‘টেন্ডুলকারকে দেখে শেখো’
‘শচীন টেন্ডুলকারকে দেখে শেখো’—পাকিস্তানি ওপেনারদের আগেই এই উপদেশ দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। এবার মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদকে ওয়াসিম আকরামের টোটকা, ‘টেন্ডুলকারকে দেখে শেখো।’১৫টি টেস্ট আর ৬৯টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ হাফিজ। আহমেদ শেহজাদ নবাগত হলেও ভালো করেছেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে। ভালো ফর্মে ছিলেন হাফিজও। নিউজিল্যান্ড সফরে দুজনই পেয়েছিলেন সেঞ্চুরি। কিন্তু বিশ্বকাপে পাকিস্তানের এই ওপেনিং জুটি রান পাচ্ছে না। পাঁচ ম্যাচের জুটিতে আসা রান দেখুন—১১, ২৮, ১৬, ৫ ও ১৭।হাফিজ, শেহজাদরা ছন্দ ফিরে পাচ্ছেন না কেন? আকরাম মনে করেন, ব্যাটিং নিয়ে এই দুজনেরই নতুন করে ভাবা দরকার, ‘তাদের উচিত টেন্ডুলকারকে দেখে শেখা। ৩৮-এ দাঁড়িয়ে সে এখনো শক্তিশালী। প্রথম ১০ ওভারে সে স্রেফ স্বাভাবিক খেলাটাই খেলে এবং উইকেট উপহার দেয় না। অন্য অনেকেরও আদর্শ হতে পারে টেন্ডুলকার। পাকিস্তানি ওপেনাররা টেন্ডুলকারের কাছ থেকে শিখতে পারে কীভাবে ইনিংস গড়তে হয় এবং প্রতিকূল অবস্থা সামাল দিতে হয়।’ আকরামের কথা, রানের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসার চেয়ে উইকেট ধরে রেখে দেখে-শুনে খেলাই দলের জন্য ভালো, ‘আপনি যদি ১২-১৫ ওভারে ৫০-এর ওপর রান করেও উইকেট হাতে রাখতে পারেন, সেটাই ভালো। উইকেট হাতে থাকলে পাকিস্তানিরা শেষের ওভারগুলোতে দ্রুতই রান তুলতে পারে।’জটিতে রান আসছে না, হাফিজ-শেহজাদ নিজেদের ইনিংসটাও একটু বড় করতে পারছেন না। ১, ১৩, ১২, ১০ ও ৮—এই হচ্ছে শেহজাদের পাঁচ ইনিংস। হাফিজের পাঁচ ইনিংস—৯, ৩২, ১১, ৫ ও ৪৯। অথচ ৩৮-এ দাঁড়িয়েও শচীন টেন্ডুলকার বইয়ে দিচ্ছেন রানের ঝরনাধারা। দুই সেঞ্চুরিসহ পাঁচ ম্যাচে করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩২৪ রান, গড় ৬৪.৮০। তা দেখে আকরাম বলছেন, ‘ওর রানক্ষুধা বিস্ময়কর।’ধারাভাষ্য দিতে এখন শ্রীলঙ্কায় আছেন আকরাম। তাই কাছ থেকে দেখছেন পাকিস্তানের মাঠের পারফরম্যান্স। জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিদিদের দেখে হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আমাদের দলের আরও সক্রিয় ও মানসিকভাবে আক্রমণাত্মক হওয়া দরকার। রক্ষণাত্মক মনোভাব নিয়ে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না। আমি হতাশ যে, জিম্বাবুয়েকে আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে হারাতে পারিনি। অন্য দলগুলোর প্রতি একটা পরিষ্কার বার্তা পাঠানোর সুযোগ ছিল আমাদের।’শোয়েব আখতারকে জিম্বাবুয়ের ম্যাচে না খেলানোর কারণ হিসেবে দলের পক্ষ থেকে দুই রকম তথ্য এসেছে। আকরাম মনে করেন টিম ম্যানেজম্যান্টের এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করা উচিত, ‘একজন বলল, জিম্বাবুয়ের ম্যাচে শোয়েব বাদ পড়েছে। কোচ বললেন, সে বিশ্রামে ছিল। দুটি বিষয়ের মধ্যে বিস্তর ফারাক। বিভ্রান্তি ছড়ায় এমন ছোট বিষয়গুলো নিয়ে পাকিস্তানের কাজ করা উচিত।’ ওয়েবসাইট।