'টেনিস কুঁড়িরা'ই আগামীর ভরসা

বাবা ফুটবল খেলতেন। কিন্তু তামজিদ ইসলাম বাবার পথে হাঁটেনি। টেনিসেই যত আনন্দ খুঁজে নিয়েছে স্কলাস্টিকার পঞ্চম শ্রেণীর ছাত্রটি। বড় ভাইকে দেখে তাহমিদ ইসলামও হাতে তুলে নিয়েছে টেনিস র্যাকেট। রমনা টেনিস কমপ্লেক্সে আন্তস্কুল টেনিস টুর্নামেন্টে দুই ভাই চ্যাম্পিয়ন দুই বিভাগে। বালক এককের পঞ্চম শ্রেণীতে চ্যাম্পিয়ন তাহমিদ, চতুর্থ শ্রেণীতে তামজিদ। গত দুই দিন এই খুদে টেনিস খেলোয়াড়দের কলকাকলিতে মুখর ছিল রমনা টেনিস কমপ্লেক্স।
নামেই আন্তস্কুল টুর্নামেন্ট। কিন্তু স্কুলে সেভাবে অনুশীলনের সুযোগই পায় না খেলোয়াড়েরা। ঢাকার কোনো স্কুলেই টেনিস কোর্ট নেই! এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি সাফল্য ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের। কিন্তু ওদেরও খেলতে হয় স্কুলের মাঠের একপাশে নেট টাঙিয়ে। ছুটির পর ঘণ্টা খানেক সুযোগ মেলে অনুশীলনের। এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দেরও নিজস্ব কোর্ট নেই। তাদের খেলতে হয় স্কুলের বাস্কেটবল মাঠের একপাশের ফাঁকা জায়গায়। ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, বিসিএসআইআর ও প্লে-পেন স্কুলের খেলোয়াড়দেরও একই অবস্থা। ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী মাশফিয়া চ্যাম্পিয়ন তৃতীয় শ্রেণীতে। স্কুলে অনুশীলনের তেমন সুযোগ মেলে না বলে সে চলে আসে ফেডারেশনের টেনিস কোর্টে খেলতে। দ্বিতীয় শ্রেণীতে চ্যাম্পিয়ন সাত্তিকা বিশ্বাস মায়ের সঙ্গে এসে অনুশীলন করে ফেডারেশনে।
তিন বছর ধরেই নিয়মিত হচ্ছে আন্তস্কুল টেনিস। এটি মূলত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) জুনিয়র টেনিস কর্মসূচির একটা অংশ। আইটিএফ বাংলাদেশকে বার্ষিক যে অনুদান দেয় সেটা দিয়ে মহানগরীর বিভিন্ন স্কুলে বছরব্যাপী টেনিস প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। খেলোয়াড়দের দেওয়া হয় টেনিস বল, কিডস টেনিস র্যাকেট ও নেটসহ আনুষঙ্গিক সরঞ্জাম। কিন্তু আইটিএফের এই উদ্যোগে খুব বেশি স্কুলকে পাওয়া যায় না। এবারের আন্তস্কুল টুর্নামেন্টে ৬টি স্কুলের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে প্লে-পেন স্কুল। আগামী বছর থেকে স্কুলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এরই মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার, আদমজী ক্যান্টনমেন্ট, সেন্ট যোসেফ, অক্সফোর্ড ইন্টারন্যাশনালসহ ১৮-২০টি স্কুলে চিঠি দেওয়া হয়েছে। এখান থেকেই আগামী দিনের খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান, ‘ডেভিস কাপে এখন আমরা শুধুই নিচের দিকে নামছি। আশা করি, স্কুল টুর্নামেন্ট চালু রেখে ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে পারব। অন্তত ভিকারুননিসা নূন স্কুল থেকেই ৬-৭ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৪ টেনিসে খেলবে। পাইপলাইনে আরও খেলোয়াড় আছে, যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী।’