ঘরোয়া ক্রিকেটে বোলার থেকে ব্যাটসম্যান হয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের সেই পরিচয়টা তুলে ধরতে পারেননি। তবে সম্প্রতি ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে নটিংহ্যামশায়ারের বিপক্ষে বিস্ফোরক এক সেঞ্চুরি করে যেন নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন জিয়াউর রহমান ইংল্যান্ড সফরে ‘এ’ দলের সম্বল বলতে তো হারতে হারতে একটা জয়। শুধু আপনার নিজের অভিজ্ঞতাটা যদি বলতে বলি...জিয়াউর রহমান: আমি চারটা ম্যাচ খেলেছি। একদম খারাপ খেলেছি বলব না, তবে আরেকটু ভালো হতে পারত। একটা ম্যাচে ভালো ব্যাটিং হয়েছে...সেঞ্চুরি করলাম। দুই ম্যাচে বোলিংও ভালো হয়েছে। তবে দল খারাপ করলে তো এগুলো চোখে পড়ে না। ৬৯ বলে অপরাজিত ১০৪ রান! নটিংহ্যামশায়ারের বিপক্ষে ও রকম বিধ্বংসী হয়ে উঠেছিল কেন আপনার ব্যাট?জিয়া: আমার ব্যাটিং আগের চেয়ে ভালো হয়েছে। তা ছাড়া ওই দিন উইকেটটাও খুব ভালো ছিল। আগের দুই দিন অসুস্থ ছিলাম। জ্বর আর আমাশয় হয়েছিল। সে জন্য দুটি প্র্যাকটিস ম্যাচে খেলিনি। আর প্রথম ম্যাচে তো আমি দলেই ছিলাম না। তার পরও মাঠে নেমেই নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছি। ১৪৮ রানে ৭ উইকেট পড়ার পরও সাত নম্বরে নেমে ও রকম ব্যাটিং! উইকেটে যাওয়ার পর আসলে কী লক্ষ্য ছিল আপনার?জিয়া: উইকেট পড়ে গেলেও অনেক ওভার বাকি ছিল। ভাবলাম অসুস্থতার কারণে আগের ম্যাচগুলো খেলতে পারিনি, এই ম্যাচে ভালো কিছু করতে হবে। একটাই টার্গেট ছিল—আউট হব না। অন্যরা আউট হলে হোক, আমি শেষ পর্যন্ত থাকব। তারপর দেখা যাক কী হয়। যেভাবে পেটালেন...ওদের বোলিংও কি খুব খারাপ হয়েছিল?জিয়া: মোটেও না। ওখানে যাদের সঙ্গে খেলেছি, কোনোটাই খারাপ দল না। প্রায় একই শক্তির দল সবগুলো। আর এমন না যে আমি নেমেই মেরেছি। ৭ উইকেট পড়ে যাওয়ার পর আমাকেও উইকেটে গিয়ে ৫-৭ ওভার কষ্ট করতে হয়েছে। সেট হয়ে তারপর অ্যাটাক করেছি। তাহলে তো ব্যাটিংয়ের আত্মবিশ্বাসটা আরও বেড়েছে এখন...জিয়া: নিশ্চয়ই বেড়েছে। আমি ভালো বোলারদের বিপক্ষেই সেঞ্চুরি করেছি। সামনে নিউজিল্যান্ড সফর। সেখানে এই অভিজ্ঞতা কাজে লাগবে আশা করি। কিন্তু পেসার হিসেবে ইংলিশ কন্ডিশনে বোলিংটা কি আরও ভালো হতে পারত? চার ম্যাচে উইকেট তো মাত্র একটা...জিয়া: আমি যে জায়গায় বল করেছি, সেখানকার জন্য এটা ঠিকই আছে। ১২-১৩ ওভার যাওয়ার পর বল করেছি। ততক্ষণে ব্যাটসম্যানরা সেট হয়ে যেত, বলও পুরোনো হয়ে যেত। আর উইকেট না পেলেও আমি সবচেয়ে কম রান দিয়েছি। ওই কন্ডিশনে বোলিং করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন?জিয়া: আমরা কিন্তু প্রায় প্রতি ম্যাচেই প্রথম ৩০ ওভার পর্যন্ত ভালো বল করেছি। বল খারাপ হয়েছে শেষ ২০ ওভারে। ওখানে নিখুঁত বোলিং করতে হবে। পারফেকশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা না হলে ওদের আটকানো কঠিন। আমাদের উইকেটে অনেক সময় বোলাররা সুবিধা পায়। ওখানে এসব নেই। ভালো বল করতেই হবে। ইংল্যান্ডে ভ্রমণক্লান্তিটা অনেক বেশি সমস্যা করেছে আপনাদের। এ ছাড়া আর কী কারণ ছিল যে দলের পারফরম্যান্স এত খারাপ হলো?জিয়া: প্রথম দুটি ম্যাচে জেতার সহজ সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু প্রতিপক্ষকে ২২৩, ১৯৮ রানে আটকে রেখেও জিততে না পারাটা আমাদের মানসিকভাবে পিছিয়ে দিয়েছে বলে মনে হয়। জেতার সুযোগ পেয়েও জিততে না পারলে তো মন খারাপ হবেই। তা ছাড়া আমাদের মধ্যে ভালো সমন্বয়ও ছিল না। যেদিন বোলাররা ভালো করেছে সেদিন ব্যাটসম্যানরা খারাপ করেছে। আবার যেদিন ব্যাটিং ভালো হয়েছে, বোলিংটা হয়েছে খারাপ।