'টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির রহমান
সাব্বির রহমান

বয়সভিত্তিক দল থেকেই তিনি সম্ভাবনাময় প্রতিভা। কিন্তু জাতীয় দলে ঢোকার মতো ধারাবাহিক হতে পারেননি কখনোই। এবারের ঢাকা লিগে ২৩০ রান করে ও ১৮ উইকেট নিয়ে সুযোগ পেয়েছেন চ্যালেঞ্জ সিরিজের ‘এ’ দলে। আজ থেকে শুরু সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সাব্বির রহমান। এই সিরিজকেই জাতীয় দলে ঢোকার সিঁড়ি বানাতে চান ২২ বছর বয়সী অলরাউন্ডার
 জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের ফিটনেস এমনিতে খুব একটা ভালো থাকে না। আপনার ফিটনেসের রহস্য কী?
সাব্বির রহমান: আমার ফিটনেস সব সময়ই খুব ভালো। অনূর্ধ্ব-১৯, একাডেমি, ‘এ’ দল—সব সময়ই ফিটনেস দারুণ ছিল। আমি যেটা করি, সব সময়ই শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি। খেলা না থাকলেও নিয়মিত ফিটনেস ট্রেনিং করি। বাড়িতে (রাজশাহী) গেলে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভালো জিম আছে, ওখানে ট্রেনিং করি। মাঠে রানিং করি প্রচুর।
 চ্যালেঞ্জ সিরিজের ‘এ’ দলে সুযোগ পেয়ে কেমন লাগছে?
সাব্বির: সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি। সুযোগটা খুব করে চাইছিলাম। প্রিমিয়ার লিগে এবার ভালো খেলেছি, সেটার ভূমিকা থাকতে পারে। আর আগেও যখন একাডেমি, এ দলে খেলেছি, খারাপ করিনি।
 সুযোগটা খুব করে চাইছিলেন কি দেশের মাটিতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে?
সাব্বির: সরাসরি তা নয়। এমন একটা সিরিজে তো সবাই খেলতে চায়, যেখানে দেশের সেরা সব ক্রিকেটার খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা তো মাথায় আছেই। এই সিরিজে কোচ-নির্বাচকদের নজর থাকবে। আমি চোখে পড়ার মতো কিছু করতে চাই।
 আপনার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে বোলিং-ফিল্ডিং নিয়ে টি-টোয়েন্টির জন্য আপনি হতে পারেন আদর্শ, যদি পারফর্ম করতে পারেন...
সাব্বির: আমি এখন পারফরম্যান্স নিয়েই ভাবছি। কিছুদিন আগে করপোরেট টি-টোয়েন্টিতে ভালো খেলেছি, ঢাকা লিগেও খারাপ করিনি। ওই ফর্মটা এই সিরিজেও ধরে রাখতে চাই। দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। তাই এই সিরিজটিতে ভালো করতে চাই। আর শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, সামনে এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ আছে। ভালো করলে বিশ্বকাপের আগেই সুযোগ আসতে পারে।

 বয়সভিত্তিক পর্যায় থেকেই আপনাকে অনেক সম্ভাবনাময় মনে করা হয়েছে। কিন্তু জাতীয় দলে ঢোকার মতো পারফরম্যান্স এখনো দেখাতে পারেননি, ঘাটতিটা কোথায় থেকে গেছে মনে হয়?
সাব্বির: বয়সভিত্তিক দলে পারফর্ম করেছি, একাডেমি, ‘এ’ দলেও করেছি। তবে মাঝে আমার পারফরম্যান্সে ধারাবাহিকতার একটু অভাব ছিল। সব খেলোয়াড়ের জীবনেই ভালো-খারাপ সময় আসে। আমারও এসেছিল। সে কারণেই এখনো জাতীয় দলে ঢুকতে পারিনি। এখন ফর্মে আছি, আশা করি শিগগিরই জাতীয় দলে খেলতে পারব।
 কখনো কি মনে হয়েছে ব্যাটিং-বোলিং দুটোতেই বিশেষজ্ঞ না হতে পারাই কাল হয়ে দাঁড়িয়েছে, অনেকটা মিনি অলরাউন্ডার ধরনের?
সাব্বির: আমি তা মনে করি না। আমি তো দুটোই ভালো করতে চাই। অলরাউন্ডারদের সুযোগও বেশি। একটায় খারাপ করলে আরেকটায় পুষিয়ে দেওয়া যায়। তবে হ্যাঁ, মিনি অলরাউন্ডার কখনোই হতে চাই না। আমার সব সময়ই লক্ষ্য দুটোই ৫০-৫০ না করে বা একটি ৮০, আরেকটি ২০ না করে দুটোতেই ৭০-৮০ করা।
 লেগ স্পিন তো অনেক কঠিন একটি শিল্প। বোলিংয়ে পর্যাপ্ত সময় দিতে পারেন?
সাব্বির: আমি নিজেকে ব্যাটিং অলরাউন্ডার ভাবি। অনেক সময় মনে হয়েছে, বোলিংটা বাদ দেব কি না। পরে আবার মনে হয়েছে যে না, বোলিংটাও আমার সম্পদ। একটু বেশি কষ্ট করতে হবে, এই তো। আমি মনে করি, আমার বোলিং খারাপ না। যখনই বোলিংয়ের সুযোগ পেয়েছি, খারাপ করিনি। উইকেট নিতে পারি, এবারের লিগেই যেমন দেখিয়েছি।