‘টি-টোয়েন্টিতে তো সমস্যা দেখছি না’
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতীক আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। সাবেক এই ক্যারিবীয় ‘মাস্টার ব্লাস্টার’ এখন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের উপদেষ্টা। রিচার্ডস সম্প্রতি ভারতের একটি দৈনিককে দিয়েছেন বিশাল এক সাক্ষাৎকার। সেখানেই অকপটে খুলে বলেছেন নিজের সম্পর্কে, মতামত দিয়েছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরের নানা বিষয় নিয়ে। সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ কী নামে ডাকলে খুশি হবেন, স্যার ভিভ না ভিভিয়ান?ভিভিয়ান রিচার্ডস: আমার কাছে ভিভিয়ানটাই ভালো। ভিভ রিচার্ডস এবং চুইংগাম চিবোনো ক্রিকেটের শাশ্বত দৃশ্যগুলোরই হয়তো একটি। এখনো কি চুইংগাম চিবোন?রিচার্ডস: না, এখন আর চিবোই না। এখন তো আর কোনো লড়াই চলছে না (হাসি)। চুইংগাম চিবোনোটা সব সময়ই আমার কাজে লেগেছে। চুইংগামের নির্দিষ্ট কোনো ব্র্যান্ড ছিল না। এটা আমাকে শান্তি দিত। এটা টেনশন অনেকটাই কমিয়ে দিত। ওই সময় বস্তুত চুইংগামই আমার জীবন ছিল। ক্রিজে হেঁটে যাওয়া...। আমার মনে হয়, একজন ক্যারিবিয়ান হিসেবে আপনার স্টাইলটা সব সময়ই একটু অলস হবে। নিরাপত্তাবর্মের মতো এই অলস ভঙ্গি আর চুইংগামটাও আমার সঙ্গী ছিল। এই হাঁটাটা আক্রমণাত্মক ছিল না, কিন্তু এই হাঁটাটা বলে দিত আপনি কোন অঞ্চল থেকে এসেছেন। এটা একান্তই একটি ক্যারিবীয় ব্যাপার ছিল। বলা হয়ে থাকে ১৯৭৫-৭৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে আপনি মনোবিদের কাছে গিয়েছিলেন...রিচার্ডস: না, আসলে মনোবিদই এসে আমাকে দেখেছিলেন (হাসি)। তাঁর নাম ছিল রুডি ওয়েবস্টার। তিনি নিজেও ওয়েস্ট ইন্ডিজের, বারবাডোজের। তিনি এসে নিজেই সাহায্যের প্রস্তাব দেন। ভারতে একটি সফল সফর শেষে আমি তখন মুখোমুখি হয়েছিলাম সে সময়ের সেরা দল অস্ট্রেলিয়ার ও সেরা ফাস্ট বোলারের। এমন নয় যে আমি খোঁচা মেরে বা এ রকম কিছু করে আউট হচ্ছিলাম। তবে আমি ৩০ বা ৪০ করে আউট হয়ে যাচ্ছিলাম। এরপরই তিনি এলেন এবং কিছু ব্যাপার খুঁজে বের করলেন, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারতাম। তাঁর সঙ্গে কথা বলার সুফল পাওয়া গেল। আমি অ্যাডিলেডে গেলাম এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরিটা পেলাম। এরপর করলাম ৫০ ও ৯৮। একবার আপনি আউট হওয়ার পর রাগে অগ্নিশর্মা হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন, ঘটনাটি কী ছিল?রিচার্ডস: আমাকে খুব বাজে একটি এলবিডব্লু দেওয়া হয়েছিল (দিল্লিতে)। তখন নিরপেক্ষ আম্পায়ার ছিল না। এমনকি বোলার কপিলও বলে উঠেছিল ‘আহ..’। এর আগের রাতে হোটেলে আমাকে একজন ফোন করেছিল। অজ্ঞাত সেই লোক ফোনে বলেছিল ‘মি. রিচার্ডস, আপনি আমাকে চিনবেন না, তবে আমি যদি আপনার জায়গায় থাকতাম আগামীকাল আম্পায়ার নিয়ে সতর্ক থাকতাম।’ ওটা ছিল ভয়ের, তাই নয় কি? আমি জানি না এরপর কী ঘটল। তখন ম্যাচ পাতানো বা এ রকম কিছু আমরা শুনিনি। আপনাকে কেউ একজন রাতে ফোন করল আর মজার ব্যাপার হলো, পরদিন সেটাই ঘটল। কপিলের বলটা আরেক সেট স্টাম্প থাকলে তাতেও লাগত না। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিলেন। ভগবত চন্দ্রশেখর সম্পর্কে কী বলবেন? আগে বলেছিলেন সেই হচ্ছে একমাত্র বোলার যাকে আপনি সত্যিই সমীহ করতেন?রিচার্ডস: আমার মনে হয় না তাঁর মতো জোরে আর কেউ লেগব্রেক করত, বিশেষ করে যখন বলটা ঘুরত ও বাউন্স করত। আমার জীবনের প্রথম টেস্টে বেঙ্গালুরুতে ৪ ও ৩ রান করে আউট হয়েছিলাম। পরের টেস্টে চন্দ্রশেখর ছিল না (দিল্লি) আর আমি প্রথম সেঞ্চুরিটা পেয়ে গেলাম! আপনি বলেছেন, ব্যাটসম্যানদের অনেক সময় ভয়ডরটা লুকাতে হয়। কোনো বোলার কি আপনার সামনে একই কাজটা করেনি?রিচার্ডস: ডেনিস লিলি প্রায়ই এই কাজটা করত। যখন আমি তাকে পিটিয়ে ছাতু বানাতাম সে তখনো এমন ভাব করত, যেন কিছুই হয়নি। অনেক সময় আপনি যখন সেঞ্চুরি করেন দেখবেন অনেক বোলার হতাশ হয়ে যায়। কিন্তু এই লোকটা ১৫০ করে ফেলার পরও আপনাকে অনমনীয়ভাবে বল করে যাবে। মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার কে ছিল?রিচার্ডস: অন্য যে কারও চেয়ে জেফ টমসন ছিল বেশি বিব্রতকর। তাঁর অ্যাকশনটা পুরোপরিই অন্য রকম ছিল। সে বলটাকে যেন তাঁর পেছনে কোথাও লুকিয়ে রাখত। খুব ভালো লেংথ থেকেও সে বলটাকে তুলতে পারত। আর এত জোরে বল করা, যেকোনো ব্যাটসম্যানেরই সমস্যা হতো। আপনি কি মনে করেন টি-টোয়েন্টি আসার পর বোলারদের প্রাপ্য সম্মানটা কমে গেছে?রিচার্ডস: বোলারদের তাদের কাজগুলো গুছিয়ে করতে হবে। কারণ ব্যাটসম্যানরা সেটাই করছে। ব্যাটসম্যানদের মতো আপনাকেও উপায় খুঁজে বের করতে হবে। মাথাটা কাজে লাগাতে হবে বোলারদের। ব্যক্তিগতভাবে আপনি কি টি-টোয়েন্টি পছন্দ করেন?রিচার্ডস: এটিতে আমি তো কোনো সমস্যা দেখছি না। একসময় মনে করেছিলাম টেস্ট ক্রিকেটটা মরে যাচ্ছে, বিশেষ করে দর্শকস্বল্পতায়। টি-টোয়েন্টির আগমন মূলত ত্রাতা হিসেবে। হয়তো অনেকে বলবে টি-টোয়েন্টি হচ্ছে এটা, টি-টোয়েন্টি হচ্ছে ওটা। কিন্তু এটার বানান এখনো ‘ক্রিকেট’। এটা এখনো ক্রিকেট। তাঁরা যদি নামটা বদলায় তখন আমি বুঝব। এটা শুধুই সংক্ষিপ্ত হয়েছে। টি-টোয়েন্টি সবার দৃষ্টি কেড়েছে। শেন ওয়ার্ন সম্প্রতি বলেছেন, ওয়ানডে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। আর এটা টি-টোয়েন্টি আর টেস্টের কাছে হেরে যাচ্ছে..রিচার্ডস: সে এটা বলেছে? আমি সব সময়ই মনে করি সব ধরনের ক্রিকেটই থাকা উচিত। (বাকি অংশ আগামীকাল)