‘জয়টা প্রাপ্যই ছিল স্পেনের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্মের তুঙ্গে থাকা স্পেনের কাছে ইতালির হার। অস্বাভাবিক নয় মোটেই। তাই বলে ৪-০ গোলে? হারের ব্যবধানটাই বলে দেয়, গত রাতে স্প্যানিশ ফুটবলের সামনে একদম প্রতিরোধের দেয়াল গড়ে তুলতে পারেননি ইতালীয়রা।এমন হারের পর ইতালির খেলোয়াড়েরা মানসিকভাবে বিপর্যস্ত, বলার অপেক্ষা রাখে না। তবে অন্যদের চেয়ে কষ্টটা গোলরক্ষক জিয়ানলইজি বুফনেরই বেশি। তাঁকে ব্যর্থ করেই তো চার-চারবার ইতালির জালে বল জড়ালেন স্প্যানিশ খেলোয়াড়েরা!বাজে একটা হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি বুফন। প্রতিপক্ষ স্পেনকে পুরো কৃতিত্ব দিয়ে ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিয়েছেন তিনি। ‘আজ রাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। স্পেন আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই এই হারের কষ্ট শুধুই আপেক্ষিক। খুবই বাজে খেলেছি আমরা। এ ম্যাচে জয়টা প্রাপ্যই ছিল স্পেনের।’ রাই স্পোর্টকে বলেছেন বুফন।ইউরোজয়ী স্পেনকে অভিনন্দন জানাতেও ভুলে যাননি বুফন, ‘শুরু থেকেই খারাপ খেলেছি আমরা। এর মাশুলও দিয়েছি। আগের ম্যাচগুলোর মতো খেলতে পারিনি আমরা। এ নিয়ে কোনো অভিযোগ নেই। স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। ওদের অভিনন্দন।’হারের কারণ হিসেবে ‘ক্লান্তি’কে দায়ী করেছেন ডিফেন্ডার জিওরজিও চেলিনি। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে খেলতে খেলতে ফাইনালে এসে পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন ইতালির খেলোয়াড়েরা। একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেন, এ ম্যাচে জয় স্পেনেরই প্রাপ্য ছিল।রাই স্পোর্টসকে চেলিনি বলেন, ‘আমরা দুঃখিত। জয় চেয়েছিলাম আমরা। ফাইনালটা অন্যভাবে শেষ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমরা ক্লান্ত ছিলাম, খুব ক্লান্ত।’খেলার ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন থিয়াগো মোত্তা। সেটি ছিল ইতালির তৃতীয় ও শেষ খেলোয়াড় বদল। কিন্তু মাত্র চার মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন মোত্তা। শেষ আধঘণ্টা ১০ জনের দল নিয়েই খেলতে হয় ইতালিকে। মোত্তার উদাহরণ টেনে চেলিনি বলেন, ‘এ ইনজুরিই প্রমাণ করে, কতটা ক্লান্ত ছিলাম আমরা। আমাদের কিছু খেলোয়াড় মাঠে হাঁটতেই পারছিল না।’বাজে একটা হারের পর ইতালীয় খেলোয়াড়দের মনের অবস্থাটাও প্রকাশ করেছেন চেলোনি, ‘দলের সবাই মর্মাহত। বিজয়ী স্পেনকে ধন্যবাদ জানাতেই হবে। জয়টা ওদেরই প্রাপ্য ছিল। আজ রাতে ওরা দেখিয়েছে, ইতালির চেয়েও ভালো দল স্পেন।’লিওনার্দো বোনুচ্চির প্রতিক্রিয়া, ‘এই হার মেনে নেওয়া কঠিন। ভালো কিছু করার স্বপ্নই দেখেছিলাম আমরা। সামগ্রিকভাবে বলব, সবকিছুতেই আজ আমরা দুর্ভাগা ছিলাম। কিন্তু জয়টা স্পেনেরই প্রাপ্য ছিল। ওরা আরেকবার দেখাল, অন্য যেকোনো দলের চেয়ে স্পেন দু-এক ধাপ উপরে।’ রয়টার্স।