উত্তরায় চলছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট। সেখানে খেলছেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালি। বেশ কবার বাংলাদেশে খেলতে আসা এই গ্র্যান্ডমাস্টার কথা বললেন বাংলাদেশের দাবা এবং অন্যান্য বিষয়ে... বাংলাদেশে এই নিয়ে কবার এলেন?ইউলদাশেভ সাইদালি: অনেকবারই হবে। একটু ভেবে...(ছয়বার তো হবেই)। এখানে প্রথম কবে খেলতে এসেছিলেন?সাইদালি: ১৯৯৬ সালে। কেমন লাগছে এই টুর্নামেন্ট?সাইদালি: খুবই ভালো লাগছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা সবাই খুব মজা করছি। টুর্নামেন্টটা নিয়মিত চালিয়ে যাওয়া উচিত। আপনার রেটিং কত? সাইদালি: আমার রেটিং ২৫১১ পয়েন্ট। এটির আয়োজক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?সাইদালি: হ্যাঁ, আমি জানি, উনি এই টুর্নামেন্টের আয়োজক। ই-মেইলের মাধ্যমে আমার সঙ্গে ওনার প্রায়ই যোগাযোগ হয়। একদিন হঠাত্ ফোন করলেন আমার বাড়িতে। আমি সব শুনলাম। এরপর মনে হলো এখানে খেলা যায়। তাই রাজি হয়ে গেলাম বাংলাদেশে খেলতে আসতে। সিক্স সিজনস দাবার আইডিয়াটা তো ফার্স্ট স্যাটারডে থেকে নেওয়া। হাঙ্গেরির ওই টুর্নামেন্টে কি খেলেছেন কখনো?সাইদালি: হ্যাঁ, আইডিয়াটা চমত্কার। আমি এই টুর্নামেন্ট সম্পর্কে জানি। তবে দুঃখের বিষয়, আমি হাঙ্গেরির ফার্স্ট স্যাটারডে টুর্নামেন্টে কখনো খেলিনি। উজবেকিস্তানে রুস্তম কাসিমজানোভ, আলেক্সি বারসভের মতো গ্র্যান্ডমাস্টার উঠে আসছেন। তাঁদের সম্পর্কে কিছু বলুন।সাইদালি: (হেসে..)। রুস্তমকে আমি কোচিং করিয়েছি। ও তো আমার ছাত্র। ওকে আমিই দাবা খেলা শিখিয়েছি। বারসভের সঙ্গেও খেলেছি। উজবেকিস্তানের দাবার খবর কী?সাইদালি: ভালোই চলছে। আমাদের দেশের বেশ কিছু তরুণ দাবাড়ু উঠে আসছে। ওরা বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলছে। বাংলাদেশের দাবাড়ুদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?সাইদালি: হ্যাঁ, এখানে বেশ কজন শক্তিশালী দাবাড়ু আছেন—রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান। দল হিসেবেও বাংলাদেশ শক্তিশালী। ওরা আন্তর্জাতিক টুর্নামেন্টে কিন্তু ভালোই খেলে। একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে বাংলাদেশের দাবাড়ুদের আন্তর্জাতিক অঙ্গনে খেলতে কীভাবে অনুপ্রেরণা দেবেন? সাইদালি: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়েরাও ভালো করবে বলে বিশ্বাস আছে আমার। তবে তাদের আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনার নিজের সম্পর্কে বলুন?সাইদালি: স্ত্রী, দুই ছেলে, এক মেয়েকে নিয়ে আমার পরিবার। ওরা তাসখন্দেই থাকে। দাবা খেলার বাইরে অন্য কিছু করেন? সাইদালি: না। খেলার বাইরে সেভাবে কিছু করি না। কোচিং দিই দেশে। আর বিভিন্ন টুর্নামেন্টে খেলি।