'টি-টোয়েন্টির' গতি অ্যাথলেটিকসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেখানেই যান, এটা তাঁকে একবার করে দেখাতেই হয়। নাইট্রো-অ্যাথলেটিকসে অংশ নিতে গিয়েও ব্যতিক্রম হলো না, বিখ্যাত সেই ‘লাইটনিং বোল্ট’ পোজ দিলেন উসাইন বোল্ট। কাল মেলবোর্নে l এএফপি
যেখানেই যান, এটা তাঁকে একবার করে দেখাতেই হয়। নাইট্রো-অ্যাথলেটিকসে অংশ নিতে গিয়েও ব্যতিক্রম হলো না, বিখ্যাত সেই ‘লাইটনিং বোল্ট’ পোজ দিলেন উসাইন বোল্ট। কাল মেলবোর্নে l এএফপি

টি-টোয়েন্টির শুরুটাও এমন চিন্তাভাবনা থেকেই হয়েছিল। ক্রিকেটকে সবার কাছে আরও আকর্ষণীয় করা, টেলিভিশন ও মাঠে আরও দর্শক টানা। সেই ভাবনা যে বেশ সফল হয়েছে, তা বোধ হয় না বললেও চলে। একই পথে হেঁটে অ্যাথলেটিকসও কি পারবে সফল হতে? উত্তরটা হয়তো এখনই পাওয়া যাবে না। তবে মেলবোর্নে আজ শুরু হতে যাওয়া নাইট্রো অ্যাথলেটিকসের আসরে কিছুটা আভাস তো পাওয়া যেতেই পারে। অ্যাথলেটিকসকে আরও জনপ্রিয় করতে নতুন ধরনের কিছু ইভেন্ট নিয়ে প্রথমবারের মতো হতে যাওয়া এ টুর্নামেন্টে থাকছেন এ গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্টও।
তিন দিনের টুর্নামেন্টে বাকি দুই দিনের ইভেন্টগুলো হবে ৯ ও ১১ ফেব্রুয়ারি। কেন এ রকম একটা টুর্নামেন্ট করার দরকার হলো? উত্তরটা শুনিয়েছেন আয়োজক অ্যাথলেটিকস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল জোনস, ‘খেলা হিসেবে অ্যাথলেটিকস যথেষ্ট সফল, অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ সংবাদমাধ্যমে খুব ভালো প্রচারও পায়। কিন্তু এর নিচের স্তরগুলোতে যেসব টুর্নামেন্ট হয়, সেগুলো নিয়ে সংবাদমাধ্যম বা দর্শকদের খুব একটা আগ্রহ থাকে না, পৃষ্ঠপোষকও পাওয়া যায় না। আমরা চাই আকর্ষণীয় কিছু
করে এই ধারাটা বদলাতে।’
সে জন্যই প্রথাগত ইভেন্টের বাইরেও নাইট্রো অ্যাথলেটিকসে রাখা হয়েছে হার্ডলস রিলে, ২x৩০০ মিটার মিক্সড রিলে, ৬০ মিটার স্প্রিন্ট, এলিমিনেশন মাইল ও কম্বাইন্ড-হাইট পোল ভল্টের মতো কিছু ইভেন্ট। যেখানে উসাইন বোল্ট নেতৃত্ব দেবেন অল স্টারস দলের। এ ছাড়া টুর্নামেন্টে বাকি চারটি দল ইংল্যান্ড, চীন, নিউজিল্যান্ড ও জাপান। বোল্ট অংশ নেবেন একাধিক ইভেন্টে, তবে কোন কোন ইভেন্টে, সেটি এখনো নিশ্চিত নয়। এ রকম একটি টুর্নামেন্টের অংশ হতে পেরে রোমাঞ্চিত জ্যামাইকান কিংবদন্তি, ‘এখানে এমন অনেক কিছু দেখা যাবে, যা আগে কখনো হয়নি। আমার মনে হয় এটা টি-টোয়েন্টি ক্রিকেটের মতো আকর্ষণীয় হবে। এটা দারুণ একটা ভাবনা। এ জন্যই আমি এর অংশ হয়েছি।’
আর বোল্ট যখন কোনো একটা টুর্নামেন্ট ‘আকর্ষণীয় হবে’ বলে দেন, সেটা নিয়ে দর্শকদের মাতামাতি তো হতেই পারে। আয়োজকেরাও সেটাই চাইছেন। আরেকটা কারণেও এটা কিছু বাড়তি দর্শক টানতে পারে। অবসরের আগে বোল্টকে যে আর খুব বেশি ট্র্যাকে দেখা যাবে না! এ বছরই লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ তাঁর শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে—এই ঘোষণা আগেই দিয়ে রেখেছেন সর্বকালের সেরা স্প্রিন্টার। এদিক-ওদিক থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, হয়তো সেই ঘোষণা থেকে সরে এসে ২০১৮ অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমস পর্যন্ত ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন। কিন্তু জ্যামাইকান কিংবদন্তি নিশ্চিত করে দিয়েছেন, ‘আগামী মৌসুমে আবারও এখানে আসা এবং আমি যেভাবে জিততে চাই, সেটার জন্য কঠোর অনুশীলন করাটা আমার জন্য খুব কঠিন। এটা হবে না।’ রয়টার্স, বিবিসি