'টেন্ডুলকার ভাগ্যবান, পড়তে হয়নি মার্শাল-গার্নারদের সামনে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

শচীন টেন্ডুলকারের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই ইমরান খানের। তবে একটি ব্যাপারে কিছুটা দ্বিধা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি সন্দিহান, সত্তর ও আশির দশকে ক্যারিবীয় ফাস্ট বোলারদের বোলিং তোপের সামনে পড়লে টেন্ডুলকার আসলে কেমন করতেন! ইমরান খান মনে করেন, একদিক দিয়ে টেন্ডুলকার ভাগ্যবান যে তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলারদের মুখোমুখি হননি।

সত্তর ও আশির দশকে অ্যান্ডি রবার্টস, কলিন ক্রফট, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং কিংবা ম্যালকম মার্শালদের সামনে শচীন টেন্ডুলকার কেমন করতেন, সেটা তো আর এখন বলা সম্ভব নয়। কারণ, ক্যারিবীয় পেস আক্রমণের যুগ আর টেন্ডুলকারের যুগ সম্পূর্ণ ভিন্ন দুটো সময়। তার পরও ইমরান ব্যাপারটিকে শ্রেষ্ঠত্বের একটা মাপকাঠি হিসেবেই দেখতে চান। তিনি অবশ্য বলেননি, টেন্ডুলকার তাঁর যুগে পেয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আকতার, গ্লেন ম্যাকগ্রা কিংবা মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের মতো অসাধারণ বোলারদেরও।

ভারতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে এসে টেন্ডুলকার সম্পর্কে এই কথা বলে একটু যেন বিব্রতও ইমরান। কথাটা বলেই পরমুহূর্তে এর সপক্ষে কয়েকটি যুক্তিও তুলে ধরেছেন। সুনীল গাভাস্কারের নাম নিয়ে বলেছেন, ‘আমার বন্ধু গাভাস্কার ওই আমলের ক্যারবীয় পেসারদের সম্পর্কে আরও ভালো বলতে পারবেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি জানেন, মার্শাল, গার্নার, হোল্ডিং, ক্রফট, রবার্টসরা কতটা ভয়ঙ্কর ফাস্ট বোলার ছিলেন।’

সিলভারস্টার ক্লার্ক নামের এক ক্যারিবীয় ফাস্ট বোলারের নাম উল্লেখ করে ইমরান বলেন, ‘মার্শাল, গার্নার, হোল্ডিংদের ভিড়ে এই ক্লার্ক ওয়েস্ট ইন্ডিজ দলে খুবই কম সুযোগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় “বিদ্রোহী সিরিজে” এই ক্লার্কই সুযোগ পেয়ে তাঁর পেস বোলিংয়ে প্রতিপক্ষকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল।’