‘টেস্ট স্ট্যাটাসের প্রমাণ দিতে হবে ভারতকে’
মাত্র কয়েক দিন আগেই বিশ্বকাপ জিতে ওয়ানডে ক্রিকেটের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভারত। টেস্ট ক্রিকেটেও আইসিসির র্যাঙ্কিংয়ে তারাই এখন ১ নম্বর দল। সেই ভারতকেই নিজেদের টেস্ট স্ট্যাটাসের যোগ্যতা প্রমাণ করতে হবে বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বোথাম।ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদপত্র মিরর এর এক কলামে তিনি লিখেছেন, ‘ভারত এখন বিশ্বের সেরা দল। আর তারা সেই জায়গাটা করে নিয়েছে খুব ভালো খেলেই। কিন্তু তারা বেশির ভাগ টেস্ট সিরিজ জিতেছে নিজেদের মাটিতে। তাদের শেষ ছয়টি সফরের মধ্যে দেশের বাইরে তারা শুধু হারিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে। এখন এটা বলাই যায় যে আগামী ইংল্যান্ড সফরে তাদের নিজেদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির যোগ্যতাটা সবার কাছে প্রমাণ করতে হবে।’আগামী জুলাইয়ে ৪ ম্যাচের একটি টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। সেখানে তারা ৫ ম্যাচের একটা ওয়ানডে সিরিজও খেলবে। ভারতের টেস্ট স্ট্যাটাসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও আইসিসির র্যাঙ্কিং নিয়ে কোনো কটূক্তি করেননি বোথাম। তবে ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলটাই তাঁর কাছে সেরা বলে মনে হয়—এটা তিনি বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন। বলেছেন, ‘ইংল্যান্ড এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সেরা দল। আর তারা নিশ্চয়ই এটা বেশ ভালোমতোই প্রমাণ করতে পারবে। শেষ সাতটা সিরিজের মধ্যে ছয়টাতেই জয় পেয়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। আর ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সাফল্যটা তো আছেই।’ পিটিআই।