‘জয়ের বিশ্বাস নিয়ে নামতে হবে’
আগের সিরিজে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। এখন তিনি নিয়মিত, প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যাচ্ছেন। শেন জার্গেনসেন নিজেও বেশ রোমাঞ্চিত, রোমাঞ্চিত দল নিয়েও। চোটজর্জর দল নিয়েও আশা করছেন ভালো করবেন দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী?শেন জার্গেনসেন: দল নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। দলের মানসিকতা দারুণ। এমন চোটসমস্যা আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও ছিল। ছেলেদের আজ এটাই বলেছি আমি। কাল যখন বিমানে চাপব, একটা দল হিসেবে খেলার মানসিকতা নিয়ে যেতে হবে আমাদের। প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর বলেছিলেন শ্রীলঙ্কায় যাবেন জয়ের লক্ষ্য নিয়ে। এত চোটসমস্যার পরও কি লক্ষ্য একই থাকবে?জার্গেনসেন: যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটা নিয়ে কিছুই করার নেই। যা করতে পারি সেটা করেছি। আমি এখনো চাই দল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মানসিকতা এমনটাই থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে স্রেফ টিকে থাকার চেষ্টা করে লাভ নেই। মাঠে নামতে হবে জয়ের বিশ্বাস নিয়ে। যদি সব বিভাগে পরিকল্পনার বাস্তবায়ন আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই ভালো করব আমরা। এই বিশ্বাসটা রাখতে হবে। বিপিএলের ক্রিকেটারদের চোটের কথা জানিয়ে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়েছিলেন জাতীয় দলের ফিজিও বিভব সিং। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি উত্তর দেয়নি। বিপিএলের কারণে দলে এত চোটসমস্যা। আপনার কি মনে হয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বোর্ডের সমন্বয়ের অভাব আছে?জার্গেনসেন: এ মুহূর্তে এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। ভবিষ্যতে এদিকে খেয়াল রাখতে হবে। এ মুহূর্তে শুধু টেস্ট সিরিজটাকেই মাথায় রাখতে চাই। আমার এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। অনুশীলন কেমন হলো?জার্গেনসেন: গত তিন দিন অনুশীলনে আমরা নানা ধরনের কিছু করার চেষ্টা করেছি। ম্যাচ খেলার মতো করে অনেক কিছু করেছি। সেন্টার উইকেটে অনুশীলন করেছি, ছেলেরা নেটে অনেকক্ষণ ধরে অনুশীলন করেছে। যে অবস্থায় আমরা এখন আছি, তাতে আমি খুবই আত্মবিশ্বাসী। ভালো খেলার লক্ষ্য নিয়েই আমরা দেশ ছাড়ব। সর্বশেষ সিরিজে আমরা যথেষ্ট ভালো করেছি। আমার বিশ্বাস, আবারও আমরা এমন কিছু করতে পারি। দলটা তরুণ, সবাই ভালো করার জন্য মুখিয়ে আছে। আর শ্রীলঙ্কায় এটা আমার চতুর্থ সফর। আমি নিজেসহ সাপোর্ট স্টাফ যাঁরা আছেন, আশা করি সবার প্রচেষ্টায় আমরা ভালো করব। প্রস্তুতি নিয়ে কতটা সন্তুষ্ট?জার্গেনসেন: খুবই সন্তুষ্ট। দারুণ সুযোগ-সুবিধা পেয়েছি আমরা। বিসিবিকে ধন্যবাদ জানাতে হবে পাশে থাকার জন্য। গত কয়েক দিনে ক্রিকেটাররাই বলেছে, সার্ভিস কত ভালো হয়েছে। আমরা চেষ্টা করেছি শ্রীলঙ্কার মতো উইকেটে অনুশীলন করার। কিন্তু টানা এক মাস টি-টোয়েন্টি খেলা, গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ খেলা, টেস্টের জন্য আদর্শ প্রস্তুতি কি হলো এতে?জার্গেনসেন: গত তিন দিন ও আগের দুই দিনে আমরা যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করেছি অনুশীলনকে কাজে লাগানোর। টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ট্রেনিং সেশনগুলো সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে হয়েছে। শ্রীলঙ্কায় যাওয়ার পর কতটা সুযোগ-সুবিধা পাব আমরা জানি না। এ জন্যই গত কয়েক দিনকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেছি।