‘টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন পন্টিং’, ম্যাকগ্রার আশাবাদ
বিশ্ব ক্রিকেটে সবাইকে পেছনে ফেলে ব্যাটিং রেকর্ডের অধিকাংশই নিজের দখলে নিয়ে এসেছেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ১৪৫৩২ রান। রান সংগ্রহের দৌড়ে শচীনের সবচেয়ে কাছাকাছি ছুঁটছেন অসি অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের সঙ্গে শচীনের এই ব্যবধান মাত্র ২১৬৯ রান। টেন্ডুলকারের এই রান পাহাড় কারো পক্ষে টপকানো সম্ভব নয়-এই বলে যারা সন্দেহ পোষণ করেন তাঁদের জ্ঞাতার্থে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, ‘রিকি পন্টিং টেন্ডুলকারকে অচিরেই ছাড়িয়ে যাবেন।’ম্যাকগ্রার এই কথায় অবশ্য বাস্তবতার চেয়ে এককালের সতীর্থর প্রতি একরকম অন্ধ সমর্থনই বেশি ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে পন্টিংয়ের ওপরে এখনো আমার পূর্ণ আস্থা আছে। আমি অনেকদিন তার নেতৃত্বে খেলেছি। আমার সবসময়ই মনে হয় যে, পন্টিং টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তাঁর ক্যারিয়ার শেষ করতে পারবেন। হ্যাঁ, শচীন হয়তো এই মুহূর্তে পন্টিংয়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন, তার পরেও আমার বিশ্বাস, পন্টিং অচিরেই শচীনের মতো রান করা শুরু করবেন।’বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে খুব সম্ভবত সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছেন পন্টিং। ব্যাট হাতে শচীনের একেবারে উল্টো কক্ষেই রয়েছেন তিনি। ২০১০ সালে টেন্ডুলকার নিজেকেও ছাড়িয়ে গেছেন অনেকটা। গেল বছর শচীন টেন্ডুলকারের সব প্রতিদ্বন্দ্বীতা ছিল একেবারেই নিজের সঙ্গে। টেস্ট ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন চোদ্দ হাজার রানের মাইল ফলক। পূর্ণ করেছেন সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। এক মৌসুমে সাতটি সেঞ্চুরিসহ করেছেন ১৫৬২ রান। অন্যদিকে নিন্দা ও ধিক্কার ছাড়া পন্টিংয়ের কপালে এ মৌসুমে এখনো পর্যন্ত খুব কম জিনিসই জুটেছে। বছর শেষে তাঁর সংগ্রহ ৮১৩ রান। গড় মাত্র ৩৫.৯৫। টেন্ডুলকারের গড় যেখানে এক মৌসুমেই ৭৮.১০ সেখানে গ্লেন ম্যাকগ্রার এই দাবী কি একটু হাস্যকর মনে হচ্ছে না? টাইমস নিউজ নেটওয়ার্ক।