‘টাকা দেব বলিনি তো!’
আগের দিন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনুদানের দাবির মুখে বাতিল হয়ে গিয়েছিল সিসিডিএমের সভা। অথচ কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, ক্লাবগুলোকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি নাকি তিনি দেনইনি!প্রিমিয়ার ক্রিকেট লিগ এখন দৃশ্যত ২৫ জুলাইয়ের খেলোয়াড়-লটারির অপেক্ষায় থাকলেও আদতে লিগটা শেষ পর্যন্ত হয় কিনা, তা নিয়েই আছে বড় সংশয়। ক্লাবগুলোর পক্ষ থেকে যখন বলা হচ্ছে, আগে বিসিবি সভাপতি প্রতিশ্রুত অনুদান দেবেন, তারপর দলবদল, ঠিক ওই সময় নাজমুলের কথা আগুনে ঘি ঢালবে সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে কাল বোর্ড সভাপতি বলেছেন, ‘আমি টাকা দিব ও রকম বলিনি তো! মিটিংয়ে ওনারা টাকা চেয়েছেন। গতবার বিপিএল থেকে ওনারা টাকা পেয়েছেন, এবারও চাচ্ছেন। আমিও ছিলাম তখন...আমিই নেতৃত্ব দিয়ে টাকা নিয়েছিলাম। কিন্তু এবার ওনারা একটু বেশি চান। আমি বলেছি এ নিয়ে বোর্ডে আলাপ করব। তবে এ নিয়ে আমি এখনো বোর্ডের সঙ্গে আলাপ করিনি।’কোনো কোনো ক্লাবের টাকা না পেলে খেলোয়াড়দের লটারিতে অংশ না নেওয়ার হুমকিটাকেও যুক্তিসংগত মনে হচ্ছে না নাজমুল হাসানের, ‘আমি দলবদলের সঙ্গে এর কোনো সম্পর্ক খুঁজে পাই না। গতবার যেটা পেয়েছে এবার সেটা দেব কি দেব না, এটা টপ প্রায়রিটি নয়।’ গ্রেডিং পদ্ধতির কারণে ক্লাবগুলোর খরচ এবার কমে যাচ্ছে। মজা করে তাই উল্টো ক্লাবগুলোর কাছেই টাকা চাইলেন বিসিবি সভাপতি, ‘বেশির ভাগ ক্লাবের খরচ এবার আগের চেয়ে এক-তৃতীয়াংশ হয়ে গেছে। এখন আর এসব নিয়ে আলোচনার মানেই হয় না। উল্টো বোর্ডকে টাকা দেওয়া উচিত। তার পরও এই সিদ্ধান্ত আমি একা নিতে পারব না। সিদ্ধান্তটা বোর্ডে নিতে হবে।’