‘টেনডো’র কথা বলতে ভুলে গিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দল ছোট দলকে হারাবেই—এই কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে দিতে পারেন। আমি বিশ্বাস করব না। ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, যতক্ষণ না বড় দল সত্যি সত্যিই ছোট দলকে হারায়। যখন স্কুলে পড়তাম, এ ধরনের ম্যাচের ফল আমি আগেই ধরে নিতাম। অনুমান ভুল হলে আমাকে দ্বিগুণ যাতনা সহ্য করতে হতো। একইভাবে ম্যাচে আমার দল আন্ডারডগ থাকলে, যদি জিততাম, আমার আনন্দ হয়ে যেত দ্বিগুণ।এ কারণেই আজ আমার দৃষ্টিভঙ্গি-মনোভাব একই রকম থাকবে, যেমনটা যেকোনো বড় দলের বিপক্ষে থাকত। প্রতিপক্ষ হল্যান্ড বলে তাতে কিন্তু কোনো ব্যত্যয় হবে না। জানি, অনেকেই ভাববেন, আমি এমনটা বলছি ভদ্রতার খাতিরে। কিন্তু আমার জন্য এটাই সত্যি।এমনকি হল্যান্ড যদি ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান না-ও করত, আমি যদি ওদের সম্পর্কে কিছুই না জানতাম; তার পরও আমার প্রস্তুতি কিন্তু হতো একই রকম। আমি নিশ্চিত, দলের বাকি সবাই আমার মতো প্রস্তুতি নিচ্ছে। খুব ভালো করেই জানি, ছোট দলগুলো বড়দের মাঝেমধ্যে হারায় বড় দলগুলো তাদের খাটো করে দেখে বলেই; সে তুলনায় বড়দের চেয়ে ছোটরা বেশি ভালো খেলে হারায় খুব কম সময়েই।বিশ্বকাপে যে দলগুলো সবার শেষে তাদের প্রথম ম্যাচ খেলেছে, আমরা তাদেরই একটি। এটা নিয়ে আমি কিন্তু সন্তুষ্টই ছিলাম। তবে এটাও স্বীকার করছি, গত সপ্তাহে দিন যেন কাটছিলই না! এবার টুর্নামেন্টের ফরম্যাটটি আমি উপভোগই করছি। কারণ আমি মনে করি, বিশ্বকাপে বাড়তি কয়েকটি দিনের বিরতি থাকাটা অন্যান্য সিরিজের সঙ্গে এটির পার্থক্য গড়ে দেয়। এটা বিশেষ কিছু হয়ে ওঠে। কিন্তু তার পরও বলছি, দুই সপ্তাহে মাত্র দুটি ম্যাচ—এটা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে। অর্ধেকের মতো দল তো এরই মধ্যে তিনটা করে ম্যাচ খেলে ফেলেছে!অবশ্য দ্বিতীয় ভাগে পুরোদমে ব্যস্ততা শুরু হয়ে যাবে। আমরা টুর্নামেন্টের ব্যস্ততম অংশের দিকেই এগিয়ে যাচ্ছি। তখন হয়তো এই বাড়তি বিরতিটুকু আমাদের কাজে দেবে।আজ আমার প্রতিপক্ষ দলে এমন একজন আছে, পরিস্থিতি অন্য রকম হলে সে হয়তো আমার সতীর্থ হয়েই থাকত। আমি হল্যান্ডের সেরা খেলোয়াড় রায়ান টেন ডেসকাটের কথা বলছি। আমরা দুজনই কেপটাউনের স্কুলে পড়েছি। অবশ্য ও আমার পাঁচ বছরের ছোট। ও যখন ওয়েস্টার্ন প্রভিন্স দলে এল, সৌভাগ্যক্রমে ততক্ষণে আমি জাতীয় দলে। ওর জীবনের গতিপথ পাল্টে গেছে ২০০৩ সালে প্রাক-মৌসুম সফরে কেপটাউনে আসা এসেক্স যখন ওর সঙ্গে চুক্তি করল।এর পর থেকে ও দুর্দান্ত খেলেছে। পাঁচটি ভিন্ন ভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হয়েছিল বলে সব সময় থাকত দৌড়ের ওপর। দেশের সংখ্যা দ্রুতই ছয়ে উন্নীত হচ্ছে। কারণ ও আমার সঙ্গে এবার যোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সে। কদিন আগে এই কলামে লিখেছিলাম, সত্যিকারের অলরাউন্ডারের সংখ্যা দিনকে দিন কমেই যাচ্ছে। দুঃখিত, আমি ‘টেনডো’র কথা বলতে ভুলে গিয়েছিলাম। ডেসকাট সেই বিরল হয়ে পড়া অলরাউন্ডারদের একজন, যে এখনো ভালো করছে।কিছু কিছু দলের জন্য টুর্নামেন্টের একটা আকৃতি তৈরি হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও ওরা ছক কষতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা অবশ্য সেই পর্যায়ে নেই। এই টুর্নামেন্টটিকে যদি ১০ হাজার মিটারের দৌড়ের সঙ্গে তুলনা করি, আমরা আসলে এখনো স্টার্টিং লাইনেও দাঁড়াইনি। নামব নামব করছি। কিন্তু আমরা প্রস্তুত—দৌড় শুরু করার জন্য।