‘জ্যোতিষী’ অক্টোপাসকে বাঁচিয়ে রাখার দাবি স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দোষ ওই অক্টোপাসের! ওই ব্যাটার কারণেই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে জার্মানির! দলের বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোথায় ব্যর্থতা নিয়ে কাটা-ছেঁড়া হবে, উল্টো যত ক্ষোভ একটি অক্টোপাসের ওপর। ক্ষোভ এতটাই যে সেই অক্টোপাস পলকে মেরে ফেলার হুমকিও দিয়ে রেখেছে জার্মান সমর্থকেরা। এ পরিস্থিতিতে পলকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছে স্পেন। দাবিটা আবার সমর্থকদের পক্ষ থেকে ওঠেনি, খোদ স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো এ দাবি তুলেছেন। পলের ভবিষ্যদ্বাণীকে সত্যি করে স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে, তাকে রক্ষা করার দাবি স্পেন সরকার না তুললে যে ‘অকৃতজ্ঞের’ মতো কাজ হয়!বিশ্বকাপে জার্মানির ছয়টি ম্যাচের সব কটিতেই সঠিক ভবিষ্যদ্বাণী করেছে পল। ‘সেমিফাইনালে স্পেন জিতবে’—এই ভবিষ্যদ্বাণী করলে জার্মান সমর্থকেরা পলের ভুল হচ্ছে বলেই মনে করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পলের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় ক্ষোভে উত্তাল জার্মানি। প্রতিশোধ হিসেবে পলকে মেরে ফেলারও ঘোষণা এসেছে। এ ঘটনায় আশঙ্কা প্রকাশ করে বার্তা সংস্থা এএনআইকে স্পেনের প্রধানমন্ত্রী বলছেন, ‘আমি অক্টোপাসটির জীবন নিয়ে শঙ্কিত। রাষ্ট্রীয়ভাবে পলের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত জার্মানির।’প্রধানমন্ত্রীর দাবির মাধ্যমেই নিজেদের দায়িত্ব শেষ করছে না স্পেন। দেশটির পরিবেশ ও মৎস্যবিষয়ক মন্ত্রী এলেনা এসপিনোসা ঘোষণা দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের সম্মেলনে বিষয়টি তুলবেন তিনি। এসপিনোসা বলছেন, ‘সোমবার আমি সেই সম্মেলনে থাকব। সেখানে আমি পলকে না খাওয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব আনব।’