‘টাইগার’ হয়ে উঠছেন উডস
৭২ হোল শেষ করতে লেগেছে মাত্র ১০০টি ‘পাট’, সঙ্গে ২৭টি বার্ডি। ডব্লুজিসি-ক্যাডিলাক চ্যাম্পিয়নশিপ জয়ের পথে যেন একটা বার্তাও দিয়ে রাখলেন টাইগার উডস। আবারও ফিরেছেন পুরোনো চেহরায়। গত চার টুর্নামেন্টে এই নিয়ে জিতলেন দ্বিতীয় শিরোপা। টাইগার উডস আবার হয়ে উঠছেন ‘টাইগার!’উডসের এটি ৭৬তম পিজিএ টুর শিরোপা, প্রাইজমানি জিতেছেন ১৫ লাখ ডলার। পারিবারিক জীবনের বিপর্যয় প্রায় গিলে ফেলেছিল খেলোয়াড়ি জীবনকেও। সেই হতাশার জাল ছিঁড়ে আবারও ফিরে আসতে যুদ্ধ করতে হয়েছে অনেক। নিজের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন, আজ তাই সেরা ফর্মের কাছাকাছি। উন্নতিটা টের পাচ্ছেন উডস নিজেও, ‘এই সপ্তাহে আমি দারুণ খেলেছি। এমন একটা টুর্নামেন্ট গেল যেখানে আমি যা করতে চেয়েছি, প্রায় তাই করতে পেরেছি।’টুর্নামেন্টে রানারআপ, উডসের স্বদেশি স্টিভ স্ট্রিকার তো নিশ্চিত উডস সেরা ফর্ম ফিরে পেয়েছেন, ‘ওর মানসিকতা ও ফর্ম এই সপ্তাহে যা দেখলাম, ও আবার নিজের প্রতি বিশ্বাস ফিরে পেয়েছে। মনে হচ্ছে সেই ২০০০ সালের সময়কার চেহারায় ফিরেছে। মনে হচ্ছে, খেলাটাকে আবার উপভোগ করতে শুরু করেছে।’ এএফপি।