম রুপা পেলাম তখন আরও সিরিয়াস হই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও চালিয়ে যাচ্ছি ভালোমতোই। কোথায় পড়াশোনা করছেন?শেলী: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ইংরেজিতে স্নাতক তৃতীয় বর্ষে পড়ছি।  গত কলম্বো এসএ গেমসে মমতাজ পুষ্প তো রুপা জিতেছিলেন, এবার আপনার প্রত্যাশা কী?শেলী: আমার প্রত্যাশা সোনা। সোনার জন্য লড়াই করব, বাকিটা আল্লাহর হাতে। মেয়েদের ইভেন্ট তো শেষ মুহূর্তে যোগ হয়েছে, প্রস্তুতিটা কি মনমতো হয়েছে?শেলী: হ্যাঁ, শেষ মুহূর্তে যোগ হয়েছে এটা ঠিক। এ জন্য প্রস্তুতি তো মনমতো হবে না এটাই স্বাভাবিক। তবে আমার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। এ জন্য আমাদের ইরানি কোচেরও অনেক বড় ভূমিকা আছে। ইরানি কোচ আপনাদের কেমন সাহায্য করছেন?শেলী: আমরা প্রথমে জাপানি কোচের কাছে প্র্যাকটিস করেছি। একটু ভিন্ন পদ্ধতিতে উনি প্র্যাকটিস করাতেন। এই কোচ তার চেয়েও ভালো। আমাকে উনি সব সময় বলেন তুমি শুধু সোনার কথা চিন্তা করো। অন্য কিছু ভেবো না। তুমি যদি এক্সট্রা প্রেশার না নাও, নিজের খেলাটা খেলতে পারো তাহলে অবশ্যই সোনা জিতবে। কোচ আমাকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী। এই কোচের টেকনিক, ট্যাকটিসও খুব ভালো। জুডোতে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কারা?শেলী: আমাদের আসল লড়াইটা হবে ভারতের সঙ্গে। গত ইন্দো-বাংলা গেমসেই আমরা দেখেছি ওদের কৌশল কতটা উন্নত। ওদের মেয়েদের ফিটনেস, স্ট্যামিনা অনেক বেশি। ভারতকেই ভয় আমাদের। জুডোতে আমাদের দেশে মেয়েদের সম্ভাবনা কেমন?শেলী: আমাদের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। এখন ফেডারেশনের একটাই চাওয়া সোনা—সেটা মেয়েই হোক বা ছেলেই হোক। আমরা সেই চেষ্টাই করছি, আমরা সোনা জিতলেই পরবর্তী প্রজন্মের মেয়েরা এই খেলায় আগ্রহী হবে। আমরা জুডোকে বাঁচিয়ে রাখতে চাই।