‘টিম বিজেএমসি’র আত্মপ্রকাশ
১৯৭২ সালের ঘটনা। ফুটবল খেলতে কাজী সালাউদ্দিনকে অনেকটা জোর করেই টাঙ্গাইল নিয়ে গিয়েছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী সেদিন সালাউদ্দিনকে খেলা শেষে খাইয়ে-দাইয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন। সঙ্গে দিয়েছিলেন টাঙ্গাইলের বিখ্যাত চমচম। সেই স্মৃতি মনে করে কাল একচোট হাসলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদে কাল এই দুজনকে এক মঞ্চে পাওয়া গেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় বাজেটের দল ‘টিম বিজেএমসির’ আত্মপ্রকাশ উপলক্ষে। আনুষ্ঠানিকভাবে দলের নামফলক উন্মোচন করার কথা ছিল কাজী সালাউদ্দিনের। কিন্তু অনুষ্ঠানে আসতে দেরি হওয়ায় তাঁর বদলে ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।স্বাধীনতার আগে দলটির নাম ছিল ইপিআইডিসি। দেশ স্বাধীন হওয়ার পর হলো বিজেআইসি, পরে বিজেএমসি। নামটা পুরোনো। তবে ‘টিম বিজেএমসি’ নামের মধ্যে দলটির পুনর্জন্ম দেখা হচ্ছে। বেশ কিছুদিন ধরে অ্যাথলেটিকস, সাইক্লিং, ভলিবল, কাবাডিতে অংশ নিলেও এবার বিজেএমসি গড়তে যাচ্ছে ফুটবল দলও। বড় বাজেটের এই দলটিকে হয়তো আগামী পেশাদার লিগেই দেখা যেতে পারে। দলটির আত্মপ্রকাশের ঘোষণা উপলক্ষে কাল এক ছাদের নিচে এসেছিলেন বিজেএমসির সাবেক ও বর্তমান প্রজন্মের ফুটবলার ও অ্যাথলেটরা। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো দলের জার্সিও। এটি উন্মোচন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। এক ফাঁকে বিজেএমসির দুই প্রজন্মের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এসএ গেমসে প্রথম সোনাজয়ী অ্যাথলেট মজিবুর রহমান মল্লিক, মিলজার হোসেন, জোৎস্না আফরোজ, আখেরুন নেসা, বর্তমান দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি, হাইজাম্পার সজীব হোসেন, ফুটবলার আবদুস সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলামরা আলো করে ছিলেন অনুষ্ঠানে।ক্রেস্ট হাতে নিয়ে স্মৃতি হাতড়ে যেন পুরোনো দিনে ফিরে গেলেন সাবেক ফুটবলার সালাম মুর্শেদী, বর্তমান বাফুফের সিনিয়র সহসভাপতি, ‘আমি ১৯৭৭ সালে ঢাকায় এসে প্রথম খেলেছিলাম বিজেএমসিতে। ১৯৭৯ সালে বিজেএমসি ঢাকা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখান থেকে আমার উত্থান। আমি এরপর মোহামেডান হয়ে জাতীয় দল, সংগঠক, বিজেএমইর সভাপতি—সব হয়েছি। আমার এখানে আসার পেছনে বিজেএমসির অবদান অনেক।’ যুক্তরাষ্ট্র-প্রবাসী ফুটবলার আবদুল গাফফারকেও সম্মাননা দিয়েছে বিজেএমসি। ‘আমি বিজেএমসিতে খেলিনি। তবুও এই সম্মাননা পেয়ে ভীষণ ভালো লাগছে’—জানিয়েছেন গাফফার।ফুটবলার তুলে আনার নানা পদক্ষেপও নিচ্ছে বিজেএমসি। এ জন্য সারা দেশে তারা রোড শো করবে। বাংলাদেশের ফুটবলে টিম বিজেএমসির আগমনকে স্বাগত জানাচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো যদি বিজেএমসিও বড় অঙ্কের বাজেট নিয়ে ফুটবলে আসে, তাহলে এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাব।’