‘টেস্ট ক্রিকেটকে প্রহসন বানিয়েছেন ধোনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র ছিলেন জহির খান। কিন্তু ইনজুরির কবলে পড়ে দ্বিতীয় দিনে তিনি বোলিং করতে না পারায় বেশ ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একপর্যায়ে গ্লাভস-প্যাড খুলে নিজেই নেমে পড়েছিলেন বল হাতে। কেভিন পিটারসেনের উইকেটটাও প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু সে যাত্রা রেফারেলের সাহায্য নিয়ে বেঁচে যান পিটারসেন। তবে ধোনির এই বোলারের ভূমিকা নিয়ে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। উইকেট কিপিং ছেড়ে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ধোনি টেস্ট ক্রিকেটকে রীতিমতো প্রহসনে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।গতকাল এক সাক্ষাত্কারে কপিল দেব বলেছেন, ‘উইকেট কিপিং ছেড়ে নিজেই বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ধোনি টেস্ট ক্রিকেটকেই একটা প্রহসনে পরিণত করেছে। একটা টেস্টের দ্বিতীয় দিনে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। সে কোনোভাবেই এটা করতে পারে না।’ পুরোপুরি ফিট না হওয়ার পরও লর্ডস টেস্টে মাঠে নামায় পেসার জহির খানেরও কড়া সমালোচনা করেছেন কপিল। তিনি বলেছেন, ‘টেস্টে এক দিনে ২০ ওভার বল করা খুবই কষ্টকর। পুরো ঘটনার জন্য জহির খানই অনেকাংশে দায়ী। সেই দলকে বিপদের মুখে ফেলে দিয়েছে। টেস্ট ক্রিকেটে ফেরার আগে নিজের ফিটনেস সম্পর্কে তার ধারণা থাকা উচিত ছিল। জহিরই ভারতের এই লর্ডস টেস্টটা জেতার সম্ভাবনা নষ্ট করেছে।’গতকাল লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে আট ওভার বল করেছিলেন ধোনি। পিটিআই।