
কখনো মোহামেডান, কখনো ভিক্টোরিয়া, কখনো বা গাজী ট্যাংক ক্রিকেটার্স। দলের নাম যাই হোক, প্রিমিয়ার ক্রিকেট লিগে গত চার বছরে তিনবারের চ্যাম্পিয়ন দলের পেছনের মানুষটার নাম একই—লুৎফর রহমান। কাল লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গাজী ট্যাংকের কর্ণধার খুলে বললেন তাঁর শিরোপা জয়ের মন্ত্রের কথা
এ নিয়ে গত চারবারের মধ্যে তিনবারই আপনার দল লিগ চ্যাম্পিয়ন হলো। কতটা ভাগ্যবান মনে করেন নিজেকে?
লুৎফর রহমান: সব বৈরিতা পেরিয়ে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, সে জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এর সব কৃতিত্ব আমার খেলোয়াড়দের।
ঠিক কী ধরনের বৈরিতার মুখোমুখি হয়েছিলেন আপনারা?
লুৎফর: আপনারা দেখেছেন, একটা ম্যাচে কীভাবে আমাদের বিরুদ্ধে পাঁচটা এলবিডব্লুর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আসলে বিভিন্নভাবেই আমরা হেনস্তা হয়েছি। এই সুপার লিগেও একটা ম্যাচে আমাদের বিরুদ্ধে বাজে আম্পায়ারিং হয়েছে।
এবার তো লিগের শুরুতেই আপনার সামনে বাধা ছিল। দলবদলের পুরোনো পদ্ধতি বাদ দিয়ে প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে হলো সবকিছু...
লুৎফর: আমাকে ঠেকানোর জন্য দলবদল পদ্ধতিই বদলে ফেলা হয়েছে। সে হিসেবে আমি আমার জবাব মাঠেই দিয়ে দিয়েছি। একটা দলকে কীভাবে সংগঠিত করে চ্যাম্পিয়ন করা যায়, সেটা আমি প্রমাণ করেছি। সংগঠক হিসেবে আমি সার্থক।
আপনি বৈরিতার কথা বললেন, বাধা দেওয়ার কথা বললেন। আপনার কি মনে হয়, ব্যক্তিগত রেষারেষির কারণেই কি এত কিছুর উৎপত্তি?
লুৎফর: এটা আমি বলতে পারব না। তবে আপনারা দেখেছেন, গত দুই-তিন বছর ধরেই আমি ক্লাব রাজনীতির শিকার। একবার তো দলবদলের আগের দিন পুরো দল নিয়ে আমাকে বের হয়ে যেতে হয়েছিল। শুধু খেলোয়ড়দের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য আমি সেবার আরেকটা দল করেছি। আর এবার তো নিজে পয়সা খরচ করে আমি আমার নিজের দল করেছি।
শোনা যাচ্ছে গাজী ট্যাংক ক্রিকেটার্স আগামীবার লিজেন্ডস অব রূপগঞ্জ হয়ে যাবে...
লুৎফর: এখানেও কিন্তু বৈরিতা। কথা ছিল গাজী ট্যাংকের নামের পাশে ব্র্যাকেটে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ লেখা থাকবে। আমি সে জন্য বোর্ডকে তিনটি চিঠি দিয়েছি। একটারও উত্তর পাইনি।
তাহলে লিজেন্ডস অব রূপগঞ্জের ভবিষ্যৎ কী?
লুৎফর: আমি রূপগঞ্জের ছেলে। সেখানে বিশ্বমানের ক্রিকেট একাডেমি করার জন্য আমি জমি কিনেছি। আমার সঙ্গে শচীন টেন্ডুলকারের কথা হয়েছে। তিনিও হয়তো থাকবেন আমার সঙ্গে।
একাডেমিতে টেন্ডুলকারের ভূমিকা কী থাকবে?
লুৎফর: আমার সঙ্গে থাকবেন। হয়তো বা নামকরণেও তিনি থাকতে পারেন। এ নিয়ে তাঁর সঙ্গে এখনো কথা হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জ নামটার জন্য যেদিন বোর্ডের অনুমতি পাব, সেদিন গ্রান্ড প্রোগ্রাম করব। সেখানেও হয়তো টেন্ডুলকার আসবেন। তাঁকে আমি ইতিমধ্যেই দাওয়াত করেছি। তিনি দাওয়াত গ্রহণ করেছেন।
সংগঠক হিসেবে আপনার সাফল্যের রহস্যটা বলুন। এটা কি শুধু খেলোয়াড়দের ভালো পেমেন্ট দেওয়ার কারণেই?
লুৎফর: পেমেন্ট তো সব ক্লাবই করে। আমি মনে করি একটা দলকে একত্রিত করে একটা পরিবারভুক্ত করতে হয়, দলের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি করতে হয়। আমার মনে হয়, আমি সেটা করতে পেরেছি। স্থানীয় খেলোয়াড় বলেন বা বিদেশি খেলোয়াড় বলেন, সেই অনুভূতিটা আমি ছড়িয়ে দিতে পারি। এখানে টাকা কোনো ব্যাপার না।
মোহামেডান ক্লাবের হয়ে কি আবার দেখা যাবে আপনাকে?
লুৎফর: (হাসি) দেখা যেতে পারে। আমি তো মোহামেডানেরই সদস্য।