'জ্বালাতন' ইব্রাহিমোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্লাতান ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচের নামটা পাল্টে ‘জ্বালাতন’ ইব্রাহিমোভিচ রাখতে পারলেই বোধ হয় ভালো হতো। কাউকেই যে শান্তিতে থাকতে দিচ্ছেন না প্যারিস সেইন্ট জার্মেইনের এই সুইডিশ স্ট্রাইকার। ২০১১ সালে বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমিয়ে ইচ্ছেমতো দোষারোপ করেছিলেন লিওনেল মেসি ও তত্কালীন বার্সা কোচ গার্দিওলাকে। এবার খোঁচা মেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ইব্রার মতে, রোনালদো সেরা নন, সেরাদের একজন মাত্র।

মাত্র এক দিন আগেই রোনালদোর ভূয়সী প্রশংসা করেছিলেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তাঁর মতে, রোনালদো অন্য সবার থেকে অনেক প্রতিভাবান ফুটবলার। অনেক শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে কাজ করলেও রোনালদোকেই সবার ওপরে বসিয়েছেন আনচেলত্তি।

মাত্রই কদিন আগে আনচেলত্তির মূল ভরসা ছিলেন। সেই আনচেলত্তি তাঁকে ভুলে যে রোনালদোকে নিয়ে মেতেছেন, তা বোধ হয় ঠিক পছন্দ হয়নি ইব্রার। পিএসজি ছেড়ে রিয়ালে চলে আসা এই ইতালিয়ান কোচের পাল্টা জবাবেই হয়তো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো সেরা নয়, সেরাদের একজন মাত্র।’

শুধু আনচেলত্তি নয়, খোদ পিএসজিও রোনালদো বলতে অজ্ঞান। তবে রোনালদোকে দলে ভেড়ানোর যে চেষ্টা ফরাসি ক্লাবটি চালাচ্ছে, সেটার পেছনে যুক্তি খুঁজে পান ইব্রা, ‘রোনালদোকে পিএসজিতে আনার জন্য প্রায়ই চেষ্টা করা হয়। এটাই স্বাভাবিক। কারণ, এই ক্লাবের লক্ষ্য ইউরোপের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। আর সেজন্য সেরা খেলোয়াড়দের তো দলে ভেড়াতেই হবে।’

আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C  লিখে এসএমএস করুন 2221    নম্বরে