তাঁর চুলের স্টাইল বিয়ন বোর্গের মতো, কথা শুনলে মনে হয় তরুণ মারাত সাফিনের কণ্ঠ। আদর্শ মানেন রজার ফেদেরারকে। টেনিস খেলেন বলেই হয়তো আলেক্সান্দার জভরেভ যেন টেনিসের বর্তমান ও সাবেক তারকাদের কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করছেন। তবে ১৮ বছর বয়সী জার্মান খেলোয়াড় নতুন ‘কীর্তি’ গড়লেন অনেকটা গলফ কিংবদন্তি টাইগার উডসের মতো। কীর্তিটা কী? বল জাগলিং—মাটিতে পড়তে দেওয়া যাবে না, এই শর্তে বল নিয়ে কারিকুরি। বছর কয়েক আগে নাইকির একটি বিজ্ঞাপনে গলফ ক্লাব নিয়ে এমন কারিকুরি করে চমকে দিয়েছিলেন উডস। এবার মার্কিন গলফারের মতো কাণ্ড করলেন জভরেভও। মার্শেই ওপেনের এক ম্যাচে চিকিৎসাবিরতির সময় র্যাকেটের ওপর টানা ৬১ বার বলকে বাউন্স করিয়েছেন জার্মান তরুণ। শাশা ডাকনামের এই তরুণকে বলা হচ্ছে ‘পরবর্তী ফেদেরার’, বর্তমান এটিপি র্যাঙ্কিংয়ে সেরা ১০০-তে থাকা সবচেয়ে কম বয়সীও তিনি। ফক্স স্পোর্টস।