‘জেতার মতো খেলতে পারিনি’
প্রয়োজনের সময় দ্রুত রান করতে না পারায় তাঁকে সমালোচিত হতে হয়েছে অনেকবারই। তবে আবদুর রাজ্জাক সব সময়ই বলেন, নিজের ব্যাটিংয়ের ওপর তাঁর আস্থা আছে। সেই আস্থার স্ফুলিঙ্গ যখন কাল কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাস্তব হয়ে ফুটল, বাংলাদেশ কিনা হার নিয়ে ফিরল সেই ম্যাচে!বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে নাম লিখিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যেটা কিনা তাঁর প্রথম ফিফটিই। এমন কীর্তির পরও ম্যাচ হেরে যাওয়া মানে আনন্দটা বুকের মধ্যেই চেপে রাখা। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অভিজ্ঞতম এই ক্রিকেটার বললেন, ‘আমি ভালো খেলেও ম্যাচ হেরেছি বলে হতাশ, তা না। আসলে হারলে তো এমনিতেই হতাশা থাকে। সেটাই আছে।’ তবে এই হতাশা সবকিছু শেষ হয়ে যাওয়ার হতাশা নয়। রাজ্জাক এটাও বললেন, ‘ও রকম হতাশার কিছু নেই। সিরিজে এখন সমতা। সিরিজ জেতার জন্য আরেকটা ম্যাচ আছে আমাদের হাতে।’কাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দলের সবাইকে ডেকে কি সেই ম্যাচের আগুনই জ্বেলে দিতে চাইলেন অধিনায়ক মুশফিকুর রহিম? রাজ্জাক প্রকাশ্যে আনলেন না সেটা, ‘এটা আমাদের টেকনিক্যাল ব্যাপার। এসব নিয়ে কথা না বলাই ভালো।’১৮৫ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ দল। এরপর উইকেটে এসে রাজ্জাক যে তাণ্ডবটা চালালেন, সেটা আসলে কারও কল্পনাতেই ছিল না। এমনকি সে রকম কিছু করার পরিকল্পনা আগে থেকে ছিল না রাজ্জাকেরও, ‘আমি আসলে কখনোই কোনো কিছু পরিকল্পনা করে যাই না। যা হওয়ার তা হবে। তবে আমি চেয়েছিলাম আমরা যেন অন্তত ২৩০ করতে পারি।’ শেষ পর্যন্ত তার চেয়ে ২২ রান বেশি করেও না জেতার কারণ, ‘আমরা জেতার মতো ক্রিকেট খেলতে পারিনি বলে জিতিনি—আমি এটাই বলব।’তবে বাংলাদেশের বোলিং খারাপ হলো, নাকি বেশি ভালো হয়ে গেছে জিম্বাবুয়ের ব্যাটিং—এই প্রশ্নে বলেছেন, ‘ওরা ব্যাটিং ভালো করেছে। কিন্তু আমাদের বোলিংও খুব খারাপ হয়নি। আমি তো বোলিংয়ে বড় কোনো সমস্যা দেখিনি।’ বাড়তি সমস্যা যদি হয়ে থাকে সেটা আম্পায়ারিংয়েই। রাজ্জাক এ ব্যাপারে মন্তব্য না করলেও বাজে আউটের শিকার সাকিব আল হাসানের কাটা ঘায়ে এবার নুনের ছিটাও পড়তে পারে। আউট হওয়ার পর হতাশ সাকিব ব্যাট দিয়ে নিজের প্যাডে আঘাত করতে গেলে ব্যাটের আঘাত লাগতে গিয়েছিল ব্রেন্ডন টেলরের গায়েও। সাকিব পরে এর জন্য টেলরের কাছে দুঃখ প্রকাশ করলেও বিষয়টা এখন ম্যাচ রেফারির বিবেচনাধীন। আজ সকালের মধ্যে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে ওই ঘটনার জন্য শুনানিতে ডাকার কথা সাকিবকে।দিন শেষে টেলর ঘটনাটা মনে রেখেছেন বলে মনে হয় না। প্রথম ম্যাচে বিশাল হারের পর সিরিজে ফিরতে পেরেই খুশি জিম্বাবুয়ে অধিনায়ক, ‘প্রথম ম্যাচে ওভারে হারার পর ফিরে আসাটা জরুরি ছিল আমাদের জন্য। ব্যাটসম্যানদের দৃঢ়প্রতিজ্ঞাই ম্যাচটা জিতিয়েছে আমাদের।’ তবে সিরিজের শেষ ম্যাচের আগে একটা দুশ্চিন্তা আছে তাঁরও, ‘বাংলাদেশের বড় খেলোয়াড়দের কেউই এখনো সেভাবে জ্বলে ওঠেনি। শেষ ম্যাচের আগে এটাই ভাবনার বিষয়।’টেলরের মূল্যায়নটা বোধ হয় এখন নিজেদের সম্পর্কেও নিজেদেরই করার সময় এসেছে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদের।