‘টি-টোয়েন্টি হলো বিনোদন আর টেস্ট ক্রিকেট-শিক্ষা’
টি-টোয়েন্টি নিয়ে আপনার ওই কথাটা তো অমরত্ব পেয়ে গেছে—‘টি-টোয়েন্টি হলো ম্যাগি নুডলসের মতো।’ কিন্তু পেশাদার ক্রিকেটারদের কি যেটিতে বেশি টাকা, সেটিই খেলার কথা নয়? অর্জুনা রানাতুঙ্গা: খেলোয়াড়েরা একদিন খেলা শেষ করার পর ঠিকই বুঝবে। দেখবে, তাদের টাকা হয়তো আছে, কিন্তু টেন্ডুলকার-বোর্ডার-গাভাস্কার-মুরালিধরনদের মতো কোনো টেস্ট রেকর্ড নেই। তখন ওরা ঠিকই কষ্ট পাবে। টেস্ট আর টি-টোয়েন্টির ভারসাম্যটা খুব সতর্কভাবে ঠিক করতে হবে। নইলে সামনে সর্বনাশ অপেক্ষা করছে। আমার কাছে টি-টোয়েন্টি হলো বিনোদন আর টেস্ট ক্রিকেট-শিক্ষা। আপনার সন্তানের জন্য কোনটি বেছে নিতে চান, এটা এখন আপনার ব্যাপার। ক্রিকেটারদের দোষ দেবেন নাকি প্রশাসকদের? ক্রিকেটকে খেলার চেয়ে বেশি ব্যবসা বানিয়ে ফেলেছেন তো তাঁরাই...রানাতুঙ্গা: দুর্ভাগ্যজনক হলো, আপনি যা বললেন, সেটাই হয়েছে। অর্থের প্রয়োজন আছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু খেলাটা তো সবার ওপরে। এখন প্রশাসকেরা এটিকে যত না খেলা, তার চেয়ে বেশি ব্যবসা মনে করে। এটা বড় ভুল। আমার কাছে ক্রিকেট সবার আগে খেলা। খেলোয়াড়েরা যাতে ভালো থাকে, সেজন্য অর্থেরও দরকার আছে। কিন্তু শুধু অর্থের পেছনে দৌড়ালে খেলোয়াড়েরা সব ধ্বংস হয়ে যাবে। অনেক বড় বড় খেলোয়াড়কে দেখি, টেস্ট-ওয়ানডে বাদ দিয়ে শুধু টি-টোয়েন্টি খেলছে। দেখে খুব খারাপ লাগে। ওদের কাছে অর্থটাই কি জীবনের সব! পাল্টা যুক্তি হিসেবে যদি কেউ বলে, এখন মানুষের জীবন দ্রুত লয়ের। পাঁচ দিন ধরে টেস্ট দেখার সময় কারও নেই...রানাতুঙ্গা: ইংল্যান্ডে গিয়ে দেখুন। ইংল্যান্ড যখন বাংলাদেশের সঙ্গে খেলেছে, চতুর্থ দিনেও লর্ডস ভরা ছিল। টেস্ট ক্রিকেট ভালোবাসে, এমন মানুষ অনেক আছে। কারণ তারা শিক্ষিত, বোঝে কোনটা আসল খেলা। এশিয়ার ব্যাপারটা আমাকে খুব বিস্মিত করে। কারণ আমি একসময় ভারতে টেস্ট ম্যাচে অনেক দর্শক দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে দেখেছি। শেষ পর্যন্ত কথা একটাই, টেস্ট আর টি-টোয়েন্টির ভারসাম্যের ব্যাপারে খুব সাবধানী হওয়া। কদিন আগে আপনি বলেছেন, শচীন টেন্ডুলকার যেন খেলা চালিয়ে যায়, নইলে টেস্ট ক্রিকেট মরে যাবে। সত্যিই কি এমন ভয় আছে?রানাতুঙ্গা: না, মনে হয় না তা হবে। আপনি দেখুন না, যখন কোনো ক্রিকেট আড্ডা হয়, টেলিভিশনে বিতর্ক হয়, কী নিয়ে আলোচনা হয়? টেস্ট আর ওয়ানডে নিয়েই, টি-টোয়েন্টি নয়। বলুন না, কজন টি-টোয়েন্টি ক্রিকেটারকে মানুষ বড় খেলোয়াড় হিসেবে সম্মান করে, আর কজন টেস্ট আর ওয়ানডে ক্রিকেটারকে! ক্রিকেটাররা যেন এটি মনে রাখে। সমস্যা হলো, টি-টোয়েন্টির ‘মধু’ খেয়ে সাবেক খেলোয়াড়দের মধ্যেও বেশির ভাগই আপনার মতো করে বলে না। ব্রায়ান লারার মতো ক্রিকেটার বিপিএলে গিয়ে বলে ফেললেন, তাঁর রেকর্ড নাকি টি-টোয়েন্টির বড় ব্যাটসম্যানদের কেউই ভাঙবে! এসব কথা শুনলে আপনার কেমন লাগে?রানাতুঙ্গা: কারও নাম ধরে কিছু বলতে চাই না। তবে শুধু এ কারণেই আমি টি-টোয়েন্টি-সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে জড়িত হইনি। অনেক অফার ছিল। পাকিস্তান যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এতে যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তা করতে আমি প্রস্তুত। কিন্তু টি-টোয়েন্টির সঙ্গে কোনোভাবেই জড়াতে চাই না। অর্থ হয়তো গুরুত্বপূূর্ণ, তবে আমার বাবা একটা কথা বলতেন, ‘টাকা কামানোর জন্য বেঁচে থেকো না। টাকা যা-ই থাক, সেটি নিয়েই বাঁচতে শেখো।’ আমি এই নীতি সব সময়ই মেনে এসেছি, এখনো মানছি, ভবিষ্যতেও মানব। বাবার কথা বলায় আপনার মায়ের কথা মনে হলো। বছর ছয়েক আগে আপনাদের কলম্বোর বাড়িতে গিয়ে কথা বলেছিলাম। ওনার কথা শোনার পর রানাতুঙ্গা ভাইদের সাফল্য আর আমাকে একটুও অবাক করেনি...রানাতুঙ্গা: উনিই আমাদের ঠিক-ভুল বুঝতে শিখিয়েছেন। আমাদের ছয়জনকে যেভাবে মানুষ করেছেন, আমিও এখনো ভেবে পাই না কীভাবে তা পেরেছেন। সেই গাম্পাহা থেকে ট্রেনে সবাইকে নিয়ে কলম্বো আসতেন, ফিরতে ফিরতে রাত, আবার ভোরে উঠে পড়তেন। আমি নিশ্চিত, দু-তিন ঘণ্টার বেশি ঘুম হতো না তাঁর। উনিই আমাকে বলেছিলেন, অর্থের জন্য কখনো তোমার প্রতিভা, তোমার শরীর ও তোমার মুখ বিক্রি করো না। ওই কথাটা আমি সারা জীবন মনে রেখেছি, কখনো কোনো বিজ্ঞাপন করিনি। বিশ্বকাপ জয়ের ১৭তম বার্ষিকীতে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন না করলে কেমন দেখায়! প্রশ্নটা যদি হয়, ১৯৯৬ বিশ্বকাপের আগে-পরের শ্রীলঙ্কান ক্রিকেটে মূল পার্থক্যটা কী?রানাতুঙ্গা: ভালো দিক হলো, অনেক শিশু-কিশোর ক্রিকেট খেলতে শুরু করেছে। তবে অনাকাঙ্ক্ষিত অনেক লোকও ক্রিকেটে ঢুকে পড়েছে। বাজিকর ঢুকেছে, ব্যবসায়ী ঢুকেছে, ওরা ক্রিকেটে এসেছে নাম ফাটাতে আর ক্রিকেট বোর্ডের টাকা চুরি করতে। এখন শ্রীলঙ্কা ক্রিকেটের যে কী রাজনৈতিকীকরণ হয়েছে, তা বলার মতো নয়। খেলোয়াড়দেরও ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত তা করছেন। একবার ভাবুন, কোনো কোনো ক্রিকেটার যখন খেলছে, তখন নির্বাচনে দাঁড়িয়ে গেল। এটা ঠিক নয়। খেলোয়াড়দের দোষ দিই না, দোষ প্রেসিডেন্টের, এই সরকারের। আপনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তখন তো আইপিএলে খেলতে ইংল্যান্ড সফরে যেতে না চেয়ে খেলোয়াড়েরা একরকম বিদ্রোহই করেছিল। শেষ পর্যন্ত হারও মানতে হয়েছিল আপনাকে। সেটি কি এখনো পোড়ায়? রানাতুঙ্গা: না, আমি তো কিছু হারাইনি। বরং পুরো দেশের সম্মান পেয়েছি। আমি এই দেশের মানুষের কাছ থেকে যে সম্মান পাই, আমার মনে হয় না, এখনকার ক্রিকেটাররা তা পায়। আমি হারিনি, হারলে শ্রীলঙ্কা ক্রিকেট হেরেছে। দেশ হেরেছে। এ জন্য আমি এখনো প্রেসিডেন্টকে দোষ দিই। আর ওই সময়ের ক্রীড়ামন্ত্রীর কথা আর কী বলব! আমাদের ইতিহাসের সবচেয়ে জঘন্য ক্রীড়ামন্ত্রী। এমন কোনো সমস্যা হলে প্রেসিডেন্টের দায়িত্ব তা ঠিক করা। উনি কিছুই করেননি। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আবার কি আপনাকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে?রানাতুঙ্গা: বলতে পারি না। যদি নিশ্চয়তা পাই আমার কাজে কেউ হস্তক্ষেপ করবে না, তাহলেই শুধু। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি সফলই ছিলাম। আবারও সফল হতে পারব বলে বিশ্বাসও আছে। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। এই সরকার ক্রিকেটে এভাবে নাক গলায় যে, কাজ করাই কঠিন। তাদের চাপেই তিনটি নতুন স্টেডিয়াম বানানো হয়েছে আর ক্রিকেট বোর্ড দেউলিয়া হয়ে গেছে। ওরা ঠিকই টাকা বানিয়ে নিয়েছে। যদি আমি ওখানে আবার যাই, আমার জন্য কাজ করা কঠিন হবে। কারণ আমি বোর্ড থেকে কাউকে এক পয়সাও নিতে দেব না। বর্তমান ক্রিকেটে একটা কিছু বদলানোর সুযোগ পেলে সেটি কী হবে?রানাতুঙ্গা: ভবিষ্যৎ প্রজন্মকে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট সম্পর্কে শিক্ষিত করে তুলতে হবে। টেস্ট ম্যাচের মূল্যটা বোঝাতে হবে। আমি মনে করি, এটা আমাদের সাবেক ক্রিকেটারদের দায়িত্ব। সবাই বসে আলোচনা করে একটা কিছু করা খুব জরুরি।