‘টনিক’ খুঁজছেন ইনিয়েস্তা
এই পরাজয়ের দুঃস্মৃতি তাড়া করে ফিরবে অনেক দিন। এই শোকের বিলাপ গুমরে ফিরবে অনেক দিন। এই ক্ষত থেকে রক্তক্ষরণ হবে অনেক দিন। আন্দ্রেস ইনিয়েস্তাও তা জানেন। জানেন বলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার শোক কাটিয়ে ওঠার আপাত একটা উপলক্ষ খুঁজছেন। সেই উপলক্ষ লিগ শিরোপা পুনরুদ্ধার। যা থেকে মাত্র এক ধাপ দূরে বার্সেলোনা। পঞ্চম বছরে চতুর্থ লিগ শিরোপা আগামীকালই জিতে যেতে পারে বার্সা। এমনকি এক পা দিয়ে রাখতে পারে আজই।আজ বার্সার খেলা নেই। তবে রিয়াল মাদ্রিদের আছে। হারলে তো কথাই নেই, আজ রিয়াল যদি ড্রও করে, আগামীকাল জিতলেই শিরোপা নিশ্চিত বার্সার। আগের ম্যাচে পুঁচকে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে শেষ মুহূর্তে জয় হাতছাড়া করায় বার্সার জয়োৎসব বিলম্বিত হচ্ছে। রিয়াল আজ নিজেদের মাঠে খেলবে ভ্যালাদোলিদের বিপক্ষে। লিগে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত রিয়াল, জিতেছে এর ১০টিই। পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা ভ্যালাদোলিদের জন্য রিয়ালকে হারানো এভারেস্ট জয়ের মতো ব্যাপার। লিগের প্রথম লড়াইয়ে ভ্যালাদোলিদ যথেষ্ট ভুগিয়ে রিয়ালের কাছে শেষ পর্যন্ত হেরেছিল ৩-২ গোলে।সেদিক দিয়ে বার্সেলোনার প্রতিপক্ষই বরং শক্ত। রিয়াল বেটিস শুধু সাতেই নেই, ইউরোপা লিগে কোয়ালিফাই করতে মাত্র ৪ পয়েন্ট দূরে। ম্যাচটা তাই মরিয়া হয়েই খেলবে তারা। টানা তিন ম্যাচে জয়শূন্য, মানসিকভাবে বিধ্বস্ত বার্সাকেও পাচ্ছে বেটিস। তবে ইনিয়েস্তা মনে করিয়ে দিচ্ছেন, এই ম্যাচে বেটিসের চেয়ে আসলে বেশি মরিয়া থাকবে বার্সাই, ‘আমাদের সামনে এখন আরেকটা ম্যাচ আছে। একটার কৃতিত্ব কিন্তু অন্য আরেকটা খর্ব করতে পারে না। লিগ একদম হাতের কাছে। সেদিনও বলেছি, লিগটাও যদি জিতি, মৌসুমটা খারাপ কেটেছে বলা যাবে না। আমাদের মনে আনন্দের অনুভূতি ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব লিগটা জেতা দরকার।’বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার শোকটা সহজেই ভোলা সম্ভব নয় বলেও স্বীকার করেছেন ইনিয়েস্তা, ‘দুটি লেগই আমাদের জন্য ফলাফল এবং অনুভূতির দিক দিয়ে ছিল খুবই কঠিন, রূঢ়। বায়ার্ন যোগ্যতর দল হিসেবেই ফাইনালে গেছে। তারা দুর্দান্ত ফর্ম খুঁজে পেয়েছে, মাঠে সেটার ছাপও দেখা যাচ্ছে। তারা আমাদের চেয়ে শ্রেয়তর ছিল, এটা আমরা বুঝতে পারছি। এই বাস্তবতাই আমাদের বেশি করে পোড়াচ্ছে। পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারাটাও আমাদের পোড়াচ্ছে। ওদের মাঠে, এখানেও আমরা সবটুকু উজাড় করে খেলেছি। কিন্তু তার পরও ফাইনাল থেকে এক ধাপ দূরে থেকে ছিটকে যাওয়াটা সত্যিই খুব কষ্টের।’ এএফপি।