‘টেকনিকে নয়, সমস্যা মানসিকতায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৩১ রান। দ্বিতীয় ম্যাচে প্রথম পাঁচজন মিলে করলেন ৪৩। সমস্যাটা কোথায়, ছয় বছরের বাচ্চারও জানা। তার পরও সংবাদ সম্মেলনে সাকিবের কাছে প্রথম প্রশ্ন হলো এটাই। পাওয়া গেল অনুমিত উত্তরও, ‘আমাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই রান করতে পারেনি। ওয়ানডে ম্যাচে প্রথম পাঁচ ব্যাটসম্যান রান করতে না পারলে ভালো স্কোর করাটা খুব কঠিন।’পরপর দুই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রতিযোগিতা তো সবাই দেখেছেনই। কিন্তু সব ব্যাটসম্যানের একসঙ্গে ব্যাটিং ভুলে যাওয়ার কারণ কি কিছু আবিষ্কার করতে পেরেছেন অধিনায়ক? সাকিবের উত্তর, ‘আলাদা করে প্রত্যেকের কাছে জানতে হবে, তাঁদের মনের মধ্যে কী হচ্ছে। আমি যেটা বুঝি, টেকনিকের কোনো সমস্যা নয়, সমস্যাটা মানসিকতায়। যেকোনো কারণেই হোক, আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলছি না।’ সাকিবের কাছে সেই স্বাভাবিক খেলা খেলতে না পারার কারণ মনে হচ্ছে আত্মবিশ্বাসের অভাবকে। কথাটা যে ঠিক, মোহাম্মদ আশরাফুলই এর বড় প্রমাণ। উইকেটে ৪৩ মিনিটই ম্রিয়মাণ হয়ে থাকলেন। ৩১ বলে ৬ করার পর যে-ই একটু মারতে গেলেন, তখনই আউট। খুব কি ভালো বলে? মোটেই না। বাকি ব্যাটসম্যানদের ক্ষেত্রেও ঘটনা তা-ই। টসে হেরে ব্যাটিং করতে হওয়াটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না, ‘আমি মনে করি, এই উইকেটে যেকোনো দলেরই ২৫০ করা উচিত। আমরা দুবারই ৭০-৮০ রান কম করেছি।’ জিম্বাবুয়ে ভালো বোলিং করলেও তা পরপর দুই ম্যাচে ৫ উইকেটে ৪৩ ও ৬ উইকেটে ৫৮ হয়ে যাওয়ার মতো মনে করেন না সাকিব, ‘ওরা ভালো বোলিং করছে, কিন্তু আমাদের এই বোলিং সামলানোর ক্ষমতা আছে।’ ক্ষমতা তো অবশ্যই আছে। তবে এই সিরিজে এখন পর্যন্ত সেই ক্ষমতা কাগজে-কলমেই, মাঠে কোনো প্রমাণ নেই। যে কারণে বাংলাদেশের পিঠ এখন দেয়ালে, আর একটুও ফাঁক নেই। আগামীকাল তৃতীয় ম্যাচ হারলেই সিরিজ শেষ। স্বাভাবিকভাবেই এই ম্যাচটিকে ‘মারো নয় মরো’ বলে মনে হচ্ছে সাকিবের, ‘মঙ্গলবারের ম্যাচটা জিততে পারলে আমাদের ফিরে আসার সুযোগ থাকবে। এটা আমাদের জন্য মারো নয় মরো ম্যাচ। ভালো খেলতে হবে, বিশেষ করে ব্যাটসম্যানদের।’এই ফিরে আসতে পারা না-পারাটাকে মানসিক শক্তির একটা পরীক্ষা বলে মনে করছেন অধিনায়ক, ‘আমরা ফিরে আসতে পারলে বোঝা যাবে মানসিকভাবে আমরা কত শক্ত। না পারলে বুঝতে হবে আমরা তা নই। তবে আমি বিশ্বাস করি, সহজে হাল ছেড়ে দেওয়ার মতো দুর্বল আমরা নই।’ একমাত্র নাসির হোসেনের প্রসঙ্গেই সংবাদ সম্মেলনে একটু উজ্জ্বলতা দেখা গেল সাকিবের মুখে, ‘ও খুব ভালো খেলেছে। প্রথম ম্যাচে এমনিতেই খুব চাপ থাকে। সেখানে ও যখন নেমেছে, স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ৫৮। ওই অবস্থায়ও ও খুব ভালো ব্যাটিং করেছে। এটা ছিল একটা স্পেশাল ইনিংস।’ ভিটরি সম্পর্কে তামিমের ‘অর্ডিনারি’ মন্তব্য নিয়েও প্রশ্নের উত্তর দিতে হলো সাকিবকে। ‘যে ওটা বলেছে তাঁকেই জিজ্ঞেস করুন না’ বলে এড়িয়ে গেলেন। নিজে দরাজ সার্টিফিকেট দিলেন জিম্বাবুয়েকে, ‘ওদের আমার খুব ভালো প্রস্তুত বলে মনে হয়েছে। সব ম্যাচেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ওরা আমাদের চেয়ে এগিয়ে ছিল।’প্রস্তুতির দিক থেকে দুই দলের পার্থক্য তো আকাশ-পাতাল। তার পরও বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়ে ব্রেন্ডন টেলরও একটু বিস্মিত। টেস্টের পর দুটি ওয়ানডেতেও জয়ের আনন্দ তো আছেই। তবে সেটি মনেই লুকিয়ে রেখে দলকে বরং সতর্ক করে দিচ্ছেন, ‘আমার মনে আছে, ২০০৫ সালে ২-০ তে এগিয়ে যাওয়ার পর আমরা ৩-২ এ হেরেছিলাম। কাজেই আমরা সিরিজ জিতে গেছি এমন ভাবা ঠিক হবে না।’