‘টাইগারের’ থাবায় ক্ষতবিক্ষত চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকোয় শুরুর মতো শেষটাও স্মরণীয় করে রাখতে চেয়েছিল চেলসি। কিন্তু এভাবে যে নাকাল হতে হবে, স্বপ্নেও ভাবতে পারেনি রবার্তো ডি মাত্তেওর দল! উয়েফা সুপার কাপে পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হলো তারা ৪-১ গোলে। বিধ্বস্ত হয়েছে তারা একজনের কাছেই—রাদামেল ফ্যালকাও। কলম্বিয়ান এই স্ট্রাইকার করেছেন হ্যাটট্রিক। বাকি গোলটি করেছেন মিরান্ডা।এই বিশ্বের ভয়ংকরতম স্ট্রাইকারদের যে একজন ফ্যালকাও সেটি আবার প্রমাণিত হলো তাঁর এই হ্যাটট্রিকে। চিতার মতো ক্ষিপ্রতা, ডান-বাঁ দুই পায়েই দুর্দান্ত শট, অফুরান গোলক্ষুধা। ‘টাইগার’ ডাকনামটা যে একেবারেই জুতসই, সেটা প্রমাণ করতে ম্যাচের শুরু থেকেই ছিলেন মরিয়া। ক্রসবার বাধা না হলে ম্যাচের চার মিনিটের সময়ই গোল পেতে পারতেন। মিনিট চারেক পরেই অবশ্য গোল পেয়েছেন। আদ্রিয়ান লোপেজের থ্রু যখন ধরেন, তখন সামনে আগুয়ান চেলসি গোলরক্ষক পিওতর চেক। চিপ করলেন, শেষ ডিফেন্ডার ডেভিড লুইজ প্রাণান্ত চেষ্টা করেও বলকে জালে জড়ানো থেকে ঠেকাতে পারেননি (১-০)। ১৯ মিনিটে আবার গোল, এবারেরটা দুর্দান্ত। বক্সের একটু সামনে বল পেয়েছিলেন, সামনেই চারজন ডিফেন্ডারের বর্ম। তাঁদের তো বটেই, চেককেও হকচকিত করে বাঁ পায়ের বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালে (২-০)। দুই গোল খেয়ে চেলসি তখন আহত বাঘের মতোই ক্ষিপ্ত, কিন্তু ফ্যালকাও যে পণ করেছেন চেলসিকে গুঁড়িয়ে দিয়ে তবেই ক্ষান্ত হবেন! পাল্টা আক্রমণে চেকের দুই পায়ের ফাঁক দিয়ে আবার বল জড়িয়ে দেন জালে (৩-০)। এ বলটির জোগানদাতা ছিলেন তুর্কি মিডফিল্ডার আরদা তুরান। বিরতির আগেই ফ্যালকাওয়ের হ্যাটট্রিক, নীল জার্সির তোরেসদের তখন মনে হচ্ছিল হতাশার প্রতিমূর্তি। কে বলতে পারত এই দলটাই গত এপ্রিলে ‘অন্যগ্রহের ফুটবল’ খেলা বার্সেলোনাকে সেমিফাইনালে হারিয়ে পরে বায়ার্নের বাধা টপকে চ্যাম্পিয়নস লিগ জিতেছে! বিরতির পর অবশ্য খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে ব্লুরা। তবে লাভ হয়নি তাতে, উল্টো সেটপিস থেকে গোল করেন মিরান্ডা (৪-০)। ৭৫ মিনিটে গ্যারি কাহিল সান্ত্বনাসূচক গোল করেন (৪-১)। বাকি ১৫ মিনিটে অলৌকিক কিছু করে ম্যাচের ভাগ্য অন্যদিকে ঘোরাতে পারবে চেলসি, এটি কেউ ভাবেনি। হয়ওনি। চমকে দেওয়া এই জয়ের পর ফ্যালকাও-বন্দনায় মুখর হয়েছে মাদ্রিদের ক্লাবটি। ৪ কোটি ইউরোর বিনিময়ে পোর্তো থেকে ফ্যালকাওকে দলে আনে অ্যাটলেটিকো। ফ্যালকাও সেই থেকে বুঝিয়ে দিয়েছেন অর্থটা যোগ্য লোকের পেছনেই ঢালা হয়েছে। এই মৌসুমেও অনেক বড় ক্লাবের নজর ছিল তাঁর ওপর, ফ্যালকাও স্বীকার করেছেনও শেটা। শেষমেশ অ্যাটলেটিকো মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ‘এটা সত্যি, এই গ্রীষ্মে কয়েকটি ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু আমি অ্যাটলেটিকোতেই থাকতে চেয়েছি, তারাও আমাকে ধরে রাখতে চেয়েছে। এসব তারই পুরস্কার।’ অ্যাটলেটিকো কর্তৃপক্ষ এখন ফ্যালকাও বলতে আত্মহারা। ক্লাবের সিংহভাগ শেয়ারের মালিক মিগুয়েল অ্যাঙ্গেল গিলের কথা, ‘একটাই মাত্র ফ্যালকাও আছে এবং সে আমাদের।’এমন একটা হারের কোনো অজুহাত হয় না। সেটা খোঁজেনওনি ডি মাত্তেও, ‘তারা প্রথমার্ধে আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমাদের শুরুটা ছিল অত্যন্ত মন্থর ও এলোমেলো। সেজন্য আমরা শাস্তিও পেয়েছি।’ নিজেদের খেলায় আরও উন্নতি আশা করছেন চেলসির কোচ, ‘আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের আরও অনেক ভালো খেলতে হবে। এটা লজ্জাজনক, আমরা একটা ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’ এএফপি, রয়টার্স।