‘টি-টোয়েন্টির চেয়েও লজ্জার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বলের মধ্যে রকিবুল ও তামিমকে তুলে নিলেন। কিছুক্ষণ পর সাকিবকে। খেলাটা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে, বোলারের নাম আপনার অনুমান করে ফেলার কথা। হ্যাঁ, ড্যানিয়েল ভেট্টোরিই!প্রতি সিরিজেই বাংলাদেশ দল আলোচনা করে ‘টি পি’ ঠিক করে। টি পি মানে টার্গেট প্লেয়ার। প্রতিপক্ষ দলের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়কে চিহ্নিত করে তাঁর ব্যাপারে একটু বাড়তি মনোযোগ দেওয়া আরকি! নিউজিল্যান্ডের বিপক্ষে এই টি পি অবধারিতভাবেই ড্যানিয়েল ভেট্টোরি।ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের টিম মিটিংয়ে আলোচনা হয়েছে, ভেট্টোরিকে উইকেট না দেওয়ার ব্যাপারে বাড়তি মনোযোগী হতে হবে। অথচ তামিম আর সাকিব যেভাবে আউট হলেন, ‘উইকেট দেওয়া’র এর চেয়ে বড় উদাহরণ আর হয় না।ভেট্টোরি-জুজুর মানসিক চাপই কি এর কারণ? সাকিব আল হাসান মানলেন না। তবে কারণ কী? যে উইকেটকে ব্যাটিং-স্বর্গ রায় দিয়ে নিজেই বলছেন, ‘উইকেটে পেস-টার্ন কিচ্ছু নেই’, সেখানেই কেন আবার বাংলাদেশের গলার কাঁটা হয়ে গেলেন ভেট্টোরি?সাকিবের কাছে কোনো উত্তর নেই। তিনি শুধু অসহায়ত্বের হাসি হাসেন। ডাউন দ্য উইকেট গিয়ে ভেট্টোরিকে উড়িয়ে মারতে গিয়ে যেভাবে আউট হয়েছেন, সেটির ব্যাপারে অবশ্য চূড়ান্ত সমালোচনাটা নিজেই করলেন, ‘একেবারে বোকার মতো আউট হয়েছি। ৪ উইকেট পড়ে গেছে, ওই সময়ে অমন শট!’ বলতে বলতে মাথা নাড়েন বাংলাদেশ-অধিনায়ক।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যাননি। সেখানে বাংলাদেশ দলের প্রতিনিধি তামিম ইকবাল। তাঁকে সাকিব ভেবে ভুল করে স্থানীয় এক সাংবাদিক প্রশ্ন করেছেন, ‘আজ তামিমের সঙ্গে আপনার দলের আরও দু-একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ম্যাচটা কি অন্যরকম হতো না?’ হায় রে, আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর হয়ে যাওয়ার পরও বাংলাদেশের এমনই পারফরম্যান্স যে, খেলোয়াড়দের পরিচয়-সংকটে পড়তে হয়!তামিমের অবশ্য একটু রাগ করারই কথা। এই দিনে তো অন্তত তাঁকে চেনা উচিত। বাংলাদেশের ব্যাটিংয়ে সামান্য যা করার তা তো তিনিই করেছেন। সফট ডিসমিসালের পরও তাই বলতে পারছেন, ‘ওপেনাররা তাঁদের কাজ ঠিকই করেছিল। কিন্তু আমাদের পরের ব্যাটসম্যানরা অকারণে উইকেট দিয়ে এসেছে।’এই ‘অকারণে’ উইকেট দিয়ে আসাটাই লাল-সবুজ পতাকা নিয়ে গ্যালারিতে ভিড় করা প্রবাসী বাংলাদেশিদের বেশি মন খারাপ করাল। এদের মধ্যে বিশেষ একজনও ছিলেন। বাংলাদেশের ক্রিকেটে অপচয়িত প্রতিভার আরেক উদাহরণ আল-শাহরিয়ার এখন নেপিয়ারেই থাকেন। ম্যাচের শুরুতে অনেকক্ষণ টগবগ করে ফুটছিলেন। ম্যাচ শেষে খুব মন খারাপ, ‘বোলাররা উইকেট নিলে কথা ছিল, আমাদের ব্যাটসম্যানরা তো সবাই উইকেট দিয়ে এল। আমরাও এমন করতাম। ১০ বছর পরও যদি এমনই হয়, তা হলে বাংলাদেশ এগোল কোথায়?’বাংলাদেশের ক্রিকেট তো আসলে তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের ওঠা-নামার গল্পই। দেশে ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে ২৬০, ২৯৬, ২৪৯ ও ২৪৭ করার কারণেই এখানে এসে ব্যাটিংটাকে তাঁর দলের মূল শক্তি বলে দাবি করেছিলেন সাকিব। সগর্বে জানিয়েছিলেন, বাংলাদেশের ৮-৯ নম্বর ব্যাটসম্যানেরও সেঞ্চুরি করার ক্ষমতা আছে। অথচ ম্যাকলিন পার্কের ব্যাটিং-স্বর্গে ১৯০ রানে অলআউট!তামিম আক্ষেপ করে বলছেন, ‘আমাদের সমস্যা হলো, এক ম্যাচে শুধু একজনই রান করে। দুই-তিনটা ফিফটি না কি হয় নাকি?’ সাকিবও একমত, ‘এক থেকে তিনের মধ্যে একজন আর চার-পাঁচ-ছয় থেকে একজন বড় রান না করলে খুব সমস্যা।’সমস্যা তো সবাই জানে। কিন্তু সমাধান? আশরাফুল তো ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭৫ করার পর আবার শীতনিদ্রায়। সর্বশেষ কবে ফিফটি করেছেন, রকিবুলের নিজেরই তা ভুলে যাওয়ার দশা। নিজের ব্যর্থতা স্বীকার করেও তিন-চার নম্বরের এই টানা ব্যর্থতার দিকে আঙুল সাকিবের, ‘তিন-চার নম্বর ব্যাটসম্যানরা রান না করায় পরের দিকে আমরা খুব চাপে পড়ে যাই। অন্য দিন মুশফিক ভাই দাঁড়িয়ে যান। আজ উনিও আমার মতো খুব বাজে আউট হয়েছেন।’আউট না হলেই যে বাংলাদেশ জিতে যেত এমন নয়! নিউজিল্যান্ড ৩৩৬ করার পরই তো ম্যাচ শেষ! বাংলাদেশ তিন শই করেছে হাতে গোনা কয়েকবার। তার সবই জিম্বাবুয়ে-কেনিয়া-আমিরাত-আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে কি তা করার ক্ষমতা আছে নাকি বাংলাদেশের? তামিম জানাচ্ছেন, বাংলাদেশের প্ল্যানটা ছিল হাতে যত বেশি সম্ভব উইকেট রেখে প্রথম ২০-২০ চল্লিশ ওভারে ১১০-১১০ করে করা। তা করতে পারলে শেষ ১০ ওভারে একটা সুযোগ নেওয়া যেত।প্রথম ২০ ওভার পর্যন্ত সেই কক্ষপথেই ছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ১১০। কিন্তু ৪০ ওভার শেষে সেটিই হয়ে গেল ৮ উইকেটে ১৮২! বাংলাদেশের যেমন ভোজবাজির মতো উইকেট পড়েছে, তেমনি নিউজিল্যান্ডের রানটাও ৩০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৮ থেকে দেখতে না দেখতেই ৩৩৬! ম্যাচ শেষেও তামিমের চোখেমুখে অবিশ্বাস, ‘৩৩৬টা আমার বিশ্বাস হচ্ছে না। নিজেই নিজেকে জিজ্ঞেস করছি, কখন এত রান করে ফেলল ওরা? পাওয়ার প্লের ৫ ওভারেই নাকি?’জেমি সিডন্স প্রচণ্ড ক্ষুব্ধ। টি-টোয়েন্টিতে বিপর্যয়কে একদমই আমল দেননি। কিন্তু কাল দারুণ একটা শুরুর পর বোলার-ব্যাটসম্যান সবাইকে এমন ‘দাতা মুহসীন’ হয়ে যেতে দেখে বলে ফেললেন, ‘টি-টোয়েন্টির চেয়েও লজ্জাজনক এই পরাজয়!’