‘জেতার জন্যই খেলব’
উইকেট কেমন দেখলেন? ঢাকা টেস্টে উইকেটের কী ভূমিকা থাকবে মনে করেন?মুশফিকুর রহিম: অনেক বড় প্রশ্ন...। আমার মনে হয়, সাকিব যেটা বলেছে...এ মাঠে প্রত্যাশা অনুযায়ী উইকেট হয়তো না-ও পেতে পারি। এটা আমাদের হাতে নেই। কাজেই আমাদের যার যেটা দায়িত্ব, সেটা খুব ভালোভাবে পালন করতে হবে। উইকেট থেকে বাড়তি সাহায্য হয়তো পাব না। তার পরও ব্যাটিং-বোলিংয়ে ভালো করলে এই টেস্টে ভালো ফলাফল হবে। চট্টগ্রাম টেস্টে ও রকম পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?মুশফিক: আমরা সব সময়ই জেতার চেষ্টা করি। তবে, জিতবই, এমন চিন্তা করে আসলে কখনো মাঠে নামা যায় না। আমাদের একটাই প্ল্যান—পাঁচ দিন যেন আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি। সেটা করতে পারলে দিন শেষে ফলাফল আমাদের পক্ষে আসবে। মূল লক্ষ্য এটাই। মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেট সব সময়ই আপনাদের জন্য পয়মন্ত। তার পরও মিরপুরের উইকেটে কি ইতিবাচক কিছু আছে?মুশফিক: চট্টগ্রামের উইকেটে রান করা অনেক সময় কঠিন হয়ে যায়। মিরপুরে সে তুলনায় ব্যাটিংটা সহজ। এখানে ব্যাটসম্যানরা ভালো স্কোর করতে পারলে আমাদের বোলাররা ওদের চাপে ফেলতে পারবে। পেসারদেরও এই উইকেট সাহায্য করে, বল একটু বেশি রিভার্স করে এখানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাজীব (শাহাদাত) এখানে ৬ উইকেট পেয়েছিল। রুবেলও ভালো বল করেছে। স্পিনাররা যে খারাপ বল করে তা নয়, তবে এখানে চট্টগ্রামের তুলনায় টার্ন একটু কম। চট্টগ্রামে ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেনি। সেটা যদি এখানে হয় এবং বোলাররাও ভালো করে, তাহলে এই টেস্টে ইতিবাচক ফল হবে। চট্টগ্রামে ড্র হওয়ার পর ঢাকা টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজ জয়ের চেষ্টা কি করবে আপনার দল?মুশফিক: অবশ্যই...। গত টেস্টে পাঁচ দিন খেলা হলে ফলাফল অন্য রকম হতে পারত। এখানেও আমরা জেতার জন্যই খেলব। সিরিজের শেষ টেস্ট, এটাতে যারা জিতবে তারাই সিরিজ জিতবে। আমরা অবশ্য চেষ্টা করব পুরো সামর্থ্য অনুযায়ী খেলে ম্যাচটা জিততে। টস কতটা গুরুত্বপূর্ণ হবে? এই সিরিজে তো আপনার টসভাগ্য খুবই ভালো...মুশফিক: যেটা বললাম, উইকেটের মতো টসেও আমার কোনো হাত নেই। যদি টসে জিতি খুবই ভালো। যদি না-ও জিতি, ব্যাটিং বা বোলিং যেটাই পাই সেটা এক শ ভাগ ভালো করার চেষ্টা করতে হবে। এই মাঠে আমার এবং দলের জন্য সিরিজটা ভালোভাবে শুরু হয়েছে। আশা করব, যেন ভালোভাবে শেষও হয় এখানে। মাহমুদউল্লাহ খেলতে পারছেন না। টেস্টের মাঝে ‘এ’ দলের সঙ্গেও চলে যাবে আপনার দলের দুই ক্রিকেটার। এ অবস্থায় দ্বিতীয় টেস্টের দল করাটা কি একটু কঠিন?মুশফিক: রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) ঘটনাটা আসলে দুর্ভাগ্যজনক। কালকেও উনি অনুশীলন করেছেন। পরে এক্স-রেতে ধরা পড়ল আঙুলের হাড়ে ফাটল ধরেছে। আমার ধারণা, দলে তেমন কোনো পরিবর্তন না-ও হতে পারে। গত টেস্টে যারা খেলেছে মোটামুটি ভালো খেলেছে। আমার বিশ্বাস, তারাই হয়তো খেলবে। পুরো সিরিজেই সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে পাচ্ছেন না। মিস করছেন তাঁকে?মুশফিক: আমার জন্য এটা অনেক বড় একটা মিস। অধিনায়ক হিসেবে আমার প্রথম সিরিজ...। তবে ওয়ানডেতে রাজ ভাই (রাজ্জাক) ছিলেন, সাকিব-তামিম ছিল, তারা অনেক সাহায্য করেছে। সব সময়ই তাদের সঙ্গে কথা বলেছি। আশা করি, রিয়াদ ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবেন।