'টেন্ডুলকার কেক'!
বেঙ্গালুরুর সেন্ট জোসেফ হাইস্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির শচীন টেন্ডুলকার। এক হাতে ব্যাট। রক্ত-মাংসের টেন্ডুলকার যে নয়, আকৃতিই বলে দিচ্ছে সেটি। নয় কোনো ইট-পাথর বা কংক্রিটের তৈরি প্রতিকৃতিও। চিনি, ডিম, ক্রিম আর ময়দা দিয়ে বানানো এই টেন্ডুলকার আসলে আস্ত একটা কেক!
তবে খাওয়ার জন্য নয়, স্রেফ প্রদর্শনীর জন্য। বেঙ্গালুরুর সেন্ট জোসেফ স্কুলে চলছে বার্ষিক ৩৯তম কেক প্রদর্শনী। এই প্রদর্শনী উপলক্ষেই বিশালাকৃতির এই ‘টেন্ডুলকার-কেক’টা বানিয়েছেন ব্লু হিল গ্রুপের চেয়ারম্যান রামচন্দ্রন।’
১০ হাজার বর্গফুট স্থানজুড়ে বানানো টেন্ডুলকার-কেকটা বিশ্বের সবচেয়ে বড় কেকের রেকর্ড গড়তে যাচ্ছে বলেই খবর। দর্শনার্থীদের বাড়তি দৃষ্টি আকর্ষণ করতে দৈত্যাকৃতি টেন্ডুলকার-কেকের পাশে রয়েছে ১৮ ফুট উচ্চতার হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের রেপ্লিকা। টেন্ডুলকারের কেক তৈরিতে চিনি লেগেছে ৭৫ কেজি, কয়েক কেজি ক্রিম, এক শরও বেশি ডিম। ময়দা কত মণ লেগেছে, একবার অনুমান করুন। কেকটা বানাতে রামচন্দ্রন ও তাঁর ৪০ সহকারীর সময় লেগেছে দুই মাস! প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। টেন্ডুলকারকে সম্মান জানানোর পাশাপাশি অবশ্য আয়োজকেরা অন্যভাবে দু-পয়সা কামিয়েও নিচ্ছেন। আলাদা একটা কাউন্টার খুলে বিক্রি করা হচ্ছে ছোট ছোট কেক, চকলেট, আইসক্রিমসহ নানা কিছু। ওয়েবসাইট।