‘টেরি বনাম ব্রিজ’ ম্যাচ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি বনাম ম্যানচেস্টার সিটি? মোটেও না। আজকের ম্যাচটা হবে জন টেরি বনাম ওয়েইন ব্রিজ!পরিস্থিতি এখন যেদিকে মোড় নিয়েছে, মনে হচ্ছে, সিটি ডিফেন্ডার ব্রিজ তাঁর জীবনের এক নম্বর শত্রু হিসেবে বেছে নিয়েছেন চেলসি ডিফেন্ডার টেরিকেই। টেরি একসময় বন্ধুই ছিল তাঁর। দুজনে দীর্ঘদিন খেলেছেন চেলসিতে। গত বছর চেলসি থেকে প্রথমে ধারে ফুলহামে, এরপর পাকাপাকিভাবে ব্রিজ চলে এসেছেন সিটিতে।সমস্যা অন্য জায়গায়। ব্রিজ ঘর বেঁধেছিলেন ফরাসি মডেল ভেনেসা পেরনসেলের সঙ্গে। তিন বছর বয়সী একটা ছেলেও আছে তাঁদের। সেই পেরনসেলের সঙ্গে সম্পর্কের সেতু ভেঙে পড়েছে ব্রিজের। ব্রিটিশ মিডিয়ার একাংশের দাবি, পেরনসেলের একাকিত্বের সেই অসহনীয় দিনগুলোর ‘ফায়দা’ নিয়েছিলেন জন টেরি! বউয়ের কাছে লুকিয়ে পেরনসেলের সঙ্গে চার মাস প্রেম করেছেন তখনকার ইংলিশ অধিনায়ক।এ নিয়ে কোর্ট-কাচারি পর্যন্ত হলো। যা কিছু রটে তার কিছুটা তো বটেই। টেরির ক্ষেত্রে রটনার বেশির ভাগটাই সত্যি বলেই প্রমাণ হয়ে গেল। জাতীয় দলের পদ থেকে তাঁকে সরিয়ে দিলেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। এই ঘটনার হালনাগাদ তথ্য হলো, টেরির সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ইংল্যান্ডের রক্ষণভাগ সামলানো সম্ভব নয় বলে জাতীয় দল থেকেই সরে দাঁড়িয়েছেন ব্রিজ! কিন্তু টেরিকে আর এড়াতে পারলেন কই! আজ তো ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে একে অন্যের মুখোমুখি। চেলসির (৬১ পয়েন্ট) জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, এক নম্বর জায়গাটা পাকাপোক্ত করার। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্টের। আর সিটির কাছে ম্যাচের গুরুত্ব চার নম্বরে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার সুযোগ হিসেবে (৪৬ পয়েন্ট)। আপাতত এক পয়েন্ট পেলেও পাঁচ থেকে চারে উঠে যাবে তারা। কিন্তু তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে টটেনহাম (৪৬), লিভারপুল (৪৫) আর অ্যাস্টন ভিলা (৪৫ পয়েন্ট)।চেলসির জন্য ম্যাচটা আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে গত ম্যাচেই ইন্টার মিলানের কাছে হেরে এসেছে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া গোলরক্ষক পিওতর চেক মৌসুমের শেষ প্রান্তে সামনের বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ‘পিওতরকে হারানো আমাদের জন্য বিরাট ধাক্কা’—স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। মাঠের বাইরের উটকো ঝামেলা নিয়ে মাথা ঘামানোর একদমই সময় নেই মিলানের সাবেক কোচের। আনচেলত্তি পুরোনো প্রতিদ্বন্দ্বীর দেখাও পাবেন আজ। ডাগআউটে তাঁর পাশেই থাকবেন ইন্টারের সাবেক কোচ রবার্তো মানচিনি। মার্ক হিউজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর দারুণ শুরু করা এই ইতালিয়ান এখন আছেন চাপের মুখে। সব টুর্নামেন্ট মিলে গত আট ম্যাচে মাত্র দুটো জয় পেয়েছে সিটি। অধৈর্য হয়ে পড়া মানচিনি ফর্মে থাকা কার্লোস তেভেজকে আর্জেন্টিনা থেকে দ্রুত ফেরার তাগিদও দিয়ে রেখেছিলেন। সুখবর হলো, তেভেজ আজ খেলবেন। অন্য ম্যাচে আজ আর্সেনাল মুখোমুখি স্টোক সিটির। এএফপি।