মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি। প্রথম দিনেই বাংলাদেশকে জেতানোয় বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ রাইফেলসের ইমদাদুল হক। জয়ের পর শোনালেন নিজের অনুভূতি ও প্রত্যাশার কথা... বাংলাদেশের বড় জয়ে আপনারই সর্বোচ্চ ১৪টি গোল। কেমন লাগছে...ইমদাদুল হক: খুবই ভালো লাগছে। দলের সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। (হেসে) এই আনন্দ বলে বোঝাতে পারব না। একটু বেশিই আনন্দিত মনে হচ্ছে!ইমদাদুল: তা বলতে পারেন। কেন?ইমদাদুল: গত দক্ষিণ এশীয় গেমসে আমি দলে ছিলাম। কিন্তু তখন মাত্র দুই-একটি ম্যাচ খেলেছি। বেশির ভাগ সময়ই বসে থাকতে হয়েছিল। তখনই মনের ভেতর জেদ ছিল, সুযোগ পেলে নিজের সেরাটা প্রমাণ করে দেব। আপনার হ্যান্ডবলে আসার গল্পটা বলবেন?ইমদাদুল: ২০০৬ সালে প্রথম যখন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) যোগ দিই তখন ইউনিট থেকে আমাকে হ্যান্ডবলের ট্রেনিংয়ে পাঠায়। সেখানে আমার পারফরম্যান্স দেখে বিডিআরের মূল দল ডেকে পাঠায়। এরপর হ্যান্ডবল ফেডারেশন থেকে ডাক পাই। কতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন?ইমদাদুল: এসএ গেমসে প্রথম খেলেছি। আগেই তো বললাম, সাইড বেঞ্চেই বসে কাটিয়েছি বেশির ভাগ সময়। এরপর আইএইচএফ টুর্নামেন্টে মূল দলে সুযোগ পেলাম। এই দুটো টুর্নামেন্টেই খেলেছি। চাকরিতে যোগ দেওয়ার আগে কি হ্যান্ডবল খেলতেন?ইমদাদুল: সত্যি বলতে কি, বিডিআরে যোগ দেওয়ার আগে কখনো হ্যান্ডবলের বল ছুঁয়েই দেখিনি। কীভাবে খেলতে হয়, নিয়ম-কানুন কিছুই জানতাম না। কিন্তু এখানে এসেই তো ভালো করলেন। রহস্যটা কী?ইমদাদুল: রহস্য কিছুই না। আমাদের কোচ কিরণ স্যার (কামরুল ইসলাম) আমাকে বিভিন্ন টিপস দিয়ে সাহায্য করতেন প্র্যাকটিসে। আর খেলার সময় পরিকল্পনা করেই গোল করেছি। ইউরোপের কোনো হ্যান্ডবল ম্যাচ দেখেন। কেউ কি আদর্শ আছে?ইমদাদুল: না। ইউরোপের কোনো খেলা দেখা হয়ে ওঠে না। আর আদর্শ বলতে আমাদের বিডিআরের কামরুজ্জামান, খায়রুজ্জামান ভাইদের অনুসরণ করি। কিছু গোল সরাসরি থ্রোতে, আবার বেশ কয়েকটা দেখলাম স্পিনারদের মতো বল টার্ন করাচ্ছিলেন...ইমদাদুল: হ্যাঁ। এই কৌশলটা কোচ আমাকে শিখিয়েছেন। ম্যাচের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। কী হয়েছিল?ইমদাদুল: গুরুতর কিছু না। প্রতিপক্ষের এক খেলোয়াড় কনুই দিয়ে পেটে গুঁতো মেরেছিল। এখন ভালো হয়ে গেছি। প্রতিদিন কত ঘণ্টা অনুশীলন করেন?ইমদাদুল: প্রতিদিন তিন বেলা আড়াই থেকে তিন ঘণ্টা অনুশীলন করি।