'জোগো বনিতো'র জনকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর চোখে শৈল্পিক ফুটবলের গোড়াপত্তনকারী থমাস ডনোহিউ।
শিল্পীর চোখে শৈল্পিক ফুটবলের গোড়াপত্তনকারী থমাস ডনোহিউ।

সুন্দর ফুটবলের ধারক ব্রাজিল। ফুটবল অভিধানে শব্দটি পরিচিত ‘জোগো বনিতো’ নামে। কিন্তু ব্রাজিলে ‘ফুটবলের জনক’ যাঁকে বলা হয়, সেই চার্লস মিলার কিন্তু কোনো ব্রাজিলিয়ান নন, তাঁর ধমনিতে বইছে স্কটিশ রক্ত। তবে ব্রাজিলের মাঠে ফুটবল গড়ানোর কৃতিত্ব আরেকজনের—থমাস ডনোহিউ; যিনি কিনা সবার অলক্ষ্যে চাপা পড়ে ছিলেন এত দিন। অতিসম্প্রতি ডনোহিউকেই তাঁর প্রাপ্য সম্মান দিল ব্রাজিল। রিওতে উন্মোচিত হলো উনিশ শতকের শেষে ব্রাজিলের সাধারণ মানুষদের মধ্যে ফুটবলকে জনপ্রিয় করে তোলা সেই থমাস ডনোহিউয়ের ভাস্কর্য।

ব্রাজিলের মাটিতেই মিশে আছে জোগো বনিতোর বীজ। অথচ কী আশ্চর্য, সে বীজটাই কিনা ব্রাজিলের মাটিতে বোনা হয়েছিল একজন ইউরোপিয়ানের হাতে। ইউরোপের ক্লাবে খেলা চার্লস মিলার পিতৃনিবাস ব্রাজিলে গিয়ে শুরু করেছিলেন ফুটবল লিগ। সাও পাওলো ফুটবল ক্লাবকে ঢেলে সাজিয়ে তিনিই সাম্বার দেশে ফুটবলের উন্মাদনা জমিয়ে তুলেছিলেন, তাও বিতর্কের ঊর্ধ্বে থেকে। কিন্তু এর বেশ আগে থেকেই ডাইং ফ্যাক্টরির একজন সাধারণ কর্মী থমাস ডনোহিউ ফ্যাক্টরির কর্মীদের নিয়ে আয়োজন করতেন ফুটবল ম্যাচ। সাধারণ মানুষের কাছে তিনিই ফুটবলকে করে তুলেছিলেন জনপ্রিয়। তাই বিশ্বফুটবলে সাফল্যের শীর্ষে থাকা ব্রাজিলিয়ানরা ভুলে যায়নি ডনোহিউর অবদান। সম্প্রতি যে ফ্যাক্টরিতে খেলার আয়োজন হতো, সেখানেই স্থাপিত হয়েছে তাঁর ভাস্কর্য।

রিওর ইতিহাসবিদ কার্লোস মিলোনারি জানালেন ডনোহিউয়ের কথা, ‘ওপর মহলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না, তবুও ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি আয়োজন করতেন ফুটবল ম্যাচের। এমনকি কর্তৃপক্ষ তাঁকে এ জন্য বেশ কয়েকবার সন্দেহের চোখে দেখার পরও তা চালিয়ে গিয়েছিলেন।’
"