‘টাই’ ছাপিয়ে ‘স্পিরিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাসের হুসেইন দুই অধিনায়ককে প্রথমে একই প্রশ্ন করলেন, ‘টাই হওয়ায় খুশি না বেজার?’ দুজনই শুরুতে খানিকটা বিভ্রান্ত। উত্তর এল প্রায় একই রকম, ‘জিতলে ভালো হতো, তবে হারের চেয়ে টাই ভালো।’ টাই হওয়ায় অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি ইংল্যান্ডের, ২-০-তে এগিয়ে থাকায় সিরিজ জয় নিশ্চিত হয়েছে তাদের। আর দুঃস্বপ্নের সফরে ইংল্যান্ডের মাটিতে শেষ ম্যাচটিতেও জয়ের দেখা পেল না ভারত। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে ওয়েলসের কার্ডিফে।পরশু অসংখ্যবার বাঁক বদলানো ম্যাচটি টাই হয়েছে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) আইনে। সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ১৬৯ রানের জুটি ভারতকে এনে দিয়েছিল ২৮০ রান। ৬১ রানে ৩ উইকেট হারানো ইংলিশদের এগিয়ে নেন ইয়ান বেল (৫৪) ও রবি বোপারা (৯৬)। দুবার বৃষ্টিতে থামা ম্যাচটিকে বৃষ্টিই শেষ করে দেয়, ইংল্যান্ডের রান ছিল ৪৮.৫ ওভারে ৮ উইকেটে ২৭০। ডিএল পদ্ধতিতে ম্যাচ ‘টাই’।ম্যাচ শেষে অবশ্য টাই-এর উত্তেজনা ছাপিয়ে সামনে এসেছে ক্রিকেটের স্পিরিট। ইংল্যান্ডের ইনিংসের ৪৪ ওভার শেষে হালকা বৃষ্টি নামতে শুরু করে। ইংল্যান্ডের রান তখন ৬ উইকেটে ২৩৩, ডিএল পার স্কোরের চেয়ে পিছিয়ে ২ রানে। সেটা খেয়াল করে গড়িমসি শুরু করেন ধোনি। প্রথমে আরপি সিংকে বোলিং দেন, রানআপ শুরুর পর তাঁকে থামিয়ে আবার বল তুলে দেন মুনাফ প্যাটেলের হাতে। ফিল্ডিং পরিবর্তন করে বোলারের সঙ্গে ‘জরুরি’ আলাপে ব্যস্ত হন। এর মাঝেই বৃষ্টির বেগ বাড়ে, মাঠ ছাড়েন ক্রিকেটাররা।মিনিট দুয়েক স্থায়ী হয় বৃষ্টি। খেলা শুরুর পর ৪৬তম ওভারে ৯ রান নিলেন বোপারা-সোয়ান। ওভার শেষে আবার হালকা বৃষ্টি। ডিএল পার স্কোরে ইংল্যান্ড তখন এগিয়ে ২ রানে। এবার ‘বদলা নেওয়ার পালা। দুই ব্যাটসম্যান ‘জরুরি’ আলাপ সারেন, উইকেটের ক্ষত ঠিক করেন, সোয়ানের চোখে যেন কী পড়ে...ততক্ষণে বৃষ্টি শুরু মুষলধারে। খেলা বন্ধ! পরে শুরু হয়ে আবার বন্ধ হয়। ইংল্যান্ড অবশ্য খুব কাছাকাছি ছিল জয়ের। চূড়ান্তভাবে শেষ হওয়ার ঠিক আগের দুই বলে আউট হন সোয়ান ও বোপারা। দুজনের একজনও আউট না হলে জিতত ইংল্যান্ডই।‘স্পিরিট’ নষ্ট করার দায়টা মাথা পেতে নেন ধোনি, ‘আজ আমরা ক্রিকেটের কু ৎ সিত দিকটা দেখলাম। যে দল এগিয়ে থাকে, তারা খেলতে চায় না। যারা পিছিয়ে, তারা মাঠ ছাড়তে চায় না, পারলে ফুটবলও খেলে! এসব খেলারই অংশ এবং দুই দলই করেছে।’ বাস্তবতা মানছেন অ্যালিস্টার কুকও, ‘মানুষের স্বভাব এ রকমই। কোনো দল এগিয়ে থাকলে স্বাভাবিকভাবেই খুশি মনে মাঠ ছাড়বে। প্রথমবার খেলা বন্ধ হওয়ার পর আমরা দ্রুত মাঠে ফিরতে চেয়েছিলাম। দ্বিতীয়বার আমরা এগিয়ে ছিলাম। সত্যি বলতে, তখন আমরা চাইছিলাম, আরও ঘণ্টা খানেক বৃষ্টি হোক যাতে আর মাঠে নামতে না হয়। এসবের কারণ মূলত, দুই দলেরই জয়ের তৃষ্ণা প্রচণ্ড।’স্পিরিটকে আঘাত করাতেই হয়তো বদলা নিয়েছেন ক্রিকেট-বিধাতা, কোনো দলকেই না জিতিয়ে! ওয়েবসাইট।