‘টেরি বর্ণবাদী নন’
বন্ধুর পাশে দাঁড়িয়েছেন অ্যাশলে কোল। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিয়ে কোল জানিয়েছেন, জন টেরির বিরুদ্ধে বর্ণবাদের মামলা করা উচিত হয়নি। তিনি জানিয়েছেন, জন টেরি কখনোই একজন ‘বর্ণবাদী’ ব্যক্তি নন।কুইন্স পার্ক রেঞ্জার্সের খেলোয়াড় অ্যান্টন ফার্দিনান্দকে টেরি বর্ণবাদী মন্তব্য করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা এখন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। গতকাল বুধবার এই মামলায় টেরির পক্ষে সাক্ষ্য দিতে এসে চেলসি ডিফেন্ডার কোল বলেছেন, টেরির বিরুদ্ধে অভিযোগ যা-ই আসুক, তা কখনোই আদালতে নিয়ে আসা উচিত হয়নি।কোল বলেন, ‘অন্যের বলা কোনো বাক্য যদি আপনি পুনরায় বলেন, সেটা নিজে যেকোনো কিছু বলার চেয়ে ভিন্ন।’ জন টেরি সম্পর্কে কোল আরও বলেন, ‘টেরি খুবই ঠান্ডা মাথার একজন খেলোয়াড় এবং মাঠে সে সব সময়ই দলকে উজ্জীবিত করে থাকে। যেকোনো খেলোয়াড়ি কটু-কাটব্যে অন্যেরা যখন মাথা গরম করে, টেরি তখন মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলে যায়।’আদালতে কোল বলেন, ‘আমি টেরিকে যতটুকু চিনি, তাতে এ কথা জোর দিয়েই বলতে পারি, সে কোনোমতেই বর্ণবাদী ব্যক্তি নয়।’এদিকে এক লিখিত বিবৃতিতে চেলসির সাবেক কোচ ও বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা হোসে মরিনহো বলেছেন, জন টেরির সঙ্গে দলের অন্যান্য খেলোয়াড়ের সম্পর্ক সব সময়ই খুব চমত্কার থাকে এবং সে কোনোভাবেই বর্ণবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়।কোচ হিসেবে জন টেরিকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে মরিনহোর বক্তব্য, ‘আমি কখনোই টেরিকে বর্ণবাদী কোনো মন্তব্য করতে ও কারও প্রতি বর্ণবিদ্বেষী আচরণ করতে দেখিনি।- মরিনহো বলেন, ‘আমি জানি, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বর্ণবাদ-বিরোধী কার্যক্রমে টেরি একজন সক্রিয় কর্মী। আমি নিশ্চিত টেরি বর্ণ-বিদ্বেষী নন।’গত অক্টোবর মাসে কুইন্স পার্ক রেঞ্জার্স ও চেলসির মধ্যকার একটি খেলায় জন টেরি রেঞ্জার্সের মিশ্র বর্ণের খেলোয়াড় অ্যান্টন ফার্দিনান্দকে বর্ণবাদী মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে এই সপ্তাহে ইংলিশ ডিফেন্ডারের বিরুদ্ধে বিচার শুরু হয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালতে। টেরির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠায় ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করতে পারেননি। এই মামলার বাদী রেঞ্জার্সের খেলোয়াড় অ্যান্টন ফার্দিনান্দ সাবেক ইংলিশ ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় রিও ফার্দিনান্দের ভাই। রয়টার্স।